ফসিহ উদ্দীন মাহতাব
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ০৯:১২ এএম
ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থা, জীবনযাত্রার মান ও দারিদ্র্য নিরূপণে প্রথমবারের মতো দেশব্যাপী পূর্ণাঙ্গ জরিপ পরিচালনা করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)
এর মাধ্যমে জনগোষ্ঠীগুলোর খানাভিত্তিক তালিকা, দারিদ্র্যের হার ও জীবনমান উন্নয়নের জন্য প্রয়োজনীয় তথ্যভাণ্ডার তৈরি করা হবে। তথ্য সংগ্রহ শুরু হয়েছে ১ অক্টোবর, চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। পরবর্তী ধাপে নির্বাচিত নমুনা এলাকায় বিস্তারিত আর্থ-সামাজিক তথ্য সংগ্রহ করা হবে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস বাস্তবায়ন করছে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণ জরিপ ২০২৫’ প্রকল্প। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, এ জরিপে জীবনযাত্রা, অর্থনৈতিক সক্ষমতা, দারিদ্র্যের ধরন ও উন্নয়ন চাহিদা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে। এসব তথ্যের ভিত্তিতে বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা ও লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ সহজ হবে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সব জনগোষ্ঠীর বাস্তব অবস্থা সম্পর্কে নির্ভরযোগ্য পরিসংখ্যান জরুরি। এ জরিপের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর খানাভিত্তিক তথ্য, জীবনযাত্রার মান ও অর্থনৈতিক অবস্থার সুসংগঠিত চিত্র পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ তথ্যভাণ্ডার জাতীয় উন্নয়ন পরিকল্পনা, লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং উন্নয়ন কার্যক্রমের কার্যকারিতা মূল্যায়নে সহায়তা করবে। সরকারের লক্ষ্য, সংগৃহীত তথ্য যেন শুধু পরিসংখ্যানে সীমাবদ্ধ না থাকে; বরং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের চাহিদা পূরণ ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে।
৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের আওতায়
জরিপে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে তালিকাভুক্ত ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা প্রশাসকের প্রত্যয়ন অনুযায়ী অন্য কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য পাওয়া গেলে তাদের 'অন্যান্য' শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হবে। জরিপের অন্যতম উদ্দেশ্য দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা ও খানাভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং তাদের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা, যা ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কাজে লাগবে।
দারিদ্র্য নিরূপণে তৈরি হবে তথ্যভাণ্ডার
প্রকল্পটির অন্যতম লক্ষ্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের দারিদ্র্যের হার নিরূপণ এবং আর্থ-সামাজিক অবস্থা মূল্যায়নে প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) স্কোরসংবলিত তথ্যভাণ্ডার তৈরি। পিএমটি পদ্ধতিতে পরিবারের বিভিন্ন আর্থ-সামাজিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদের অর্থনৈতিক অবস্থার আনুমানিক মূল্যায়ন করা হয়। এ তথ্যভাণ্ডার সামাজিক সুরক্ষা ও সহায়তা কর্মসূচির সম্ভাব্য উপকারভোগী চিহ্নিত করতে সহায়তা করবে। এছাড়া টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) বিভিন্ন সূচকের জন্য বিভাজিত তথ্য সংগ্রহ করা হবে। এসব তথ্য জাতিসংঘের 'কাউকে পেছনে ফেলে নয়' নীতির আলোকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতেও সহায়ক হবে।
তিন ধাপে পরিচালিত হচ্ছে জরিপ
প্রকল্পের আওতায় তিন ধাপে জরিপ পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠী-অধ্যুষিত এলাকায় পূর্ণাঙ্গ গণনা জরিপের পাইলেটিং সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে বর্তমানে দেশব্যাপী পূর্ণাঙ্গ গণনা চলছে। তৃতীয় ধাপে নির্বাচিত নমুনা এলাকায় বিস্তারিত আর্থ-সামাজিক জরিপ পরিচালনা করা হবে।
পূর্ণাঙ্গ গণনার মাধ্যমে জনগোষ্ঠীগুলোর খানাভিত্তিক তালিকা তৈরি হবে, যা পরবর্তী ধাপে বিস্তারিত তথ্য সংগ্রহের ভিত্তি হিসেবে কাজ করবে। আর নমুনা এলাকার জরিপে পরিবারগুলোর আর্থ-সামাজিক অবস্থার আরও বিশদ চিত্র পাওয়া যাবে।
তথ্য সংগ্রহে যুক্ত হচ্ছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা
জরিপটির উল্লেখযোগ্য দিক হলো, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা তথ্য সংগ্রহকারী হিসেবে অংশ নিচ্ছেন। নিজ সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি, রীতিনীতি ও জীবনযাত্রা সম্পর্কে তাদের পরিচিতি তথ্য সংগ্রহে সহায়ক হবে। স্থানীয় মানুষের সঙ্গে সহজে যোগাযোগ, পারস্পরিক আস্থা অর্জন ও প্রশ্নের যথাযথ ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রেও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তাদের অংশগ্রহণ জরিপে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়াবে।
উন্নয়ন পরিকল্পনায় প্রতিফলিত হতে পারে বাস্তব চাহিদা
দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষায় নেওয়া উদ্যোগগুলো কার্যকর করতে নির্ভরযোগ্য পরিসংখ্যান জরুরি। কোন জনগোষ্ঠীর কত মানুষ দারিদ্র্যের মধ্যে রয়েছে, তাদের আর্থিক সক্ষমতা কেমন এবং উন্নয়নসেবায় প্রবেশাধিকার কতটা—এসব তথ্য ভবিষ্যৎ পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।
প্রকল্প পরিচালক ফারহানা সুলতানা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থা ও দারিদ্র্যের নির্ভরযোগ্য চিত্র তুলে ধরাই এ জরিপের মূল লক্ষ্য। এর মাধ্যমে খানাভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা ও তথ্যভাণ্ডার তৈরি হবে। =