× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদে গড়াতে পারে রাজপথের উত্তাপ

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ০৮:৫৫ এএম

জাতীয় সংসদ। ছবি: রয়টার্স

জাতীয় সংসদ। ছবি: রয়টার্স

রাজপথের রাজনৈতিক বৈরি তা, কাদা ছোড়াছুড়ি আর চরম আস্থার সংকট নিয়ে ৯ নভেম্বর বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন।

জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর যোগসাজশের অভিযোগ ঘিরে আগেই উত্তপ্ত ছিল দেশের রাজনৈতিক অঙ্গন।

এবার সেই উত্তাপ সরাসরি জাতীয় সংসদের ফ্লোরে গড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের ক্ষমতাবলে ৯ নভেম্বর বেলা সাড়ে তিনটায় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন।

তবে অধিবেশনের দিনক্ষণ ঘনিয়ে এলেও দুই প্রধান রাজনৈতিক শিবিরের অনমনীয় অবস্থানের কারণে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। 

যোগসাজশের অভিযোগ ও প্রধানমন্ত্রীর বক্তব্য

সরকার ও বিরোধী দলের মধ্যকার টানাপড়েনে নতুন মাত্রা যোগ করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোটের আঁতাতের অভিযোগ। ২০ অক্টোবর রাজশাহীর এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও বিরোধী পক্ষের একটি অংশ দেশে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তে লিপ্ত। তিনি বলেন, ‘একটি পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ দিচ্ছে, আর অন্য পক্ষ এখানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।’ এর আগে ১ অক্টোবর ফেনীর ফুলগাজীতে এক অনুষ্ঠানেও একই সুর তুলে প্রধানমন্ত্রী বলেছিলেন, আওয়ামী লীগ ও জামায়াত আবার এক হয়ে অতীতের মতো গোপনে রাজনৈতিক সমঝোতা করছে। 

বিরোধী দলের তোপ ও সনদ বাস্তবায়নের চাপ

প্রধানমন্ত্রীর এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে পাল্টা তোপ দেগেছে বিরোধী জোট। দুই পক্ষের বিরোধের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘জুলাই জাতীয় সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি। বিরোধী জোটের অভিযোগ, নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পরই বিএনপি সরকার তাদের সংস্কারের মূল প্রতিশ্রুতি থেকে সরে এসেছে এবং কর্তৃত্ববাদী শাসনের পথ ধরেছে। 

১৮ অক্টোবর ঢাকায় এক আলোচনা সভায় বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ‘এই সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ।’ তিনি বলেন, বিএনপি জুলাই সনদ ও গণভোটের গণরায়কে সম্মান জানালে আজ সংসদের বাইরে রাজপথে আন্দোলনের প্রয়োজন হতো না। সরকারপ্রধানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘জুলাই সনদ ও গণভোটের গণরায় আদায় করেই ছাড়ব।’ এর আগে সেপ্টেম্বর মাসে এক কর্মসূচিতে ডা. শফিকুর রহমান সতর্ক করে বলেছিলেন, বিরোধী জোটের তুলে ধরা আট দফা দাবি উপেক্ষা করা হলে তা শেষ পর্যন্ত সরকারের পতন ঘটানোর এক দফার আন্দোলনে পরিণত হতে পারে। 

সংবিধান সংস্কার ও বরাদ্দে বৈষম্য

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সংবিধান সংশোধনের কাজ প্রচলিত সংসদীয় বিধি ও সাংবিধানিক কাঠামোর ভেতরেই করতে হবে। সংবিধানে পৃথক ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর কোনো আইনি বিধান নেই। তবে সরকারের এই যুক্তি মেনে নেয়নি বিরোধী দল। তারা সংস্কারপ্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে সরকারের গঠিত বিশেষ কমিটি বর্জন করেছে এবং এর আগে সংসদ থেকে ওয়াকআউটও করেছে। 

সংবিধান সংস্কার ছাড়াও প্রশাসনিক ক্ষেত্রে দলীয়করণ ও স্থানীয় উন্নয়ন বরাদ্দে বৈষম্য নিয়ে সোচ্চার বিরোধী দল। তাদের অভিযোগ, সরকারি দলের সদস্যদের জন্য বিশেষ বরাদ্দ থাকলেও বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় উন্নয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে না। তা ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন সংশোধন, স্বাধীন পুলিশ কমিশন গঠন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও সরকারি কেনাকাটায় স্বচ্ছতার প্রশ্নে সরকারের শিথিলতার বিষয়ে আসন্ন অধিবেশনে জবাবদিহি চাইতে পারে বিরোধী দল। 

অধিবেশনে মুখোমুখি হতে পারে দুই পক্ষ

আসন্ন অধিবেশনে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের বিচার, লাগামহীন দ্রব্যমূল্য, বিদ্যুৎ-জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি এবং স্থানীয় সরকার নির্বাচনের ইস্যুগুলো নিয়ে সোচ্চার হওয়ার প্রস্তুতি নিচ্ছে বিরোধী জোট। সংসদে কথা বলার সুযোগ না দেওয়া এবং সিদ্ধান্ত গ্রহণে বিরোধী মতামত উপেক্ষার অভিযোগও তারা নতুন করে তুলতে পারে। সব মিলিয়ে সমঝোতার পথ সংকুচিত হয়ে আসায় অধিবেশনজুড়ে তীব্র বাগ্‌যুদ্ধ, প্রতিবাদ ও ওয়াকআউটের মতো ঘটনা ঘটার প্রবল আশঙ্কা রয়েছে। 

সরকারি দলের অবস্থান ও চিফ হুইপের বক্তব্য

সংসদের উত্তপ্ত আবহাওয়া প্রসঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জনগুরুত্বপূর্ণ যেকোনো ইস্যুতে সংসদে কথা বলার পূর্ণ সুযোগ পাবে বিরোধী দল। সরকার সব সময়ই গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। 

চিফ হুইপ স্মরণ করিয়ে দেন, ‘এই সংসদেই আমরা দেশের চরম বিদ্যুৎ সমস্যা মোকাবিলায় এক হয়ে কাজ করেছি। বিরোধী দল অন্য পথে না হাঁটলে বাকি সংকটগুলোর সমাধানও আলোচনার মাধ্যমেই সম্ভব হতো।’ রাজপথের আন্দোলন পরিহার করে জাতীয় স্বার্থে বিরোধী দলকে সংসদে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতেও তারা কথা বলার পর্যাপ্ত সুযোগ পেয়েছে এবং ভবিষ্যতেও তা পাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা