অধিকাংশ জেলাতেই নেই স্থায়ী কার্যালয়, প্রশিক্ষণ কেন্দ্র ও মাঠ; কাজ চলছে জেলা প্রশাসক অফিসের এক বা একাধিক কক্ষ নিয়ে। কার্যালয় যেমন নেই, তেমনি নেই পর্যাপ্ত লোকবল। এরকম নানা সংকটে জর্জরিত সারা দেশে যানবাহনের তদারকি প্রতিষ্ঠান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
এ কারণে আশঙ্কা করা হচ্ছে, গণপরিবহন ও ব্যক্তিগত বাহনসহ বিভিন্ন যানবাহনের যেসব চালকদের জেলা পর্যায়ের এসব দপ্তর থেকে লাইসেন্স ইস্যু করা হয়েছে, তাদের বাধ্যতামূলক ‘ড্রাইভিং টেস্ট’ শতভাগ ত্রুটিমুক্ত ছিল না। ক্রুটিপূর্ণভাবে লাইসেন্স পরীক্ষীয় উত্তীর্ণ হয়ে আসা এমন চালকরা কার্যত নিরাপদ সড়কের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
বিভিন্ন জেলায় বিআরটিএর চালচিত্র
প্রয়োজনীয় অবকাঠামো ছাড়াই সারা দেশে কার্যক্রম চলছে সড়ক নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এই প্রতিষ্ঠানের। নিজস্ব ভবন কিংবা প্রশিক্ষণ কেন্দ্র নেই, প্রয়োজনীয় জনবল নেইÑ এমন অবস্থা মেহেরপুর, রংপুর, সুনামগঞ্জ, জয়পুরহাট, পিরোজপুর, মাগুরা, বগুড়া, সিলেট, চট্টগ্রাম ও খুলনাসহ বিভিন্ন সার্কেল এবং বিভাগীয় কার্যালয়ে।
মেহেরপুর বিআরটিএর ইন্সপেক্টর সাইদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে জানান, নিজস্ব ভবন ও প্রশিক্ষণ কেন্দ্র না থাকায় প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। রংপুর বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিন) শফিকুল আলম সরকার জানান, সেখানে বিশেষত জরুরি কাগজপত্র সংরক্ষণের সমস্যা প্রকট হয়ে উঠেছে।
বিআরটিএর খুলনা সার্কেল কার্যালয়ে অনুমোদিত ১২টির তিনটি পদই শূন্য রয়েছে। খুলনা বিভাগীয় কার্যালয়ে অনুমোদিত ১০টি পদের বিপরীতে কাজ করছেন মাত্র চারজন। শূন্য রয়েছে ছয়টি পদ।
চট্টগ্রামে বিআরটিএ বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জি.) শফিকুজ্জামান ভূঞা জানান, জনবল সংকটে কাজের চাপ সামলানো বেশ কষ্টকর ও চ্যালেঞ্জিং।
বিআরটিএ পিরোজপুর সার্কেলের সহকারী পরিচালক মতিউর রহমান ফাহাদ বলেন, জনবল সংকট ও নিজস্ব ভবন না থাকায় কার্যক্রম পরিচালনায় তাদের বিঘ্ন ঘটছে।
মন্তব্য করেননি চেয়ারম্যান
চলতি বছরের এপ্রিলের শেষ সপ্তাহে অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমান বিআরটিএর নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দেন। কিন্তু অবস্থার তেমন কোনো পরিবর্তন ঘটেনি। সরকারি গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানটিতে রুটিন কাজের বাইরে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য দেননি।
বিআরটিএর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি গত ৫ অর্থবছরে মোট প্রায় ১৮ হাজার কোটি থেকে ১৯ হাজার কোটি টাকা রাজস্ব আয় করেছে।
তবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বর্তমান মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সরকারের বিআরটিএ নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। এ প্রতিষ্ঠান থেকে সরকার ভালো অংকের রাজস্ব পায়, তার পরও এমন উদাসীনতা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অস্থায়ী আমলাদের শীর্ষ পদে নিয়োগ দেওয়া এই প্রতিষ্ঠানের সমস্যার অন্যতম কারণ। এসব অস্থায়ী কর্মকর্তারা টেকসই কোনো পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হন না। সরকারের সংস্কার কার্যক্রমের মধ্যে এই প্রতিষ্ঠানকেও অন্তর্ভুক্ত রাখতে হবে।’
যা বলছেন প্রতিমন্ত্রী
সার্বিক বিষয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবীবুর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অনেক জেলায় বিআরটিএর স্থায়ী কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র নেই, লোকবল সংকট রয়েছেÑ বিষয়টি সত্য। প্রশিক্ষণ কেন্দ্রগুলো সাধারণত বিআরটিসির মাধ্যমে ব্যব্হার করা হয়। ইতোমধ্যে বিশ্বব্যাংকের সহায়তায় বিআরটিএর জন্য ৭টি জেলায় নিজস্ব ভবন তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এর ‘ফিজিবিলিটি টেস্ট’ করার কাজ চলছে। দীর্ঘদিন ধরে তৈরি হওয়া এসব সীমাবদ্ধতার জায়গা থেকে আমরা বের হতে চাইছি।’ লোকবল সংকট সম্পর্কে তিনি বলেন, ‘প্রতিটা মন্ত্রণালয়ে এ লোকবল সংকট রয়েছে। মাস্টার রোল ও আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দিয়ে এ সংকট দূর করার চেষ্টা করা হচ্ছে।’