× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঙ্গু হাসপাতাল নিজেই পঙ্গু

হাসনাত শাহীন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ০৯:৩১ এএম

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হেমন্তের সকাল সাড়ে সাতটা। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) বা পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের সামনে কোলে পাঁচ বছরের শিশু সানাউলকে নিয়ে ছুটছেন এক নারী। খেলতে গিয়ে শোকেসের কাচে আঘাত লেগে সানাউলের ডান হাতের রক্তনালি কেটে যায়। বরিশাল থেকে সারা রাত যাত্রা করে সকাল ৬টায় ঢাকায় পৌঁছেন তারা। ঢাকা মেডিকেল ঘুরে পঙ্গু হাসপাতালে এসে চিকিৎসা প্রক্রিয়ার শুরুতে স্বস্তি পেয়েছেন শিশুটির মা-বাবা।

তবে সানাউলের এই স্বস্তির ঠিক বিপরীত চিত্রও রয়েছে এই হাসপাতালে। শরীয়তপুর থেকে আসা রোগী ইব্রাহিম সরদারের অভিযোগ, এক্স-রে রিপোর্ট নিতে গিয়ে সরকারি ফির বাইরে তার কাছে চা-নাশতার জন্য অতিরিক্ত টাকা দাবি করা হয়েছে। ঝিনাইদহ থেকে আসা আরেক আহত রোগীর দাবি, চিকিৎসকেরা ভালো হলেও রোগীর অতিরিক্ত চাপের কারণে প্রয়োজনের সময় দ্রুত ডাক্তার বা নার্স পাওয়া যায় না।

সরেজমিনে রোগী, কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের প্রধান বিশেষায়িত এই অর্থোপেডিক হাসপাতালে সংকটের শেষ নেই। প্রতিদিন বহির্বিভাগে প্রায় দেড় হাজার রোগীর চাপ সামলাতে হচ্ছে তাদের। শয্যার তুলনায় পাঁচ শতাধিক বেশি রোগী, জায়গার তীব্র সংকট, চিকিৎসক-নার্সের ঘাটতি এবং প্রভাবশালীদের সুপারিশের চাপে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসাসেবা। সেই সঙ্গে সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও রয়েছে।

প্রভাবশালীদের সুপারিশে বঞ্চিত গ্রামের রোগীরা

চিকিৎসকেরা জানান, হাসপাতালে আসা প্রায় সব রোগী ও স্বজনের আচরণ ভালো হলেও, সমস্যা তৈরি হয় রাজনৈতিক ও প্রভাবশালী মহলের সুপারিশে। সিরিয়াল ভেঙে কাউকে চিকিৎসা দেওয়ার অনুরোধ এলে অপেক্ষমাণ রোগীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, সবচেয়ে খারাপ লাগে তখন, যখন দেখি গ্রামের এক রোগীর ভর্তি হওয়া খুব জরুরি; কিন্তু প্রভাবশালীর চাপে এমন কাউকে ভর্তি করতে হয়, যার আসলে ততটা জরুরি নয়। তিনি মনে করেন, শয্যা বরাদ্দে স্বচ্ছতা ও চিকিৎসার প্রকৃত প্রয়োজনকেই অগ্রাধিকার দেওয়া উচিত।

দেড় হাজার রোগীর চাপ ও সক্ষমতা বাড়ানোর উদ্যোগ

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান প্রতিদিনের বাংলাদেশকে জানান, প্রতিদিন বহির্বিভাগে প্রায় দেড় হাজার রোগীর চাপ সামলানো কঠিন হলেও রোগীদের ভোগান্তি কমাতে সকাল সাড়ে ৭টা থেকেই টিকিট দেওয়া শুরু হয়। ভিড় কমাতে অনলাইনে ই-রেজিস্ট্রেশন চালু করা হয়েছে এবং ভবিষ্যতে নিবন্ধনের সময় রোগীদের নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি স্বীকার করেন, বর্তমান সক্ষমতার তুলনায় রোগীর চাপ অনেক বেশি। তাই বহির্বিভাগ, জরুরি বিভাগ ও দুর্ঘটনাজনিত আঘাতের চিকিৎসাসেবা সম্প্রসারণের প্রস্তাব তৈরি করা হয়েছে। শয্যা সংখ্যা বাড়ানোর একটি প্রস্তাবও প্রক্রিয়াধীন রয়েছে। সরকার অনুমোদন দিলে সক্ষমতা বাড়ানো সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

চিকিৎসক-নার্সের ঘাটতি ও জায়গার সংকট

পরিচালক জানান, চিকিৎসক ও নার্সের ঘাটতি থাকলেও সীমিত জনবল দিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। তবে সবচেয়ে বড় সমস্যা হলো জায়গার সংকট। রোগীর সংখ্যার তুলনায় অবকাঠামো খুবই অপ্রতুল। তিনি জোর দিয়ে বলেন, সারা দেশ থেকে রোগীদের ঢাকায় আসার প্রবণতা কমাতে বিভাগীয় শহরগুলোতে স্বতন্ত্র অর্থোপেডিক হাসপাতাল গড়ে তোলা প্রয়োজন। এতে রোগীদের শারীরিক কষ্ট, সময় ও অর্থ বাঁচবে এবং নিটোরের ওপর চাপও কমবে।

অতিরিক্ত টাকা দাবির অভিযোগ

শরীয়তপুর থেকে আসা ইব্রাহিম সরদারের অতিরিক্ত টাকা দাবির অভিযোগের বিষয়ে পরিচালক জানান, কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তার নজরেও এসেছে। এক পাশের এক্স-রে করার কথা থাকলেও দুই পাশের এক্স-রে করে চা-নাশতার নামে অতিরিক্ত টাকা চাওয়ার ঘটনা ঘটে।

এ ধরনের অনিয়ম ঠেকাতে নোটিস দিয়ে রোগীদের সতর্ক করা হচ্ছে বলে জানান পরিচালক। তিনি বলেন, সরকারি নির্ধারিত ফির বাইরে কোনো অর্থ কাউকে দেওয়া যাবে না। দালাল চক্র ঠেকাতে পুলিশ ও আনসারদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগীর ভিড়

নিটোরে এমন অনেক রোগী আসেন, যাদের চিকিৎসা প্রাথমিক বা জেলা পর্যায়ের হাসপাতালেই করা সম্ভব। যেমন, পা মচকে যাওয়া রোগীও নোয়াখালী থেকে এখানে চলে আসেন। এতে প্রকৃত জটিল রোগীদের চিকিৎসায় চাপ বাড়ে। চিকিৎসকেরা মনে করেন, জেলা ও বিভাগীয় পর্যায়ে অর্থোপেডিক চিকিৎসার সক্ষমতা বাড়ানো হলে এই সমস্যা অনেকটাই কমে যাবে।

লিম্ব সেন্টার ও আধুনিক যন্ত্রপাতি চালুর আশা

আধুনিক যন্ত্রপাতি, পর্যাপ্ত জনবল ও অবকাঠামো নিশ্চিত করার পাশাপাশি অনিয়ম রোধে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলেই পঙ্গু হাসপাতালে রোগীদের এই দীর্ঘ ভোগান্তির অবসান ঘটা সম্ভব। পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান জানান, প্রায় আট বছর ধরে বন্ধ থাকা লিম্ব সেন্টারটি আগামী এক মাসের মধ্যে চালুর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ১৫ দিনের মধ্যে এমআরআই ও সিটি স্ক্যান যন্ত্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, জয়েন্ট রিপ্লেসমেন্টসহ জটিল অস্ত্রোপচার এখন এখানেই হচ্ছে এবং উন্নত যন্ত্রপাতি সংযোজন করা গেলে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা কমবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা