× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্প্রীতির উৎসবে অর্থনীতিতে গতি

দীপক দেব ও আহমেদ তোফায়েল

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ০৮:১০ এএম

সম্প্রীতির উৎসবে অর্থনীতিতে গতি

এবারের শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা এ উৎসব পালন করেছে। আর পূজা-পার্বণ ঘিরে ঘরে ঘরে যে আনন্দ ছড়িয়ে পড়ে তা কেবল ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। বরং বছরজুড়ে এসব উৎসব বাড়তি প্রাণসঞ্চার করে দেশের সামগ্রিক অর্থনীতিতেও।

বারো মাসে তেরো পার্বণের দেশে নানান উৎসবের সমারোহ জনজীবনে যেমন বয়ে আনে নতুন উদ্দীপনা, গড়ে দেয় সম্প্রীতির মেলবন্ধন; তেমনি অর্থনীতির গতিকেও বেগবান করে তোলে বহুগুণে। এবারের শারদীয় দুর্গোৎসবেও তার ব্যত্যয় ঘটেনি। বিশেষ করে এবার দুর্গাপূজার শান্তিপূর্ণ আয়োজন সবাইকেই মুগ্ধ ও পরিতৃপ্ত করেছে। একই সঙ্গে এ উৎসব বিশেষ অবদান রেখেছে অর্থনৈতিক কর্মকাণ্ডেও।

প্রশাসন থেকে শুরু করে সব সম্প্রদায়ের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সারা দেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গাপূজায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি নানা ধরনের আয়োজন রাখা হয়েছিল। আর দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার শেষ হয় সনাতনী বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আরও একবার সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ।

দুর্গাপূজা কেন্দ্র করে কয়েক দিনের জন্য চাঙ্গা হয়ে ওঠে দেশের পোশাক, অলংকার, মিষ্টি, জুতা, গৃহস্থালি পণ্য, পরিবহন ও পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসা। প্রতিমা তৈরি ও মণ্ডপ সাজানোর কাজেও ব্যয় হয় অর্থ। এতে আয় করেন প্রতিমাশিল্পী, কারিগর, দোকানি ও ক্ষুদ্র উদ্যোক্তারা। তবে এবারের পূজায় বিক্রি বাড়লেও মূল্যস্ফীতি ও মানুষের ক্রয়ক্ষমতার চাপে কেনাকাটায় হিসাব করতে হয়েছে অনেককে। আবার সব খাতে বিক্রির চিত্রও একরকম ছিল না।

এ উৎসব ঘিরে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার থাকলেও জাতীয় পর্যায়ে এর মোট বাজারের আকার নির্ধারণের কোনো নির্ভরযোগ্য ও হালনাগাদ গবেষণা নেই। তবে অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ দুর্গাপূজাকেন্দ্রিক বাজারের আকার আনুমানিক ২০ হাজার কোটি টাকা বলে উল্লেখ করেছেন। মণ্ডপের আয়োজন, পোশাক, অলংকার, মিষ্টি ও হস্তশিল্পের মতো খাতকে তিনি এ হিসাবের আওতায় এনেছেন। ৫ দিনের ছুটির কারণে শহর ছেড়ে গ্রামে গেছেন অনেক বেশিসংখ্যক মানুষ। এতে পরিবহন সেক্টরেও বাড়তি অর্থের জোগান এসেছে। গ্রামের অর্থনীতিতে টাকার লেনদেন বেড়েছে। তবে এর পরিমাণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য মেলেনি। 

মণ্ডপের আয়োজনে কোটি টাকার ব্যয়

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়। প্রতিমা তৈরি, বাঁশ-কাঠের কাঠামো, রঙ, কাপড়, আলোকসজ্জা, শব্দব্যবস্থা ও শ্রমিকের মজুরিÑ সব মিলিয়ে মণ্ডপের আয়োজনে ব্যয় হয়েছে অর্থ। তবে স্থান ও আয়োজনের ধরন অনুযায়ী বাজেটে ছিল পার্থক্য। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এবার দুর্গাপূজার বাজেট ছিল ১ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে প্রতিমা, সাজসজ্জা ও ছয় দিন প্রসাদ বিতরণের আয়োজনও ছিল।

চট্টগ্রাম নগরীতেও মণ্ডপকেন্দ্রিক বড় অঙ্কের ব্যয় হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জি জানান, নগরীতে প্রতিমা ও ঘট পূজাসহ ২৯৪টি মণ্ডপ ছিল। প্রতিটি মণ্ডপে পূজার আয়োজন করতে গড়ে ৪ থেকে ৫ লাখ টাকা খরচ হয়েছে। তার দেওয়া হিসাব অনুযায়ী, শুধু মণ্ডপের আয়োজনেই ব্যয় হয়েছে প্রায় ১২ থেকে ১৪ কোটি টাকা।

বেড়েছে বিক্রি

পূজার বাজারে এবার ব্র্যান্ডেড পোশাকের দোকানগুলোতে গত বছরের তুলনায় বিক্রি ৫ থেকে ১০ শতাংশ বেড়েছে। তবে ক্রেতারা আগের মতো ইচ্ছামতো কেনাকাটা করেননি। পোশাক ও উপহার কেনার ক্ষেত্রে বাজেটের হিসাব করতে হয়েছে অনেককে।

ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’সের স্বত্বাধিকারী শাহীন আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গত বছরের তুলনায় এবার তাদের বিক্রি প্রায় ১০ শতাংশ বেড়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ বিক্রিতে তারা সন্তুষ্ট বলেও জানান।

অন্যদিকে, রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সৌমিক দাস জানান, তাদের বিক্রি বেড়েছে প্রায় ৫ শতাংশ। প্রতিষ্ঠানটির প্রত্যাশা ছিল ১০ শতাংশ প্রবৃদ্ধি। তার ভাষ্য, আগে যেসব ক্রেতা দুটি পোশাক কিনতেন, তাদের কেউ কেউ এবার একটি পোশাক কিনেই সন্তুষ্ট।

এমব্রেলার বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান কাজী মাকতুম শোভনও প্রায় ৫ শতাংশ বিক্রি বৃদ্ধির কথা জানিয়েছেন। তার প্রতিষ্ঠানে নারীদের থ্রি-পিসের চাহিদা বেশি ছিল। শাড়ি ও সালোয়ার-কামিজও ছিল কেনাকাটার তালিকায়।

জুতার বাজারেও বিক্রি বৃদ্ধির খবর পাওয়া গেছে। এপেক্স ফুটওয়্যার লিমিটেডের মার্কেটিং ম্যানেজার ও ই-কমার্স লিড রায়হান কবির জানান, পূজা সামনে রেখে আগের সপ্তাহ থেকেই ক্রেতারা কেনাকাটা শুরু করেন এবং গত বছরের তুলনায় বিক্রি ভালো হয়েছে। প্রতিষ্ঠানটির আরেক কর্মকর্তা বিক্রি প্রায় ৩০ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছেন।

গৃহস্থালি পণ্যের বাজারেও চাহিদা বেড়েছে। ইলেক্ট্রো মার্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল আফসার জানান, দুর্গাপূজা ও ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে তাদের কনকা ব্র্যান্ডের এলইডি টেলিভিশন ও ফ্রিজের বিক্রি তুলনামূলকভাবে ১০ থেকে ১৫ শতাংশ বেড়েছে।

ঢাকার বাসিন্দা প্রেয়শ্রী দাস জানান, পূজা উপলক্ষে গত দুই সপ্তাহে পরিবারের কেনাকাটায় তার প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। পরিবারের পুরুষ সদস্যদের পোশাকের পাশাপাশি মা ও আত্মীয়দের জন্য শাড়ি ও অন্যান্য সামগ্রী কিনেছেন তিনি।

রাজধানীর বেসরকারি চাকরিজীবী উৎপল দাসও তার মা, স্ত্রী ও দুই বোনের জন্য আটটি শাড়ি কিনেছেন। নিজের জন্য নিয়েছেন শার্ট, টি-শার্ট, প্যান্ট ও জুতা। তার কাছে পূজায় উপহার দেওয়াও উৎসবের আনন্দের অংশ।

তবে মিষ্টির ব্যবসায় একই প্রবৃদ্ধি দেখা যায়নি। প্রিমিয়াম সুইটসের বাংলাদেশ কার্যক্রমের প্রধান মাহবুবুর রহমান বকুল জানান, গত বছরের তুলনায় এবার তাদের মিষ্টি বিক্রি কমেছে। রেস্তোরাঁয় ক্রেতাদের উপস্থিতি ভালো থাকলেও খাবার বিক্রি আগের বছরের কাছাকাছি ছিল।

