শফিকুল ইসলাম, ইটনা (কিশোরগঞ্জ)
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২০:৪৬ পিএম
ইটনা হাওরে নির্ধারিত সময়ের আগেই বর্ষার পানি নেমে যাওয়ায় বোরো আবাদ শুরুর আগেই বিপাকে পড়েছেন কৃষকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ইটনা হাওরে নির্ধারিত সময়ের আগেই বর্ষার পানি নেমে যাওয়ায় বোরো আবাদ শুরুর আগেই বিপাকে পড়েছেন কৃষকরা। পানির অভাবে শুকিয়ে ফেটে গেছে বীজতলার জমি, আগাছায় ভরে গেছে মাঠ।
ফলে স্যালো মেশিনে পানি তুলে বীজতলা তৈরিতে বাড়তি খরচ ও শ্রমের চাপ বাড়ছে কৃষকদের। এর মধ্যে আগের মৌসুমের ফসলহানির ক্ষত, ধানের ন্যায্যমূল্য না পাওয়া এবং সেচের বাড়তি ব্যয় নিয়ে নতুন করে দুশ্চিন্তায় হাওরবাসী। সব মিলিয়ে আসন্ন বোরো মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
হাওরের সেচের জন্য স্থাপিত বৈদ্যুতিক চালিত মটর বা ডিজেল ইঞ্জিনের সাহায্যে বিএডিসির সেচ প্রকল্পের আওতায় স্কীমগুলো চালু হবে নভেম্বরের দিকে। এ অবস্থায় বীজতলা তৈরি করতে কৃষককে খরছ করতে হবে অতিরিক্ত অর্থ। গেলো বোরো মওসুমের প্রায় শেষের দিকে অতিবৃষ্টি আর অকাল বন্যায় ফসলহানির ক্ষত না শুকাতেই এবছর মওসুম শুরু হওয়ার আগেই প্রকৃতির এই বিরূপ আচরণে দুটানায় পড়েছে হাওর পাড়ের কৃষক।
পরিসংখ্যান তথ্য অনুযায়ী, ইটনা উপজেলার আয়তন ৪০১ দশমিক ৯৩ বর্গকিলোমিটার, বোরো ধান আবাদের জন্য জমির পরিমাণ প্রায় ২৭,৪০০ হেক্টর বা ( প্রায় ২৭৪ বর্গকিলোমিটার) চাষযোগ্য জমি উপজেলার মোট আয়তনের অর্ধেকেরও বেশি। চলতি বছরে ধানের দাম না থাকায় অধিকাংশ কৃষকের গোলায় মজুদ কৃত ধান এখনও বিক্রি করতে পারছনা। আর ঋণ করে ফসলের মাঠে বিনিয়োগ করতে রাজি নয় তাঁরা। সাম্প্রতিক বিদ্যুতের ইউনিট এবং ডিজেলের মূল্য বৃদ্ধিতে উৎপাদন খরচ যে বেড়ে যাবে তা মাথায় রেখেই এগোচ্ছে হাওরের কৃষক, লাভ-ক্ষতির হিসাবটা সতর্কতার সাথেই করছে। এ মওসুমে উৎপাদনে লক্ষ মাত্রা কতোটুকু অর্জিত হবে এটাই চিন্তার বিষয় বলে মনে করেন কৃষির সাথে সংশ্লিষ্ট মহল।
এ প্রসঙ্গে ইটনা সদরের পশ্চিম গ্রামের কৃষক কাশেম মিয়া বলেন, প্রতিবছর বীজ বপন করি নভেম্বরের মাঝামাঝি সময়ে, এবার বীজতলা শুকিয়ে কাঠ হয়ে হয়েছে। অন্যান্য বছর এসব জমিগুলোতে পানি থাকতো সহজেই বীজতলা প্রস্তুত করা যেতো, এবছর স্যালো মেশিনে পানি তুলে পাওয়ারটিলার দিয়ে মাটি ভেঙে বীজতলা প্রস্তুতে বাড়তি খরচতো হবেই পরিশ্রমও হবে দ্বিগুণ।
বিএডিসির ক্ষুদ্র সেচ প্রকল্পের সহকারী প্রকৌশলী শাওন মালাকার জানান, খুব দ্রুতই আমরা সেচ প্রকল্পগুলো চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
উপজেলা কৃষি অফিসার বিজয় কুমার হালদার বলেন, এ অঞ্চলের কৃষকরা একটু দেরীতেই (নভেম্বরের মাঝামাঝি সময়ে) বীজতলা তৈরি করেন। উপজেলার সকল ডিলারদের কাছে পর্যাপ্ত বীজ সরবরাহ করা হয়েছে, কৃষকরা যখনি চাইবে তাঁরা বীজ নিতে পারবেন।