এম এ হান্নান, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ০৯:৫২ এএম
মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের সুযোগ করে দেওয়া, আটক জেলেদের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া এবং জব্দ করা জাল ও মাছ বিক্রির অভিযোগ উঠেছে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির কয়েকজন সদস্যের বিরুদ্ধে।
নদীর চরফেডারেশন, বাতিরখাল, চরওয়াঢেল খানকা, চরকলাইয়া ও চর শৌলা পয়েন্টে কয়েক দিনের অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নৌ পুলিশ কর্মকর্তারা।
পুলিশের পাহারায় ইলিশ শিকারের অভিযোগ
গত ৮ অক্টোবর নদীতে মা ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়, যা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। নিষেধাজ্ঞা কার্যকরে নৌ পুলিশ ও মৎস্য বিভাগ নিয়মিত টহল দিচ্ছে। এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছেন কালাইয়া নৌ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মনিরুজ্জামান তালুকদার। অভিযোগ, নিষেধাজ্ঞা শুরুর পর থেকে একশ্রেণির জেলের সঙ্গে ট্রলারপ্রতি ১০ থেকে ২০ হাজার টাকার চুক্তিতে মাছ শিকারের সুযোগ দেওয়া হচ্ছে।
নিষেধাজ্ঞার ১২তম দিনে, ১৯ অক্টোবর তেঁতুলিয়া নদীর চরফেডারেশন পয়েন্টে সরেজমিনে দেখা গেছে, বিকাল সাড়ে ৪টার পর নৌ পুলিশের অভিযানে ব্যবহৃত একটি ট্রলার চরফেডারেশন ও দক্ষিণ চরওয়াঢেলের মাঝামাঝি নদীতে অবস্থান করছিল। ট্রলারটি দুই ঘণ্টার বেশি সময় একই জায়গায় নোঙর করে রাখা হয়। সঙ্গে ছিল একটি দ্রুতগতির স্পিডবোট। ট্রলারে নৌ পুলিশের সদস্য ও চালকসহ কয়েকজন ছিলেন। এ সময় টহল ট্রলারের ৫০০ মিটারের মধ্যে একাধিক জেলেকে ট্রলার থেকে নদীতে জাল ফেলতে দেখা যায়।
অনুসন্ধানে অভিযোগ পাওয়া গেছে, চরব্যারেট, বাতিরখাল, খানকা, দ্বেবীরচর, চরকলাইয়া ও বগী তুলাতলা এলাকার প্রায় অর্ধশত ট্রলারের জেলেদের সঙ্গে ১০ থেকে ২০ হাজার টাকার চুক্তি হয়েছে। এসব চুক্তিতে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান, এএসআই কবির হোসেন, ট্রলারচালক জালাল গাজী ও কয়েকজন আড়তদারের সম্পৃক্ততা রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে মনিরুজ্জামান তালুকদার বলেন, টাকার বিনিময়ে মাছ শিকারের সুযোগ দেওয়ার অভিযোগ সত্য নয়। তবে টহল ট্রলারের পাশে জেলেদের মাছ শিকার করতে দেখা যাওয়ার বিষয়ে তিনি বলেন, অনেক অসচ্ছল মানুষ নদীতে জাল ফেলেন। মানবিক কারণে তাদের আটক করা হয় না।
টাকার বিনিময়ে মুক্তি, জব্দ জাল-মাছ বিক্রির অভিযোগ
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযান শুরুর পর থেকে ২১ অক্টোবর দুপুর পর্যন্ত মাছ শিকারের অভিযোগে ৪৪ জন জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২২টি ভ্রাম্যমাণ আদালত ও ১১টি নিয়মিত মামলার মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিপুল পরিমাণ কারেন্ট জাল ও মাছ জব্দ করা হয়েছে। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
তবে আটক জেলেদের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া এবং জব্দ করা মাছ ও জাল গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। অনুসন্ধানে পাওয়া তথ্য ও কয়েকজন জেলের বক্তব্য অনুযায়ী, মাঝনদীতে আটকের পর মুক্তির বিনিময়ে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। জব্দ করা জাল দেড় হাজার থেকে ২৫ হাজার টাকা এবং মাছ প্রতি হালি ৪০০ থেকে ৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এসব লেনদেনে নৌ পুলিশের মনিরুজ্জামান, কবির, ট্রলারচালক জালাল গাজী ও তার ভাই ফিরোজ গাজীর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। গত ১৬ অক্টোবর সকালে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়ে আটক হন চন্দ্রদ্বীপ ইউনিয়নের জেলে নুর আলম। তার দাবি, ফিরোজ গাজীর মাধ্যমে নৌ পুলিশকে ১০ হাজার টাকা দিয়ে তিনি মুক্তি পান।
১৮ অক্টোবর ভোরে তেঁতুলিয়া নদীর চর দিয়ারা এলাকা থেকে চারটি ট্রলারসহ কয়েকজন জেলেকে আটক করে নৌ পুলিশ। অভিযোগ রয়েছে, ২০ হাজার টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তাদের একজন চন্দ্রদ্বীপ ইউনিয়নের রাকিব (ছদ্মনাম)। তার ভাষ্য, ট্রলারপ্রতি ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকায় তাদের মুক্তির সমঝোতা হয়। টাকা না থাকায় জালাল গাজীর ভাই ও যুবদল নেতা ফিরোজ গাজীর জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। পরে তারা টাকা পরিশোধ করেন বলে দাবি রাকিবের।
একই দিন চর দিয়ারার জেলে শাহিন, হারুন গাজীসহ তিনজনকে জালসহ আটক করা হয়। অভিযোগ অনুযায়ী, হারুন গাজীসহ দুজনকে ৬ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। নৌ পুলিশের ট্রলারচালক জালাল গাজীর মাধ্যমে টাকা নেওয়া হয়। তবে শাহিনকে মৎস্য সংরক্ষণ আইনের মামলায় আদালতে পাঠানো হয়।
শাহিনের অভিযোগ, তাকে ছাড়তে নৌ পুলিশের এএসআই কবির হোসেন ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তাকে আদালতে পাঠানো হয়। তার দাবি, জব্দ করা জাল ভোলার লালমোহনের নাজিম নামের এক ব্যক্তির কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
১৯ অক্টোবর চরফেডারেশনের খাল থেকে মাছ ধরতে নামা এক জেলের ট্রলার জব্দ করে নৌ পুলিশ। পরে স্থানীয় এক ব্যক্তি ট্রলারচালক জালাল গাজীর মাধ্যমে ৫ হাজার টাকা দিয়ে সেটি ছাড়িয়ে আনেন বলে অভিযোগ রয়েছে।
২০ অক্টোবর সকাল ৭টার দিকে তেঁতুলিয়া নদীর দক্ষিণ চরওয়াঢেল খানকা বাজারের পূর্ব-দক্ষিণ দিক থেকে চর রায়সাহেব পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ২০ জন জেলের জাল জব্দ করা হয়। জাল নিয়ে নদীতেই অবস্থান করেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে চরওয়াঢেলের জেলে শহিদুল ও সুজন ট্রলার নিয়ে পুলিশের কাছে যান এবং ৮ হাজার টাকার বিনিময়ে জাল ছাড়িয়ে আনেন।
অভিযোগ অস্বীকার, তদন্তের আশ্বাস
আটক জেলেদের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া, জব্দ করা জাল ও মাছ বিক্রি এবং সংশ্লিষ্ট অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন নৌ পুলিশের এএসআই কবির হোসেন ও কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান তালুকদার। তাদের দাবি, অভিযোগগুলো মিথ্যা।
বরিশাল অঞ্চল নৌ পুলিশের পুলিশ সুপার এস এম নাজমুল হক বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তের ব্যবস্থা নেওয়া হবে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের যৌথভাবে অভিযান চালানোর কথা থাকলেও নৌ পুলিশ পৃথকভাবে অভিযান পরিচালনা করছে। এতে সমন্বয়হীনতা তৈরি হয়েছে এবং অভিযানের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।