অন্যদিকে, পুরান ঢাকার শাঁখারীবাজারে প্রতিমার সাজসজ্জার উপকরণের দাম বেড়েছে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, প্রতিমার মুকুটের দাম মানভেদে ৩০০ থেকে ৭ হাজার টাকা, যা গত বছর ছিল ২০০ থেকে ৬ হাজার টাকা। উৎপাদন ব্যয় বৃদ্ধি ও শ্রমিকসংকটে কারিগরদের ওপরও চাপ তৈরি হয়েছে।

চট্টগ্রামের টেরিবাজারে পূজার আগের সপ্তাহে স্বাভাবিক সময়ের তুলনায় বিক্রি ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। টেরিবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আহমেদ হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রতিবছরের মতো এবারও পূজাকে কেন্দ্র করে কেনাকাটা বেড়েছে।

তবে নগরীর ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে ছিল উল্টো চিত্র। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান জানান, পাঁচ দিনের ছুটিতে বাজারে বেচাকেনা স্বাভাবিক সময়ের ২০ শতাংশও হয়নি। পেঁয়াজ, রসুন ও আদার মতো কাঁচামালের আড়ত খোলা থাকলেও ডাল, তেল, চিনি ও ছোলাসহ অনেক পণ্যের আড়ত বন্ধ ছিল।

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত 

এবার প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশের বহু নাগরিক ও কূটনীতিককে দুর্গাপূজায় অংশ নিতে দেখা গেছে। তারাও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পরিদর্শন করতে পেরে বেশ আনন্দিত। এ ছাড়া এবার দুর্গাপূজায় খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় একাধিক মণ্ডপসহ তিনটি জেলায় একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন, যা দুর্গোৎসবে ভিন্নমাত্রা যুক্ত করে। 

দেশের বিভিন্ন পূজামণ্ডপে দেশি দর্শনার্থীদের পাশাপাশি বিদেশি নাগরিক ও কূটনীতিকদের উপচে পড়া ভিড় ও উচ্ছ্বাস দেখা গেছে। উৎসবের সাম্প্রদায়িক সম্প্রীতি, ঢাকের বাদ্য আর বর্ণিল আয়োজন মুগ্ধ করেছে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি অতিথিদের। 

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, কানাডার হাইকমিশনার অজিত সিং ও নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরল্ড গুলব্রান্ডসেÑ উৎসবে অংশগ্রহণ করেছেন। তাদের শুভেচ্ছা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অনুভূতি পূজার আনন্দকে কূটনৈতিক পরিসরেও আলোচনায় রেখেছে।

অনেকের মতে, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। এই উৎসব হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অন্য ধর্মের মানুষকেও একত্রিত করে, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্যকে তুলে ধরে। এজন্য উৎসবটি পরিণত হয় বাঙালি সম্প্রদায়ের এক মিলনমেলায়। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ বছর সারা দেশের মণ্ডপগুলোর জন্য সরকারি অনুদান ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়।

উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি প্রতিটি পূজা উদযাপন কমিটিও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নেয়। মণ্ডপে মণ্ডপে বসানো হয় সিসিটিভি ক্যামেরা এবং পাহারার জন্য গঠন করা হয় স্বেচ্ছাসেবক কমিটি।

হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এ বছর নির্বাহী আদেশে দুর্গাপূজার ছুটি বাড়িয়ে তিন দিন করে। ফলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ হয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি দাঁড়িয়েছে।

১৬ অক্টোবর ষষ্ঠী তিথিতে চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে ‘আনন্দময়ীর’ আগমনে শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। পরবর্তী পাঁচ দিন রাজধানীসহ দেশের পূজামণ্ডপগুলোতে পূজা-অর্চনার মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই উৎসব শেষ হয়। আনন্দ, উচ্ছ্বাস আর বিদায়ের করুণ সুরের মধ্য দিয়ে শেষ হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের কাম, ক্রোধ, হিংসা ও লালসার মতো আসুরিক প্রবৃত্তি বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি ত্যাগ করে পরস্পরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বৃহস্পতিবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে রাজধানীসহ সারা দেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো ছিল। দেশের কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শুধু হিন্দুরাই নয়, সব সম্প্রদায়ের মানুষ এই উৎসবে অংশ নিয়েছে। সবার অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে পরিণত হয়। শুধু পূজার জন্য সময়টুকু ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে দুর্গোৎসব ঘিরে অন্যান্য আয়োজনে সব সম্প্রদায়ের মানুষের ঢল দেখা গেছে। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির একাধিক মণ্ডপ পরিদর্শন এই উৎসবে নতুন মাত্রা যুক্ত করে। ধর্মীয় উৎসবে সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা