× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মামলা থেকে বাঁচতে জহিরের দৌড়ঝাঁপ

তানভীর হাসান

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ০৮:২৩ এএম

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। ছবি: সংগৃহীত

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। ছবি: সংগৃহীত

মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার পরও অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বিরুদ্ধে এখনও মামলা হয়নি। এ নিয়ে পুলিশের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, জহিরের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশের একটি সিন্ডিকেট মামলা ঠেকাতে ইতোমধ্যে নানা ধরনের তদবির শুরু করেছে। এমনকি ঘটনার দিন অভিযান বন্ধ করতেও ওই সিন্ডিকেটের সদস্যরা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর জোরালো চাপ প্রয়োগ করেন। তবে পুলিশের অপর একটি অংশের দৃঢ় অবস্থানের কারণে শেষ পর্যন্ত তারা পিছু হটতে বাধ্য হয়।

অন্যদিকে এ ঘটনায় ৮৫ জন নারী-পুরুষকে সাজা দেওয়া হলেও সংশ্লিষ্ট বাড়ির মালিকের বিরুদ্ধে এখনও মামলা না হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অপরাধ বিশেষজ্ঞরা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা জোনের ডিসি ইলিয়াস কবির প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ভবন মালিকের বিরুদ্ধে মামলায় বিষয়ে এখনও সীদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা আবদুল্লাহ আল জহিরকে ইতোমধ্যে তার দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এর আগে তিনি পুলিশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জহির নড়াইলের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সাবেক সিআইডি প্রধান মোখলেসুর রহমানের স্টাফ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। সর্বশেষ তিনি মনিরুল ইসলামের অধীনে পুলিশের বিশেষ শাখা (এসবি) সদর দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

সূত্রের অভিযোগ, ৫ আগস্টের পর পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও মনিরুল ইসলামের বলয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত কিছু কর্মকর্তা পুলিশ সদর দপ্তরে নিজেদের অবস্থান সুসংহত করার চেষ্টা করেন। তাদের মধ্যে কয়েকজন নিজেদের বঞ্চিত দাবি করে বিভিন্ন পর্যায়ে তদবির চালান। ওই গোষ্ঠীর সদস্যরা আবদুল্লাহ আল জহিরকে সামনে রেখে নিজেদের স্বার্থসিদ্ধিতে তৎপর হয়ে ওঠেন। নিয়োগ ও বদলি-বাণিজ্যের পাশাপাশি পুলিশের আবাসন নিশ্চিত করার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

এদিকে পুলিশের ২৪তম ব্যাচের কর্মকর্তাদের আবাসনসংক্রান্ত বিষয়ে সম্প্রতি অনুষ্ঠিত পাঁচটি বৈঠকে আবদুল্লাহ আল জহিরকে উপস্থিত থাকতে বলা হলেও তিনি নানা অজুহাতে সেগুলো এড়িয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার ব্যাচমেটদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে।

সূত্র মতে, সাতক্ষীরার শ্যামনগরের বাসিন্দা হলেও ২০০৯ সালে ভোটার এলাকা পরিবর্তন করে কুষ্টিয়া শহরের বাসিন্দা হন অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। এরপর কুষ্টিয়ার বাসিন্দা পরিচয়ে আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। পরবর্তী সময়ে পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজীর আহমেদ, মনিরুল ইসলাম ও প্রলয় জোয়ার্দ্দারের আনুকূল্যে তিনি বিপুল সম্পদের মালিক হন। তার শতকোটি টাকার সম্পদ রয়েছে এবং বিভিন্ন আবাসন কোম্পানিতে অর্থ বিনিয়োগ করেছেন বলেও অভিযোগ উঠেছে।

সূত্র আরও জানায়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের অভ্যন্তরে নিজেদের বঞ্চিত দাবি করা একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন জহির। আর্থিক লেনদেনের মাধ্যমে ওই গোষ্ঠীর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। গোষ্ঠীটির সদস্যরা নিজেদের বিএনপিপন্থী হিসেবে পরিচয় দিলেও নির্বাচনের আগে তাদের একটি অংশ জামায়াতের পক্ষে সক্রিয় হয়ে ওঠে বলে সূত্রের দাবি। আবদুল্লাহ আল জহির ওই গোষ্ঠীর একজন সক্রিয় সদস্য।

সূত্র বলছে, ৫ আগস্টের পর পুলিশ হাউজিং প্রকল্প-১-এ বরাদ্দ পাওয়া জমিতে একটি ভবন নির্মাণের পরিকল্পনা করেন জহির। এ সময় মাটি কমিউনিকেশনের ইভেন্ট ম্যানেজমেন্ট বিভাগের সদস্য মাহবুবুলের সঙ্গে তার পরিচয় হয়। অভিযোগ রয়েছে, মাহবুবুল তাকে পণ্য পরিবহনে ব্যবহৃত জাহাজের কনটেইনার দিয়ে ট্রিপ্লেক্স ভবন নির্মাণের পরামর্শ দেন। পাশাপাশি ভবনটিতে বিনোদনমূলক কার্যক্রম পরিচালনার জন্য ভাড়া ও ব্যবস্থাপনার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। তার পরামর্শেই কনটেইনার ব্যবহার করে ভবনটির নির্মাণকাজ শেষ করা হয়।

অভিযোগ রয়েছে, এরপর প্রায় এক বছর ধরে ওই ভবনে ডিজে পার্টির আড়ালে মাদক সেবনের আসর ও অসামাজিক কর্মকাণ্ড চলছিল। জহিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পুলিশের কয়েকজন কর্মকর্তারও সেখানে নিয়মিত যাতায়াত ছিল। এ কারণে অনেকে ভয়ে মুখ খুলতে সাহস পাননি বলেও অভিযোগ রয়েছে।

সম্প্রতি ওই ভবনে অভিযান চালানোর পর ঘটনাটি নিয়ে পুলিশের অভ্যন্তরে আলোচনা-সমালোচনা শুরু হয়। একজন অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বিলাসবহুল ভবনে মাদক, জুয়া এবং ডিজে পার্টির আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ সামনে আসায় পুলিশ প্রশাসন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। 

এদিকে ঘটনার পর আবদুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখা থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। তবে অভিযানে মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা না হওয়ায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। সংশ্লিষ্ট ভবনের মালিকানা, সেখানে সংঘটিত কর্মকাণ্ডে তার ভূমিকা এবং আইনগত দায় নির্ধারণে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ড. তৌহিদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ৫ আগস্টের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে বাংলাদেশ পুলিশ অন্যতম। ওই সময় দেশের শত শত থানা ও পুলিশের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও ধ্বংস করা হয়। সেই পরিস্থিতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পুলিশ। ইতোমধ্যে ভালো কিছু কাজের জন্য প্রশংসাও কুড়িয়েছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে আবদুল্লাহ আল জহিরকে ঘিরে ওঠা অভিযোগ পুলিশের জন্য বড় ধরনের ধাক্কা।

তিনি আরও বলেন, এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে জনমনে পুলিশের প্রতি আরও নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। তাই দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা