× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাল তেঁতুলে ভাগ্য বদল

এআর ডাবলু, জীবননগর (চুয়াডাঙ্গা)

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ০৯:১৭ এএম

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী উপজেলা জীবননগরে সজলের বাগানে ফলেছে লাল তেঁতুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী উপজেলা জীবননগরে সজলের বাগানে ফলেছে লাল তেঁতুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী উপজেলা জীবননগর। এ উপজেলায় প্রচলিত কৃষির বাইরে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন কৃষি উদ্যোক্তা সজল। ভারতের মহারাষ্ট্র থেকে আনা থাইল্যান্ডের লাল রঙের তেঁতুল বাণিজ্যিকভাবে চাষ করছেন তিনি। এতেই ভাগ্য বদলে যাচ্ছে তার। গাছে থোকায় থোকায় ঝুলছে ফুল, কাঁচা ও পাকা ফল। বারোমাসি ফলন হওয়ায় এই তেঁতুল চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। কৃষি অফিসের পক্ষ থেকেও করা হচ্ছে সার্বিক সহযোগিতা।

রবিবার সরেজমিন জীবননগরের শিংনগরে সজলের বাগান ঘুরে দেখা যায়, গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে লাল রঙের তেঁতুল। ফলের আকর্ষণীয় রঙ হওয়ায় সহজেই সকলের নজর কাড়ছে। দেশীয় জাতের তেঁতুলের তুলনায় এর ভেতরের শাঁসের রঙ একেবারেই আলাদাÑ পাকলে গাঢ় লাল বা টকটকে রক্তবর্ণ ধারণ করে।

সজলের সঙ্গে কথা বলে জানা যায়, লাল তেঁতুল একটি লাভজনক জাত হিসেবে পরিচিত। এর বিশেষ বৈশিষ্ট্য হলোÑ এটি বারোমাসি ফল। অর্থাৎ নির্দিষ্ট কোনো মৌসুমের ওপর নির্ভরশীল নয়। ভারতের মহারাষ্ট্রে ঘুরতে গিয়ে ছাদে লাগানোর জন্য গাছ নিয়ে আসেন তিনি। পরবর্তীতে বাবার পরামর্শে এই তেঁতুলের বাগান করেন। 

তিনি জানান, লাল তেঁতুল মিষ্টি হওয়ায় সবার কাছে চাহিদা রয়েছে। একই গাছে বছরের বিভিন্ন সময়ে ফুল, কাঁচা ও পাকা ফল পাওয়া যায়। গাছ লাগানোর দুই বছর পরই তেঁতুল ধরা শুরু হয়। গাছ ছোট হওয়ায় ছাদেও রোপণ করা যায়। স্বাদ সাধারণত মিষ্টি কিংবা হালকা টক-মিষ্টি। এই তেঁতুলের আরেকটি আকর্ষণীয় দিক এর ভেতরের পাল্প। কাঁচা অবস্থায় শাঁস হালকা গোলাপি বা লালচে থাকলেও পরিপক্ব হলে তা গাঢ় লাল রঙ ধারণ করে। এ কারণে বাজারে প্রচলিত তেঁতুলের তুলনায় এটি দেখতে বেশ আকর্ষণীয়। বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা।

জীবননগরের মাটিতে নতুন এই ফলের চাষ ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি করেছে। তরুণ এই কৃষি উদ্যোক্তার প্রত্যাশা, সঠিক পরিচর্যা ও বাজারব্যবস্থা নিশ্চিত করা গেলে লাল রঙের তেঁতুল ভবিষ্যতে জীবননগরের কৃষিতে নতুন সম্ভাবনাময় হয়ে উঠতে পারে।

উদ্যোক্তারা বলছেন, গ্রাফটিং বা কলমের চারা রোপণের পর মাত্র এক থেকে দুই বছরের মধ্যেই ফলন শুরু হতে পারে। গাছ খুব বেশি বড় বা ঘন ঝোপালো না হওয়ায় বাড়ির আঙিনা অথবা ড্রাম ও বড় টবে ছাদেও এটি চাষ করা সম্ভব। 

কৃষি-সংশ্লিষ্টরা বলছেন, বারোমাসি ফলন হওয়ায় লাল তেঁতুলের বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। তবে বাজারজাতকরণ, চারা ও ফলের প্রকৃত বাজারদর এবং দীর্ঘমেয়াদি ফলন নিয়ে স্থানীয়ভাবে আরও তথ্য সংগ্রহ ও কৃষি বিভাগের পরামর্শ নেওয়া প্রয়োজন।

উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, কৃষি উদ্যোক্তার হাত ধরে এ উপজেলার অনেক দেশি-বিদেশি প্রজাতির ফল চাষ হচ্ছে। নতুন করে লাল রঙের তেঁতুল চাষ হচ্ছে। বাজারেও এর চাহিদা রয়েছে। অল্প সময়ে লাভজনক চাষ হওয়ায় সবাই আগ্রহী হচ্ছে। আশা করি লাল তেঁতুল চাষ করে একদিকে যেমন বেকার সমস্যা লাঘব হবে, অন্যদিকে বেকার যুবক উদ্যোক্তারা আর্থিকভাবে লাভবান হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা