মাদক ঠেকাতে কারবারিদের বিরুদ্ধে এবার অর্থ পাচার মামলায় জোর দিচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রনণ অধিদপ্তর। ছবি: সংগৃহীত
মাদক ঠেকাতে কারবারিদের বিরুদ্ধে এবার অর্থ পাচার মামলায় জোর দিচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রনণ অধিদপ্তর (ডিএনসি)। মাদক কারবারের সঙ্গে অর্থ পাচারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ২০১২ সালে সরকার অধিদপ্তরকে এই মামলা করার ক্ষমতা দিয়েছিল। অধিদপ্তর অবশ্য বিগত বছরগুলোয় এ মামলা খুব কমই করেছে। তবে সম্প্রতি অধিদপ্তরের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে মাদকপ্রবণ হিসেবে চিহ্নিত জেলাগুলোতে মামলা করার বিষয়টিকে এড়িয়ে যাওয়া হবে না। বরং মাদকপ্রবণ হিসেবে চিহ্নিত জেলাগুলোর মাদক কারবারিদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এ সংক্রান্ত মামলা করা হবে।
ডিএনসির তালিকায় দেশের সবচেয়ে মাদকপ্রবণ জেলা ২৪টি। তবে ২০১৮ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত মাত্র পাঁচটি জেলার নয়টি থানায় শীর্ষ কয়েকজন মাদক কারবারির বিরুদ্ধে অর্থ পাচার মামলা হয়েছে।
ডিএনসির আইন কর্মকর্তা মো. আশরাফুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সব বিভাগে এ মামলা করা না গেলেও বেশ কিছু ঘটনা অধিদপ্তরের তদন্তাধীন। তদন্ত শেষ হলে এবং মামলা রুজু করা হলে মামলার সংখ্যা বাড়বে; পাশাপাশি অনেক মাদক কারবারি আইনের আওতায় আসবে।’ তিনি জানান, শুধুমাত্র রাজশাহী বিভাগেই অর্থ পাচারের ৬টি মামলা করেছে অধিদপ্তর। বিভিন্ন মামলায় উচ্চ আদালত পলাতক কারবারিদের সম্পদ রক্ষণাবেক্ষণে রিসিভার নিয়োগ করেছে।
ডিএনসির সভায় সিদ্ধান্ত হয়, যেসব জেলা মাদকপ্রবণ এবং যেখানে অর্থ পাচার মামলা নেই, কিন্তু মামলা করার মতো পর্যাপ্ত তথ্য-উপাত্ত রয়েছে, সেখানে মাদক কারবারিদের বিরুদ্ধে অর্থ পাচার মামলা করার লক্ষ্যে কার্যকর তদন্ত কার্যক্রম চালাতে হবে। কর্মকর্তাদের প্রতিটি বিভাগে অন্তত দুই থেকে তিনটি অর্থ পাচার মামলার তদন্ত শুরু বা মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ পাচার সংক্রান্ত প্রতিটি মামলার সব কার্যক্রম তদারক করতে হবে। কোনো বাধা এলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। এখতিয়ারভুক্ত মামলার তদারকি/পর্যবেক্ষণ করবেন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক।
ডিএনসি সূত্র জানায়, মাদকের মামলায় আদালত থেকে কারবারিরা প্রায়ই জামিন পান। তবে অর্থ পাচারের সুনির্দিষ্ট, পর্যাপ্ত ও যথাযথ প্রমাণ সংগ্রহ করে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে মামলা করা গেলে মাদকের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ সম্ভব হবে।
সূত্র জানায়, অধিদপ্তর ২৭টি অর্থ পাচার বিষয়ে অনুসন্ধান করছে। অনুসন্ধান শেষ হলে মামলা করে তদন্ত চালানো হবে। এর বাইরে চারটি মামলা বিচারাধীন, পাঁচটি তদন্তাধীন। বিচারাধীন চার মামলার অভিযোগপত্রে প্রায় ১০০ কোটি ৩৯ লাখ টাকার অবৈধ আর্থিক লেনদেনের তথ্য আছে। মামলাগুলো হয়েছে চট্টগ্রামের হালিশহর থানায় ২০১৮ সালের ১১ জুন, পাহাড়তলী থানায় ২০১৯ সালের ১ মে, ঢাকার ওয়ারী থানায় ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি এবং রংপুরের তাজহাট থানায় ২০২৩ সালের ৯ মার্চ।
তদন্তাধীন পাঁচ মামলার মধ্যে রাজধানীর গুলশান থানায় মামলা হয়েছে ২০২৫ সালের ৯ মার্চ। রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় দুটি মামলা হয়েছে ২০২৬ সালের ২৬ জানুয়ারি ও ৮ ফেব্রুয়ারি। ঢাকার ধামইরহাট থানায় গত ১৫ মার্চ এবং চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১৬ জুন মামলা হয়েছে।
সবচেয়ে মাদকপ্রবণ জেলা
ডিএনসির তালিকায় দেশের সবচেয়ে মাদকপ্রবণ জেলাগুলো হচ্ছেÑ ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, রাজশাহী, পাবনা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা। এর মধ্যে ১৮টি জেলার ১০৫টি এলাকা মাদক পাচারের প্রধান ট্রানজিট রুট হিসেবে চিহ্নিত করেছে অধিদপ্তর।
মাদক পাচারের প্রধান রুটসমূহ
পাচারের প্রধান পথগুলো হচ্ছেÑ পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া, দেবহাটা, ভোমরা, কাকডাঙ্গা ও পলাশপোল; যশোরের বেনাপোল, পুটখালী, চৌগাছা, নারায়ণপুর ও শার্শা; চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা, দর্শনা ও জীবননগর এবং মেহেরপুরের দারিয়াপুর ও বুড়িপোতা প্রধান পথ। উত্তর ও উত্তর-পশ্চিমে রাজশাহীর মনিগ্রাম, চারঘাট, সরদহ, গোদাগাড়ী ও বাঘা দিয়ে পথ গেছে। পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, শাহবাজপুর, বিনোদপুর, সোনামসজিদ স্থলবন্দর ও কানসাট এলাকায় কারবারিদের তৎপরতা বেশি। জয়পুরহাটের পাঁচবিবিকে বলা হয়েছে প্রধান ট্রানজিট পয়েন্ট। দিনাজপুরের ঘোড়াঘাট, ফুলবাড়ী, বিরামপুর ও হিলিসহ বিভিন্ন পথে ঘন নেটওয়ার্ক রয়েছে। পূর্ব ও উত্তর-পূর্বে ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে আছেÑ সিলেটের জকিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার করিমপুর, কসবা ও আখাউড়া, কুমিল্লার চৌদ্দগ্রাম, বুড়িচং ও বিবিরবাজার এবং ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম। উত্তরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, রৌমারী ও নাগেশ্বরী এবং লালমনিরহাটের আদিতমারী, পাটগ্রাম এবং বুড়িমারীও পাচারকাজের ঝুঁকিতে আছে। শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার সীমান্তবর্তী ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও হালুয়াঘাটও এর বাইরে নয়। দক্ষিণ-পূর্বে কক্সবাজারে সেন্টমার্টিন দ্বীপ, টেকনাফের শাহপরীর দ্বীপ, উখিয়া, বালুখালী ও নয়াপাড়াসহ বিভিন্ন স্থানে এর বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।
ডিএনসি সূত্রে জানা গেছে, দেশে মাদক কারবারে জড়িত ২৩ হাজার ১৪৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪ হাজার ৮৪৯, চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ৭৭৬, রাজশাহী বিভাগে ৪ হাজার ২৬৫, খুলনায় ৩ হাজার ২০৬, রংপুরে ২ হাজার ১, ময়মনসিংহে ১ হাজার ৬০৯, সিলেটে ১ হাজার ১৯৭ এবং বরিশালে ১ হাজার ২৩৭ জন। শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে এই কারবারিরা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছে মাদকসামগ্রী। মাদকাসক্তের সংখ্যা প্রায় ৮৫ লাখ। যা দেশের মোট জনসংখ্যার ৫.৮৯ ভাগ। ভারত ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশের ১৮টি জেলার ১০৫টি পয়েন্ট দিয়ে ঢুকছে গাঁজা, হেরোইন, ফেনসিডিল, ক্রিস্টাল মেথ, ইয়াবা, ব্লু আইসসহ ২৪ ধরনের মাদক। বড় চালান যাচ্ছে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে। ঢাকার ৩০০ স্পটে মাদক দেদার বিক্রি হচ্ছে।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডিএনসি সারা দেশে ৮২ হাজার ৬২৫টি অভিযান চালিয়েছে। এসব অভিযানের পর মামলা হয়েছে ২৫ হাজার ২১টি, আসামি ২৬ হাজার ২৭০ জন।