শাহজালালের তৃতীয় টার্মিনাল
জোসনা জামান
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১১:৪৫ এএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ছবি: সংগৃহীত
প্রায় তিন হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঝুঁকি এড়াতে একেবারে শেষ মুহূর্তে এসে ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (প্রথম পর্যায়)’ প্রকল্পে তৃতীয় সংশোধন প্রস্তাব অনুমোদন করতে হয়েছে। এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে বিমানবন্দরটির থার্ড টার্মিনাল। তবে প্রকল্পটি মাঝপথে বন্ধ থাকায় ঠিকাদারের বকেয়া মেইনটেন্যান্স বিল নিয়ে সমস্যা দেখা দেয়। ঠিকাদারের পক্ষ থেকে বন্ধ ৩০ মাসের বকেয়া মেইনটেন্যান্স ও যন্ত্রপাতি চালু রাখার ব্যয় বাবদ ৯০২ কোটি টাকা দাবি করা হয়। কিন্তু এই বকেয়া টাকা পরিশোধ না করায় আন্তর্জাতিক আদালতে মামলা এবং তাতে হেরে গেলে ঠিকাদারকে ২ হাজার ৯৬৭ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঝুঁকি তৈরি হয়। এ পরিস্থিতি এড়াতে বাধ্য হয়েই প্রকল্পটির তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়। গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রাহমান।
এ প্রসঙ্গে পরিকল্পনা সচিব এসএম শাকিল আকতার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সংশোধনীটি প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কেননা সংশোধনীটি করা না গেলে ঠিকাদারের পাওনা পরিশোধ করে প্রকল্পটি সুষ্ঠুভাবে শেষ করা যাচ্ছিল না। যৌক্তিক কারণেই একনেকে এর তৃতীয় সংশোধনী প্রস্তাব উপস্থাপন ও অনুমোদন দেওয়া হয়।’
তৃতীয় সংশোধনীর মাধ্যমে প্রকল্পটির ব্যয় বেড়েছে ৮৪৭ কোটি ৫৭ লাখ টাকা। তবে এটির মেয়াদ আর বাড়ানো হয়নি। আগের বর্ধিত মেয়াদ ২০২৭ সালের জুনের মধ্যেই প্রকল্পটি শেষ করা হবে। ‘অপারেশনাল রেডিনেস এয়ারপোর্ট ট্রান্সফার’ প্রক্রিয়া শিগগিরই শুরু হবে এবং আগামী ডিসেম্বরের মধ্যে বিমানবন্দরটির থার্ড টার্মিনাল উদ্বোধন করা সম্ভব হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, মূল প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি ৪৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ৩৯৫ কোটি ৬৮ লাখ টাকা এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে ১১ হাজার ২১৪ কোটি ৭৮ লাখ ২৬ হাজার টাকা ঋণ নেওয়ার কথা ছিল। প্রকল্পের মেয়াদ ছিল ২০১৬ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত। কিন্তু আন্তর্জাতিক দরপত্রে প্রাপ্ত সর্বনিম্ন বৈধ দরদাতার উদ্ধৃত দরের ভিত্তিতে প্রকল্পটিতে প্রথম সংশোধন আনা হয়। এ সময় মোট ব্যয় বেড়ে দাঁড়ায় ২১ হাজার ৩৯৯ কোটি ৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ২৫৮ কোটি ৩ লাখ টাকা এবং জাইকা থেকে ঋণ হিসেবে ১৬ হাজার ১৪১ কোটি ২ লাখ টাকা আসার কথা ছিল। পাশাপাশি মেয়াদ তিন বছর বাড়িয়ে করা হয়েছিল ২০২৫ সালের জুন পর্যন্ত। এতে প্রকল্প ব্যয় ৫৭ শতাংশ বেড়ে যায়। এরপরও কাজ শেষ না হওয়ায় প্রকল্পটির ব্যয় না বাড়িয়ে মেয়াদ ১ বছর বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত করা হয়।
দ্বিতীয় সংশোধন প্রকল্পে ব্যয় প্রায় শূন্য দশমিক ১৬ শতাংশ কমানোর ফলে মোট ব্যয় দাঁড়ায় ২১ হাজার ৩৬৫ কোটি ৫১ লাখ ৮৩ হাজার টাকা। মেয়াদ ধরা হয় ২০২৭ সালের জুন পর্যন্ত। কিন্তু বর্তমানে প্রকল্পের মেইনটেন্যান্স কাজের ব্যয় অন্তর্ভুক্ত করে অঙ্গভিত্তিক ব্যয় বাড়া বা কমার জন্য মোট ২২ হাজার ২১৩ কোটি ৯ লাখ টাকা ব্যয় ধরে প্রকল্পটির তৃতীয় সংশোধন প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে জাইকার ঋণ ধরা হয়েছে ১৭ কোটি ৯ লাখ ৭১ হাজার এবং সরকারি তহবিল থেকে আসবে ৫ হাজার ১১৫ কোটি ৯৭ লাখ টাকা।
অনুসন্ধানে জানা গেছে, একনেক বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রকল্পটি একবার বন্ধ হওয়ার পর পুনরায় চালু করা হয়। এতে ঠিকাদারের ৩০ মাসের বকেয়া মেইনটেন্যান্স ও যন্ত্রপাতি চালু রাখার ব্যয় বাবদ মোট ৯০২ কোটি টাকা হিসাব করা হয়েছিল। পরে পরিকল্পনা কমিশন ব্যয় কমানোর পরামর্শ দিলে কর ও ভ্যাট বাদ দিয়ে তা নিট ৮৪৭ কোটি ৫৭ লাখ ৮০ হাজার টাকায় নির্ধারণ করা হয়। এটি অনুমোদিত হলে ‘অপারেশনাল রেডিনেস এয়ারপোর্ট ট্রান্সফার’ প্রক্রিয়া শুরু করা যাবে এবং ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বিমানবন্দরটি উদ্বোধন করা সম্ভব হবে। তিনি বলেন, ঠিকাদার যদি সমঝোতায় না এসে পুনরায় ডিসপুট বোর্ড বা আরবিট্রেশনে যায়, তবে দেশের ২ হাজার ৯৬৭ কোটি টাকা ক্ষতির ঝুঁকি রয়েছে। তাই প্রকল্পটির সংশোধন প্রস্তাব অনুমোদন করা প্রয়োজন।
এ পর্যায়ে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান বলেন, আন্তর্জাতিক আরবিট্রেশনে গেলে আইনি দুর্বলতার কারণে হেরে যাওয়ার আশঙ্কা থাকে। এতে অনেক বেশি অর্থ জরিমানার মুখোমুখি হতে হয়। এই ঝুঁকি এড়াতে প্রকল্পটির সংশোধন করা যেতে পারে। এসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান বলেন, সব দিক বিবেচনায় প্রস্তাবটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হওয়ায় প্রকল্পটির সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হলো।
একনেক বৈঠকে সংশোধনী প্রস্তাব উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. নেয়ামত উল্লা ভূঁইয়া। তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ বিমান পরিবহনের চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।