× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারা দেশ থেকে ফেরত আসছে ৩০ লাখ বই

হাসনাত শাহীন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ০৮:১৮ এএম

সারা দেশ থেকে ফেরত আসছে ৩০ লাখ বই

আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার নিয়ে বিতর্কের মুখে সংশোধনের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

জেলা ও উপজেলা পর্যায়ে পাঠানো ২০-৩০ লাখ বই ফেরত নিয়ে দাঁড়িপাল্লার বদলে মানুষের মস্তিষ্কের ছবি যুক্ত করে পুনরায় সরবরাহ করা হবে। গত বৃহস্পতিবার রাতে বইটির মুদ্রণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এনসিটিবির সূত্র জানিয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশোধিত বই মাঠপর্যায়ে পৌঁছানোর লক্ষ্য রয়েছে।

একটি রাজনৈতিক দলের নিবন্ধিত নির্বাচনী প্রতীক পাঠ্যপুস্তকে ব্যবহারের ঘটনায় বই প্রণয়নপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। এনসিটিবির দাবি, ২০২৫ সালের বইয়ের পুরনো নকশাটি ভুলক্রমে পুনরায় যুক্ত হয়েছে। তবে ঘটনাটিকে নিছক ভুল হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক। তার মতে, পাঠ্যপুস্তকে রাজনৈতিক প্রতীকের ব্যবহার কোনো আদর্শ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা হলে তা শিক্ষার বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ন করে। প্রকৃত ঘটনা উদঘাটনে তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

মাঠপর্যায়ের বই ফেরানোর উদ্যোগ

এনসিটিবি সূত্র জানায়, ২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের মুদ্রণকাজ কয়েক দিন আগে শেষ হয়েছে। বইগুলো জেলা ও উপজেলা পর্যায়েও পাঠানো হয়েছে। নকশায় ত্রুটি শনাক্ত হওয়ায় সেগুলো ফিরিয়ে সংশোধনের সিদ্ধান্ত হয় গতকাল শুক্রবারের অনলাইন সভায়।

এনসিটিবির এক সদস্য (পাঠ্যপুস্তক) নাম প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মাঠপর্যায়ে পাঠানো বই ফিরিয়ে আনতে জেলা ও উপজেলা কর্মকর্তাদের সঙ্গে অনলাইন সভা হয়েছে। বই সংগ্রহ করে সংশোধনের পর আবার পাঠানো হবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশোধিত বই সরবরাহের লক্ষ্য রয়েছে।

এনসিটিবির প্রধান সম্পাদক অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম বলেন, বইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে কোনো ভুল তথ্য না পায়, তা নিশ্চিত করতে তারা কাজ করছেন।

বাড়তি ব্যয় ও সময়ের চাপ

এনসিটিবি সূত্র জানায়, ২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ছাপানো হচ্ছে প্রায় ৩৮ লাখ কপি। এর বেশিরভাগের মুদ্রণকাজ শেষ হয়েছে। সব শ্রেণি মিলিয়ে আগামী শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩১ কোটি বই ছাপানো হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিটিবির এক সদস্য (পাঠ্যপুস্তক) জানিয়েছেন, এরই মধ্যে ষষ্ঠ শ্রেণির এই বই প্রায় ২০ লাখ ছাপা শেষে মাঠপর্যায়ে চলে গেছে। এসব বই ফেরত আনার প্রক্রিয়া চলমান। ফেরত আনা, সংশোধন ও পুনর্মুদ্রণ করতে বড় অঙ্কের অর্থ অপচয়ের পাশাপাশি সময়ও ক্ষেপণ হবে। অথচ চলতি বছরের মধ্যে মাঠপর্যায়ের সব বই পৌঁছে দেওয়ার অঙ্গীকার রয়েছে সরকারের। তবে মুদ্রণ মালিকদের ভাষ্য, আইসিটি বইয়ের ছাপা, বাঁধাই ও সরবরাহের কাজ আগেই শেষ হয়েছে। ফলে মাঠপর্যায়ে পাঠানো হয়েছে অন্তত ৩০ লাখ বই।

পুরনো নকশা ফিরে আসার ব্যাখ্যা এনসিটিবির

২০২৬ সালের সংস্করণের পরিবর্তনের পরও ২০২৭ সালের বইয়ে পুরনো নকশা কীভাবে ফিরল, তা ব্যাখ্যা করেছেন এনসিটিবির কারিকুলাম বিভাগের সদস্য অধ্যাপক ড. এ. কে. এম. শওকত আলী খান। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ২০২৫ সালের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে ‘প্রজ্ঞা’ স্তরে দাঁড়িপাল্লার ছবি ছিল। ২০২৬ সালের সংস্করণে তা বদলে মানুষের মস্তিষ্কের ছবি যুক্ত করা হয়। তবে ওই সংস্করণে ‘উইজডম’-এর বাংলা প্রতিশব্দ হিসেবে ‘বুদ্ধি’ ব্যবহার করা হয়েছিল। পরে পরিমার্জন কমিটি শব্দটির প্রতিশব্দ ‘প্রজ্ঞা’ করার সুপারিশ করে।

শওকত আলী খানের ভাষ্য, নতুন বইয়ে ‘প্রজ্ঞা’ শব্দটি যুক্ত করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই গ্রাফিক ডিজাইনারের নকশায় ২০২৫ সালের পুরনো পিরামিডটি আবার যুক্ত হয়। ফলে শব্দ পরিবর্তন হলেও দাঁড়িপাল্লার ছবিটি থেকে যায়। তিনি জানান, ইনসার্টেশন, ভ্যালিডেশন ও রিভিউসহ একাধিক ধাপ পেরিয়েছে বইটি। তারপরও ত্রুটিটি কারও নজরে আসেনি। কীভাবে এমনটি ঘটেছে, তা পর্যালোচনা করা হচ্ছে।

নিরপেক্ষ তদন্তের দাবি শিক্ষাবিদের

শিক্ষাবিদ ও সমাজ-অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শিক্ষার্থীদের কাছে কোনো ধারণা সহজে পৌঁছে দিতে বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছবি, প্রতীক বা মানবদেহের অঙ্গের চিত্র ব্যবহার করা হয়। তবে রাজনৈতিক আদর্শ বা নির্দেশনার প্রভাবে প্রতীক বেছে নেওয়া হলে পাঠ্যপুস্তকের বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ন হয়। তার মতে, শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা দেওয়ার বদলে রাজনৈতিক তাৎপর্যপূর্ণ প্রতীক চাপিয়ে দেওয়া পক্ষপাতদুষ্ট প্রক্রিয়া।

তৌহিদুল হক বলেন, পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে বিভিন্ন মতাদর্শের মানুষ থাকতে পারেন, তবে তাদের কাজ হতে হবে বস্তুনিষ্ঠ। কেউ নিজের দল বা মতাদর্শের প্রতীক পাঠ্যপুস্তকে পরিচিত করার চেষ্টা করলে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ঘটনাটি অনিচ্ছাকৃত ভুল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা তদন্ত করে দেখার দাবি জানান তিনি।

প্রতীক বদলের ধারাবাহিকতা

ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ অধ্যায়ে জ্ঞানের পিরামিডের চারটি স্তরÑ উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা দেখানো হয়েছে। এতে প্রথম স্তরে বৃত্তাকার প্রতীক, দ্বিতীয় স্তরে পরমাণু বা নেটওয়ার্কসদৃশ চিত্র, তৃতীয় স্তরে মস্তিষ্ক এবং সর্বোচ্চ স্তর প্রজ্ঞায় দাঁড়িপাল্লার ছবি ব্যবহার করা হয়। ২০২৫ সালের বইয়ে থাকা দাঁড়িপাল্লার ছবিটি ২০২৬ সালের সংস্করণে বদলে মস্তিষ্কের ছবি যুক্ত করা হয়েছিল। কিন্তু ২০২৭ সালের নকশায় পুরনো ছবিটি আবার ফিরে আসে। দাঁড়িপাল্লা একটি রাজনৈতিক দলের নিবন্ধিত নির্বাচনী প্রতীক হওয়ায় এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এনসিটিবি এখন ‘প্রজ্ঞা’ শব্দটি অপরিবর্তিত রেখে দাঁড়িপাল্লার বদলে মস্তিষ্কের ছবি যুক্ত করার উদ্যোগ নিয়েছে। নির্ধারিত সময়ে সংশোধিত বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোই এখন সংস্থাটির বড় চ্যালেঞ্জ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা