প্রধানমন্ত্রীর সফর
মোশাররফ বাবলু
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ০৭:৫৯ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে পাল্টে যাচ্ছে স্থানীয় রাজনীতি। সম্প্রতি তিনি যেসব জেলা সফর করছেন— সেখানে দলীয় মন্ত্রী আছেন, আছেন এমপিরাও। কিন্তু স্থানীয় রাজনীতিতে বিরাজ করছে অস্থিরতা। অনেক ক্ষেত্রেই নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না মন্ত্রী-এমপিরা।
জেলা-উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়েও বেড়েছে উপদলীয় কোন্দল ও মতবিরোধ। যারা বিগত ১৭ বছর মামলা, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন; স্বাভাবিকভাবেই তারা এখন মূল্যায়ন চাইছেন। অন্যদিকে সুযোগসন্ধানী একদল নব্য বিএনপির কারণে চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন ইস্যুতে দল বিভ্রান্ত হচ্ছে। সেই সুযোগ নিয়ে সরকারের আলোচনায় মেতেছে বিরোধী দল।তবে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরকে কেন্দ্র করে এলাকার নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়ছে।পারস্পরিক দূরত্ব কমে বইতে শুরু করেছে পরিবর্তনের সুবাতাস।
বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা সফরকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে।উন্নয়নের প্রতিশ্রুতি, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানে বিএনপির তৃণমূল পর্যায়ে ফিরছে উৎসাহ-উদ্দীপনা।একই সঙ্গে স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিক সুবিধা সম্প্রসারণ নিয়ে মানুষের প্রত্যাশাও জোরালো হচ্ছে।অন্যদিকে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে দলের সঙ্গে যুক্ত থাকা ত্যাগী কর্মীরা নিজেদের অবদানের স্বীকৃতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছেন।প্রধানমন্ত্রীর এসব সফরকে কেন্দ্র করে মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের মধ্যে যোগাযোগ বাড়ার পাশাপাশি পারস্পরিক দূরত্ব কমার ইতিবাচক ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।তবে স্থানীয় পর্যায়ে নেতৃত্বের সমন্বয়, উপদলীয় বিরোধ নিরসন এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার চ্যালেঞ্জও রয়েছে।বিএনপির পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।সংশ্লিষ্টদের মতে, উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও তৃণমূলের প্রত্যাশার যথাযথ মূল্যায়নই স্থানীয় রাজনীতিতে এই ইতিবাচক পরিবর্তন স্থায়ী করার প্রধান শর্ত।
সম্প্রতি চার অঞ্চল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ এবং সব নাগরিকের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন।রাজনৈতিক বিভেদ ভুলে সম্মিলিতভাবে দেশ গড়ার আহ্বানের পাশাপাশি দল-মত নির্বিশেষে সব মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যাশাও তুলে ধরেছেন তিনি।চার অঞ্চলের উন্নয়ন অগ্রাধিকার আলাদা হলেও কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো নির্মাণ, বিনিয়োগ বৃদ্ধি ও নাগরিক সুবিধা সম্প্রসারণের বিষয়গুলোতে মিল রয়েছে।প্রধানমন্ত্রীর সরাসরি সম্পৃক্ততায় স্থানীয় সমস্যা তুলে ধরার সুযোগ তৈরি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আশাবাদ বাড়ছে।
২০ অক্টোবর রংপুর সফরে প্রধানমন্ত্রী আঞ্চলিক বৈষম্য দূরীকরণ, সরকারি সেবা সবার কাছে পৌঁছে দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ গড়ার ওপর গুরুত্ব দেন।রাধা গোবিন্দ মন্দিরে দুর্গাপূজার মহানবমীর অনুষ্ঠানে তিনি বলেন, যারা বিএনপিকে ভোট দিয়েছেন, তাদের পাশাপাশি যারা ভোট দেননি, তারাও যেন সরকারি সেবা ও সুযোগ-সুবিধা পান।এ সময় মন্দির কর্তৃপক্ষকে ১০ লাখ টাকার অনুদানের চেক দেওয়া হয়।রংপুর নগরের উন্নয়নে একনেক সভায় প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দের কথা জানান প্রধানমন্ত্রী।পাশাপাশি বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামে সেতু, কালভার্ট, স্কুল-কলেজসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
এ প্রসঙ্গে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রধানমন্ত্রীর সফরে রংপুরের মানুষ ও নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন, পারস্পরিক দূরত্বও কমছে।তার প্রত্যাশা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়ন, কর্মসংস্থান এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নের মাধ্যমে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা দূর হবে।
একই দিনে রাজশাহী সফরে নগরীর যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধা বাড়ানোর পরিকল্পনা গুরুত্ব পায়।বিমান চত্বর থেকে কাসিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ এবং কুমারপাড়া থেকে বড় কুঠি ও বরেন্দ্র গবেষণা জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণের পরিকল্পনা রয়েছে।এ ছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠ উন্নয়ন এবং প্রবীণদের জন্য পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
এ প্রসঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।তার মতে, এ সফর নগরীর উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করতে ইতিবাচক ভূমিকা রাখছে।
দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র চট্টগ্রাম সফরে শিল্পায়ন, কেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড, বিনিয়োগ ও তরুণ উদ্যোক্তাদের সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা নতুন করে সামনে এসেছে।পাশাপাশি জলাবদ্ধতা, যানজট ও পরিবেশদূষণের মতো দীর্ঘদিনের সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছেন স্থানীয়রা।কেন্দ্রীয় নেতৃত্ব, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বন্দর কর্তৃপক্ষ ও শিল্পোদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
২২ অক্টোবর খুলনা সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা, মোংলা বন্দরের আধুনিকায়ন, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এবং সুন্দরবন সংরক্ষণের বিষয়গুলোতে গুরুত্ব দেন।এ বিষয়ে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, মোংলা বন্দরের আধুনিকায়ন, অর্থনৈতিক অঞ্চল এবং সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের সম্ভাবনা বিবেচনায় নিয়েই এ সফর।তার মতে, বন্দর ও উপকূলীয় অঞ্চলের উন্নয়নের পাশাপাশি সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষাও নিশ্চিত করতে হবে।