× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড় অর্থায়নের দুয়ার খুলছে বাংলাদেশের

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১০:০৮ এএম

বড় অর্থায়নের দুয়ার খুলছে বাংলাদেশের

ব্যাংককে সদ্য সমাপ্ত বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সম্মেলনে বাংলাদেশের আর্থিক খাত সংস্কার, রাজস্ব আহরণ বাড়ানো ও ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা সুস্পষ্ট সমর্থন দিয়েছে।

এর ফলে বাড়তি অর্থায়নের সম্ভাবনার দুয়ার খুলছে বাংলাদেশের। সম্মেলনে দেশের এই প্রাপ্তির সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার কাঠামো নির্মাণের পথও হয়েছে প্রসারিত।

সম্মেলন ঘিরে বাংলাদেশের সামনে এসেছে তিনটি বড় অর্থায়ন প্রস্তাব; যার মধ্যে বিশ্বব্যাংকের কাছে আগামী তিন বছরে নিয়মিত সহায়তার বাইরে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে সরকার। আইএমএফের সঙ্গে প্রায় ৪.৫ বিলিয়ন ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। এ ছাড়া চলতি ২০২৬-২৭ অর্থবছরে বিশ্বব্যাংকের কাছে ২.৭৭ বিলিয়ন ডলার প্রকল্প অর্থায়ন ও ১ বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাওয়া হয়েছে। সব মিলিয়ে এসব প্রস্তাবের অঙ্ক ১৮.২৭ বিলিয়ন ডলার; যা বাংলাদেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

রাজস্ব ও ব্যাংক খাত সংস্কারে জোর : আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেছেন, নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় বড় ধরনের নীতিগত বাধা নেই। ব্যাংক খাতের দুর্বলতা ও মোট দেশজ উৎপাদনের তুলনায় কর-রাজস্ব কম হওয়া নিয়ে উদ্বেগ রয়েছে আইএমএফের। কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও বাকি বিষয় নিয়ে আলোচনা চলছে।

রাজস্ব খাতে সরকারের লক্ষ্য করের হার বাড়ানোর বদলে করজাল সম্প্রসারণ, কর ফাঁকি কমানো, কর প্রশাসনের ডিজিটাল রূপান্তর ও কর আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সমর্থন পাওয়া গেছে। এ ছাড়া করনীতি প্রণয়ন ও কর প্রশাসনের দায়িত্ব পৃথক করা ও কর আদায় স্বয়ংক্রিয় করার উদ্যোগও গুরুত্ব পেয়েছে। অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আয়কর আদায়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৮ শতাংশ। তবে এই প্রবৃদ্ধি ধরে রাখা ও কর-জিডিপি অনুপাত বাড়ানোই হবে সংস্কারের মূল পরীক্ষা।

এ ছাড়া ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানো, দুর্বল ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী করা, আমানতকারীদের আস্থা ফেরানো ও প্রয়োজনীয় মূলধন জোগানোর বিষয়েও আলোচনা হয়েছে। আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি বাংলাদেশের ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণে আগ্রহ দেখিয়েছে। বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহের কথাও এসেছে। তবে বিনিয়োগের অঙ্ক, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও অর্থ ছাড়ের সময় এখনও চূড়ান্ত হয়নি।

বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার

সরকারের প্রস্তাবিত ‘রেজিলিয়েন্স, রিফর্ম অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ’ কাঠামোর আওতায় আগামী তিন বছরে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার চাওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ৪ বিলিয়ন ডলার জ্বালানি ও সারসহ জরুরি আমদানিতে, ১.৫ বিলিয়ন ডলার ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান সচল রাখতে, ৩ বিলিয়ন ডলার আর্থিক খাত পুনরুদ্ধার ও ব্যাংক সংস্কারে এবং বাকি ১.৫ বিলিয়ন ডলার জরুরি ও যৌথ অর্থায়নের বিভিন্ন ব্যবস্থায় ব্যবহারের প্রস্তাব রয়েছে।

বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অর্থায়নের উৎস, পরিমাণ ও শর্ত নির্ধারণে আরও আলোচনা প্রয়োজন। প্রস্তাবটি বাস্তবায়িত হলে জ্বালানি আমদানির চাপ সামলানো, ব্যাংক খাত পুনর্গঠন ও বেসরকারি খাতে অর্থায়ন বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।

চলতি অর্থবছরে বিশ্বব্যাংকের কাছে আলাদা করে ২.৭৭ বিলিয়ন ডলার প্রকল্প অর্থায়ন ও ১ বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাওয়া হয়েছে। অগ্রাধিকারের মধ্যে রয়েছে এলএনজি আমদানির সুবিধা, ব্যাংক খাত সংস্কার ও খাদ্যনিরাপত্তা। এর মধ্যে এলএনজি আমদানিতে ৩৫০ মিলিয়ন ডলারের ঋণ-নিশ্চয়তা, আর্থিক খাত সহায়তা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে ৪৫০ মিলিয়ন ডলার ও খাদ্যনিরাপত্তা জরুরি প্রকল্পে ৩০০ মিলিয়ন ডলারের প্রস্তাব রয়েছে।

আইএমএফের ঋণ

আলোচনা এগোলেও শর্ত বাকি: আইএমএফের সঙ্গে প্রায় ৪.৫ বিলিয়ন ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। সম্মেলন-পরবর্তী দুই সপ্তাহে কর্মসূচির বাকি বিষয় নিয়ে আলোচনা হবে। তবে ঋণের চূড়ান্ত অঙ্ক, শর্ত, কিস্তির সংখ্যা কিংবা প্রথম অর্থছাড়ের সময় এখনও ঘোষণা হয়নি। সম্ভাব্য কর্মসূচিতে ব্যাংক খাতের সংস্কার, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। জ্বালানি ভর্তুকি, কর অব্যাহতি ও রাজস্বনীতির পরিবর্তনের মতো বিষয়েও সমঝোতা প্রয়োজন হতে পারে।

কবে আসতে পারে অর্থ

১০ বিলিয়ন ডলারের প্রস্তাব নিয়ে ৬০ দিনের মধ্যে যৌথ কারিগরি দল গঠনের পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য, ২০২৭ সালের জুনের মধ্যে অংশীদারত্ব কাঠামো চূড়ান্ত করা। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চূড়ান্ত করতে আরও আলোচনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আইএমএফের সঙ্গে আলোচনা দ্রুত এগোলে ২০২৬ সালের শেষভাগ বা ২০২৭ সালের শুরুতে কর্মসূচি অনুমোদনের বিষয়ে অগ্রগতি হতে পারে। ১০ বিলিয়ন ডলারের অর্থায়নও এককালীন নয়, কয়েক বছর ধরে ধাপে ধাপে আসার সম্ভাবনা বেশি।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের মতে, বাংলাদেশের অগ্রাধিকার ও সংস্কার কৌশল অনুযায়ী উন্নয়ন সহযোগীরা সহায়তা দিতে প্রস্তুত। তবে অর্থায়নের চূড়ান্ত নিশ্চয়তা আসবে সংশ্লিষ্ট সংস্থার আনুষ্ঠানিক সিদ্ধান্তের মাধ্যমে। ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন তাৎক্ষণিক অর্থপ্রাপ্তি নয়। সংস্কার পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক সমর্থন আদায় এবং নতুন অর্থায়নের দরকষাকষি এগিয়ে নেওয়া।

সংস্কারের বোঝা কার ওপর পড়বে

অর্থনীতিবিদ জাহিদ হোসেনের বক্তব্য অনুযায়ী, আইএমএফ ও বিশ্বব্যাংকের ঋণ সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু ব্যাংক ও রাজস্ব ব্যবস্থার দীর্ঘমেয়াদি দুর্বলতা কাটাতে সুশাসন এবং কাঠামোগত সংস্কারের বিকল্প নেই। অন্যদিকে অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলাম আশঙ্কা প্রকাশ করেছেন, মূল্যস্ফীতি ও দারিদ্র্যের চাপে থাকা মানুষের ওপর ভর্তুকি কমানোর বাড়তি বোঝা পড়তে পারে। দুটি বক্তব্যের মধ্যে নীতিনির্ধারণের মূল দ্বন্দ্বটি ধরা পড়ে। একদিকে অর্থনীতিকে স্থিতিশীল করতে রাজস্ব বাড়ানো, ভর্তুকি নিয়ন্ত্রণ ও ব্যাংক সংস্কার প্রয়োজন। অন্যদিকে এসব পদক্ষেপের তাৎক্ষণিক ব্যয় বহন করতে হয় সাধারণ মানুষকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা