× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইবার হামলার আশঙ্কা, এখনও ঝুঁকি দেখছে বাংলাদেশ ব্যাংক

আহমেদ তোফায়েল

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ২২:২৮ পিএম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট টানা তিন দিন বন্ধ থাকায় ব্যাংকিং খাতের নির্দেশনা, প্রজ্ঞাপন, নীতিমালা ও পরিসংখ্যান সংগ্রহে সমস্যায় পড়েছেন সাংবাদিক, গবেষক, ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট টানা তিন দিন বন্ধ থাকায় ব্যাংকিং খাতের নির্দেশনা, প্রজ্ঞাপন, নীতিমালা ও পরিসংখ্যান সংগ্রহে সমস্যায় পড়েছেন সাংবাদিক, গবেষক, ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট টানা তিন দিন বন্ধ থাকায় ব্যাংকিং খাতের নির্দেশনা, প্রজ্ঞাপন, নীতিমালা ও পরিসংখ্যান সংগ্রহে সমস্যায় পড়েছেন সাংবাদিক, গবেষক, ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তারা। আন্তর্জাতিক পর্যায়ে সাইবার নিরাপত্তা নিয়ে সতর্কতা জারির পর ২২ অক্টোবর থেকে ওয়েবসাইটটি বন্ধ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল শনিবার পর্যন্ত সেটি চালু হয়নি। কর্তৃপক্ষ বলছে, সাইবার হামলার ঝুঁকি এখনও রয়েছে। নিরাপত্তা যাচাই শেষ না হওয়া পর্যন্ত ওয়েবসাইট চালুর নির্দিষ্ট সময়ও জানানো হয়নি।

ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে স্বাভাবিক তথ্য ও সেবার পরিবর্তে রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত বার্তা দেখা যাচ্ছে। সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধ ও প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। তবে অনলাইন পোর্টাল বন্ধ থাকলেও বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের প্রযুক্তিগত যোগাযোগ ও নিয়মিত ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তারা কাজ করছেন। সম্ভাব্য ঝুঁকি যাচাই ও প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নেওয়ার পর ওয়েবসাইটটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও সাইবার হামলার ঝুঁকি থাকায় সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

পিএইচপির নিরাপত্তাত্রুটি নিয়ে সতর্কতা

ওয়েবসাইট বন্ধ রাখার পেছনে রয়েছে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপির দুটি নিরাপত্তাত্রুটি নিয়ে আন্তর্জাতিক সতর্কতা। ওয়েবসাইট ও ওয়েবভিত্তিক বিভিন্ন সেবা তৈরিতে পিএইচপি ব্যবহার করা হয়। এই ভাষার নিরাপত্তাব্যবস্থায় দুর্বলতা থাকলে সংশ্লিষ্ট সফটওয়্যার বা সার্ভার সাইবার হামলার ঝুঁকিতে পড়তে পারে। ২২ অক্টোবর এ বিষয়ে জরুরি সতর্কবার্তা জারি করে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সার্ভারে পিএইচপি ব্যবহার করা হচ্ছে কি না, তা শনাক্ত করার পাশাপাশি ব্যবহৃত সংস্করণ ঝুঁকিপূর্ণ কি না, তা যাচাই করতে বলা হয়। প্রয়োজন অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা নেওয়ার পরামর্শও দেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিএইচপির দুটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে জরুরি পদক্ষেপ নেয়। ত্রুটি সংশোধনের জন্য পিএইচপির হালনাগাদ সংস্করণ প্রকাশ করা হলেও সংশ্লিষ্ট দুর্বলতা সম্পর্কে বিস্তারিত তথ্য দ্রুত প্রকাশ্যে চলে আসে। এরপর ত্রুটিগুলো কাজে লাগিয়ে ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ প্রিন্স রয়টার্সকে জানিয়েছেন, নিরাপত্তাত্রুটির তথ্য প্রকাশের পর প্রথম ৪৫ মিনিটে সাইবার হামলার চেষ্টা কয়েক হাজারে পৌঁছায়। দুই ঘণ্টার মধ্যে তা কয়েক লাখে উন্নীত হয়। ফলে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইট ও সার্ভারের নিরাপত্তা যাচাই এবং প্রয়োজনীয় হালনাগাদ কার্যক্রমে তৎপর হয়।

রিজার্ভ চুরির অভিজ্ঞতা ও বাড়তি সতর্কতা

২০১৬ সালের বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির ঘটনা ঘটেছিল। ওই বছরের ফেব্রুয়ারিতে সাইবার হামলার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা অর্থ সরিয়ে নেওয়া হয়। হ্যাকাররা ভুয়া অর্থ স্থানান্তরের নির্দেশ পাঠিয়ে ১০ কোটি ১০ লাখ ডলার সরানোর চেষ্টা করেছিল। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে চলে যায়। শ্রীলঙ্কায় পাঠানো ২ কোটি ডলারের একটি লেনদেন আটকে যায়। পরে চুরি হওয়া অর্থের কিছু অংশ উদ্ধার করা হয়।

রিজার্ভ চুরির ঘটনা দেখিয়েছিল, আর্থিক প্রতিষ্ঠানের প্রযুক্তিব্যবস্থায় অনুপ্রবেশের সুযোগ তৈরি হলে তার পরিণতি বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে। তবে ওই হামলার সঙ্গে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ থাকার কোনো যোগসূত্র পাওয়া গেছেÑ এমন তথ্য নেই। বর্তমান পরিস্থিতিতে কর্তৃপক্ষ পিএইচপির নিরাপত্তাত্রুটি থেকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার কথা জানিয়েছে। ওয়েবসাইটে সফল হামলা, তথ্য চুরি কিংবা ব্যাংকের লেনদেনব্যবস্থায় অনুপ্রবেশের কোনো নিশ্চিত তথ্যও জানা যায়নি।

বন্ধ একাধিক ওয়েবসাইট

বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি ছয়টি বাণিজ্যিক ব্যাংক এবং কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটও বন্ধ পাওয়া গেছে। ব্যাংকগুলো হলো অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, এসবিএসি ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

এ ছাড়া বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস), বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), পেট্রোবাংলা ও ভূমিসেবার ওয়েবসাইটও বন্ধ পাওয়া যায়। ভূমি মন্ত্রণালয়ও ডিজিটাল ভূমিসেবার ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালাচ্ছে। 

একাধিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ থাকার ঘটনা দেখাচ্ছে, একটি সফটওয়্যার বা প্রোগ্রামিং ভাষার নিরাপত্তাত্রুটি বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল সেবাকে একই সময়ে ঝুঁকিতে ফেলতে পারে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা