× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ মাসেও নিয়োগ হয়নি বিচারপতি

মাসুদুল হাসান

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১১:১৭ এএম

হাইকোর্ট। ফাইল ছবি

হাইকোর্ট। ফাইল ছবি

একেকজন বিচারপতির ওপর প্রায় ৬ হাজার মামলার ভার; সঙ্গত কারণেই মামলাজটে বিপর্যস্ত হয়ে পড়েছে উচ্চ আদালত। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচিত নতুন সরকার রাষ্ট্র পরিচালনা শুরুর পর এ পর্যন্ত হাইকোর্টে কোনো বিচারপতি নিয়োগ দেওয়া হয়নি। ফলে এই মামলাজট কমে আসার কোনো কার্যকর লক্ষণও দেখতে পাচ্ছেন না পর্যবেক্ষক এবং ভুক্তভোগীরা।

সুপ্রিম কোর্ট জনসংযোগ শাখা জানাচ্ছে, বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৯৯ জন বিচারপতি কর্মরত রয়েছেন। হাইকোর্টের প্রায় ৬ লাখ মামলার দ্রুত নিষ্পত্তি এই কয়েকজন বিচারপতি দিয়ে এক কথায় অসম্ভব বলে মনে করছেন আদালত সংশ্লিষ্টরা।

চলতি বছরের ১৬ এপ্রিল হাইকোর্ট বিভাগে ৬৩টি বেঞ্চ গঠন করা হয়। এগুলোর মধ্যে ২৯টি একক বেঞ্চ ও ৩৪টি দ্বৈত বিচারপতির বেঞ্চ। কয়েক মাস পর ১০ আগস্ট হাইকোর্ট বিভাগে ৫৫টি বেঞ্চ পুনর্গঠন করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। পরদিন ১১ আগস্ট থেকে এসব বেঞ্চে বিচারিক কার্যক্রম শুরু হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, তখন হাইকোর্ট বিভাগের মোট ৯৩ জন বিচারপতি নিয়ে বেঞ্চগুলো পুনর্গঠন করা হয়। প্রসঙ্গত উচ্চ আদালতে ৮৮টি এজলাস কক্ষ রয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে অস্থায়ী বিচারক নিয়োগ

অন্তর্বর্তী সরকারের মেয়াদে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুই দফায় সর্বমোট ৪৮ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের ৯ অক্টোবর প্রথম দফায় ২৩ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়। পরে এদের মধ্যে ২১ জনকে স্থায়ী হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকার প্রণীত ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’-এর অধীনে গঠিত সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে দ্বিতীয় দফায় আরও ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়। ২০২৫ সালের ২৫ আগস্ট রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয় এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৩ নম্বর অধ্যাদেশ) ২১ জানুয়ারি, ২০২৫ তারিখে জারি করা হয়েছিল। এটি পরে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৮ নম্বর আইন) দ্বারা জাতীয় সংসদে গত ৯ এপ্রিল বাতিল বা রহিত করা হয়। নিয়োগ সংক্রান্ত বিশেষ অধ্যাদেশটি জাতীয় সংসদে পাস না হওয়ার পর থেকে নতুন কোনো বিচারপতি নিয়োগ দেওয়া হয়নি।

এদিকে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে নতুন কোনো বিচারপতি নিয়োগ না হওয়ায় এবং বেশ কয়েকজন বিচারক অবসরে যাওয়ায় বেঞ্চের মোট সংখ্যা বর্তমানে ৫৫টিতে নেমে এসেছে। বর্তমানে উচ্চ আদালতের অবকাশ ছুটিতে ১৩টি বেঞ্চ সক্রিয় রয়েছে। আগামী ২৫ অক্টোবর অবকাশকালীন ছুটি শেষ হলে বেঞ্চ নিয়ে নতুন করে সিদ্ধান্ত আসতে পারে।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সুপ্রিম কোর্টের বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে ও বিচারাধীন বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি করতে হলে পর্যাপ্তসংখ্যক বিচারপতি নিয়োগ দেওয়া প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘বিচারক নিয়োগ অধ্যাদেশটি বিচারপতি নিয়োগের জন্য সম্পূর্ণভাবে যথোপযুক্ত ছিল না।’ 

এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘অবসরজনিত কারণসহ অন্যান্য কারণে ইদানীং বিচারপতির সংখ্যা বেশ কমে গেছে। ফলে নতুন বিচারপতি নিয়োগ দেওয়া খুব জরুরি হয়ে পড়েছে। আশা করছি খুব দ্রুত বিচারপতি নিয়োগ আইন সংসদে পাস হবে এবং এই আইন অনুযায়ী সুষ্ঠুভাবে বিচারপতি নিয়োগ হবে।’ একই বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, ‘যাচাই-বাছাই করে বিচারপতি নিয়োগ দেওয়া ভালো। কোনো আইন না থাকায়, এ নিয়োগ একটু কঠিন হবে। প্রধান বিচারপতি নিশ্চয়ই এগুলো নিয়ে ভাবছেন।’

বিচারপতি নিয়োগে আইন

বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ হচ্ছে সম্পূর্ণভাবে সংবিধানের ৯৫ নম্বর অনুচ্ছেদের ওপর ভিত্তি করে। এই অনুচ্ছেদ অনুযায়ী, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি সরাসরি বিচারপতি নিয়োগ করেন। ২০২৫ সালের অধ্যাদেশটি বাতিলের পর সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য কোনো বিশেষ সংবিধিবদ্ধ আইন বা স্বাধীন কমিশন নেই। নতুন কোনো পূর্ণাঙ্গ আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সরাসরি বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিয়ে থাকেন। 

নাম প্রকাশ না করার শর্তে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ২০২৫ সালের অধ্যাদেশটি বিচার বিভাগের কার্যক্রম দ্রুততর করার জন্য একটি তাৎক্ষণিক সমাধান ছিল।’ তার মতে, ‘যতদিন আইন না হয় ততদিন পূর্বের নিয়মেই বিচারপতি নিয়োগে বাধা নেই।’

সাংবিধানিক সংস্কার কমিটির পর্যালোচনা

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিধানগুলো আরও সুনির্দিষ্ট, সুদৃঢ় এবং বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য সাংবিধানিক সংস্কার কমিটির কাছে ন্যস্ত করা হয়েছে। এই প্রক্রিয়ায় কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই একটি আইনি কাঠামো তৈরি করার উদ্দেশ্যে কাজ চলছে।

হাইকোর্টের বিচারপতি নিয়োগের বিষয়ে প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল কোন মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘বিচারপতি নিয়োগ না করলে মামলা জট শেষ হবে না। সরকার চাইলে যেকোনো সময় নিয়োগ হতে পারে। হাইকোর্টে বিচারপতি নিয়োগে কোনো বাধা নেই। সরকার চাইলে বিদ্যমান আইনে এ নিয়োগ শুরু করতে পারে। বিচারপতি নিয়োগসহ আনুষঙ্গিক বিষয়ে সরকারের মনোযোগের ঘাটতি আছে বলে মনে হচ্ছে।’ 

এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে তার দপ্তরে গিয়ে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা