মনিরুল ইসলাম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২০:৪৮ পিএম
নাচোল উপজেলার নেজামপুরের দিঘিপাড়া গ্রামে পুকুরে ভেঙে পড়েছে প্রায় ৪০০ ফুট পাকা সড়ক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুরের দিঘিপাড়া গ্রামে পুকুরে ভেঙে পড়েছে প্রায় ৪০০ ফুট পাকা সড়ক। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন শতাধিক পরিবারের সদস্য ও স্কুলগামী শিক্ষার্থীরা।
বিশেষ করে বিনোদ বিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ভাঙা সড়ক দিয়ে। বর্ষায় বাড়ে দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা। এলাকাবাসীর অভিযোগ, প্রটেকশন ওয়াল নির্মাণ হলেও বছরের পর বছর সংস্কার হয়নি গুরুত্বপূর্ণ এই সড়কটি। দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে থেকেই পুকুরটিতে প্রটেকশন ওয়াল না থাকায়, পুকরে ভেঙ্গে পড়ে সড়কটি। ২০২২ সালে এটি নিয়ে বিভিন্ন পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হলে ইউনিয়ন পরিষদ এবং পুকুর মালিকের যৌথ সহযোগীতায় প্রটেকশন ওয়াল বাঁধা হলেও এখন পর্যন্ত মেরামত হয়নি সড়কটি।
সরজমিনে গিয়ে দেখা যায়, নেজামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দিঘিপাড়া গ্রামের এই সড়কটি নাচোল-আমনুরা প্রধান সড়কের নেজামপুর বাজার থেকে কয়েকশ ফুট দক্ষিণ দিক থেকে শুরু হয়ে পূর্বদিকে গ্রামের মধ্যে দিয়ে স্কুল ঘেঁষে নেজামপুর টু হাটবাকইল সড়কে মিলিত হয়েছে। প্রায় এক কিলোমিটার দৈর্ঘের সড়কটির প্রায় ৪০০ ফুটই ভেঙে পড়েছে। ফলে এই সড়ক দিয়ে কোন গাড়ী চলাচল করতে পারেনা। ফলে বাধ্যে হয়েই এই গ্রামের শতাধিক পরিবারকে ঝুঁকির মধ্যে দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে। সবচাইতে বেশি ঝুঁকিতে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা।
দিঘিপাড়া গ্রামের ভ্যান চালক কবির আলী বলেন, গুরুত্বপূর্ণ সড়কটির আমাদের প্রয়াত মেম্বার মেরামত করতে চেয়েছিলেন। তার পূর্বে অনেকবার ইউএনও'কে বলেও কোন লাভ হয়নি। ৪০০ ফুট সড়কটি ভেঙে যাওয়ায় এখন ১ কিলোমিটার পথ ঘুরে বাজারে যেতে হয়। একই গ্রামের তাহেরা বেগম বলেন, আমার বাড়ির সামনেই সড়কটি। একদিকে নিজেদের অন্যদিকে স্কুলের শিশুদের সমস্যার মধ্যে দিয়ে নিয়মিত যাতায়াত করতে হয়। সরকার দ্রুত যেন সড়কটি সংস্কার করে দেন।
বিনোদন বিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় ছাত্র-ছাত্রীরা হেঁটে আসতে হয়, কোন যানবাহন ব্যবহার করতে পারেনা। বিশেষ করে বর্ষাকালে দুশ্চিন্তায় থাকি যে, ছোট ছোট শিশুরা কোনভাবে যদি পুকুরে পড়ে যায়, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শিক্ষার্থী, গ্রামবাসীসহ পথচারীদের দুর্ভোগ কমাতে সড়কটি মেরামতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক বলেন, সড়কটি তৈরীর সময় প্রটেকশন ওয়াল না বেঁধে পাকাকরণ হয়েছিল। প্রায় ৫বছর পূর্বে ইউপি ও এলজিইডি সমন্বয়ে প্রটেকশন ওয়াল বেঁধে দিয়েছিলাম কিন্তু সড়কটি এখনও মেরামত হয়নি।
এবিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী সাদিকুল ইসলাম জানান, আমি ছুটিতে, সড়কটির বিষয়ে জানা নেই। অফিসে এসে দেখার পর ব্যবস্থা গ্রহণ করবো।