× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বস্তি চায় উত্তরাবাসী

ফুটপাত দখলে, সড়কে অটোরিকশার দাপট

আজিজুল ইসলাম

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১১:৫০ এএম

৫ নম্বর সেক্টরের উত্তরে বিএনএস সেন্টারের পেছন থেকে ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী মার্কেট পর্যন্ত ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশে দোকান বসেছে। ফলে চলাচলের জায়গা কমেছে। এর সঙ্গে অটোরিকশা ও যানবাহনের চাপ মিলে দুর্ভোগও বাড়ছে বলে অভিযোগ বাসিন্দাদের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

৫ নম্বর সেক্টরের উত্তরে বিএনএস সেন্টারের পেছন থেকে ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী মার্কেট পর্যন্ত ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশে দোকান বসেছে। ফলে চলাচলের জায়গা কমেছে। এর সঙ্গে অটোরিকশা ও যানবাহনের চাপ মিলে দুর্ভোগও বাড়ছে বলে অভিযোগ বাসিন্দাদের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘বছর দশেক আগেও উত্তরা এত নিরাপত্তাহীন ছিল না, যানজটও এত ছিল না। তখন এখানে বসবাসের আনন্দই ছিল অন্যরকম। আর এখন মনে হয়, এ শহর ছেড়ে চলে যাই অন্য কোনোখানে। কিন্তু কী করব, চাইলেই তো চলে যাওয়া যায় না। অথচ এখানে এখন হাঁটাও কঠিন। একদিকে অটোরিকশার দৌরাত্ম্য, অন্যদিকে রাস্তার দুই পাশের ফুটপাতও বেদখল। এমনকি রাস্তার অর্ধেক পর্যন্ত চলে যাচ্ছে তাদের দখলে।’

বলছিলেন মেহেদী হাসান বাবুল। বেসরকারি এই চাকরিজীবী ১৫ বছর ধরে বসবাস করছেন উত্তরার ৫ নম্বর সেক্টরে। প্রশস্ত সড়ক, হাঁটার উপযোগী ফুটপাত আর তুলনামূলক স্বস্তিদায়ক চলাফেরার উপযোগী এলাকা হওয়ায় বসবাসের জন্য উত্তরাকে বেছে নিয়েছিলেন তিনি ও তার মতো আরও অনেকেই। কিন্তু খুব দ্রুত বদলে গেছে সেই চিত্র। এখন উত্তরার সড়ক ও ফুটপাতের বড় অংশজুড়ে অবৈধ দোকানপাট, ফুটওভার ব্রিজে পসরা, আর সড়কে অটোরিকশার দাপটে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের।

নগর কর্তৃপক্ষের এই উচ্ছেদ অভিযান নিয়েও অভিযোগ ও ক্ষোভ রয়েছে উত্তরাবাসীর। এ সম্পর্কে মেহেদী হাসান বাবুল বলেন, ‘প্রতিদিন সকালে সিটি করপোরেশনের লোকজন এসে ফুটপাতের দোকান সরিয়ে দেন। কিন্তু তারা চলে যাওয়ার পর আবারও আগের মতো দোকান বসে যায়। সারা দিন এসব দেখার যেন কেউ নেই। ফলে অভিযান হলেও বাসিন্দাদের দুর্ভোগ কমছে না।’ 

উত্তরার ১৩ নম্বর সেক্টরের এক প্রসাধনী ব্যবসায়ীও একই ধরনের অভিযোগ করে বলেন, ‘ফুটপাত দখলমুক্ত করতে যেসব অভিযান চালানো হচ্ছে, সেগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযান শেষে দোকানগুলো আবার বসে যাওয়ায় সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। এসব বিষয়ে কথা বললেও বিরাগভাজন হওয়ার আশঙ্কা রয়েছে।’ 

ফুটওভার ব্রিজের ওপর বিভিন্ন দোকান

গত ১১ ও ১২ অক্টোবর সরেজমিনে উত্তরার বিভিন্ন এলাকা ঘুরে সড়ক ও ফুটপাত দখলের সত্যতা মিলেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের সামনে ফুটপাতের দুই পাশে বসেছে চা, শরবত, জুতা ও ব্যাগের দোকান। ফুটপাতের জায়গা দখল হয়ে যাওয়ায় পথচারীদের অনেককেই সড়কের ওপর দিয়ে হাঁটতে হচ্ছে। দখলদারির বাইরে নেই পথচারীদের সড়ক পারাপারের জন্য নির্মিত ফুটওভার ব্রিজও। সিঁড়ি দিয়ে উঠতেই চোখে পড়ে ভিক্ষুক। ওপরে উঠে দেখা যায়, কয়েকজন ছিন্নমূল মানুষ শুয়ে আছে; তাদের কেউ কেউ নেশা করছে বলে স্থানীয়ভাবে জানা যায়। ফুটওভার ব্রিজের দুই পাশে বসানো হয়েছে বিভিন্ন ধরনের দোকান। দোকানের কারণে ব্রিজের ওপর দিয়ে মানুষের চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। 

সেখানে কথা হয় মো. তারেকের (ছদ্মনাম) সঙ্গে। তিনি ফুটওভার ব্রিজে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেন। তারেক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ভাই, কয়েক স্তরে ৫০০ টাকা দিতে হয়। এখানে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির লোকই আছে। সরাসরি বলা সম্ভব নয়।’

বিভিন্ন মার্কেটের সামনেও পণ্যের পসরা

উত্তরার ৬ নম্বর সেক্টরের সমবায় মার্কেটের সামনেও একই চিত্র। সেখানে দোকানিরা ফুটপাতের অর্ধেক পর্যন্ত পণ্য সাজিয়ে ব্যবসা করছেন। মার্কেটের সামনে ট্রাক ও সিএনজি রেখে মালামাল ওঠানো-নামানো হচ্ছে। বিমানবন্দর এলাকার ব্যস্ত সড়কের দুই পাশেও ফুটপাত দখল করে বসেছে বাস কাউন্টার, চায়ের দোকান ও শিঙ্গাড়ার দোকান। স্থানীয়দের ভাষ্য, আগে ইউনিকম মার্কেটের পাশের অংশে এসব দোকান বেশি দেখা গেলেও গত প্রায় এক মাসে সড়কের অপর পাশেও দোকান বেড়েছে। কাওলা বাসস্ট্যান্ডের কাছাকাছি পর্যন্ত বিভিন্ন স্থানে দোকান বসানো হয়েছে বলে তারা জানান।

৫ নম্বর সেক্টরের উত্তরে বিএনএস সেন্টারের পেছন থেকে ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী মার্কেট পর্যন্ত ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশে দোকান বসেছে। ফলে চলাচলের জায়গা কমেছে। এর সঙ্গে অটোরিকশা ও যানবাহনের চাপ মিলে দুর্ভোগও বাড়ছে বলে অভিযোগ বাসিন্দাদের।

স্থায়ী সমাধান চান বাসিন্দারা

উত্তরার ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নিরাপত্তা সম্পাদক মেজর ওয়াসিউল হাসান চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরাও চাই, মিরপুরের মতো উত্তরাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসুক। এখানেও অভিযান চালিয়ে এসব দোকান সরিয়ে দেওয়া হোক।’

৮ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি মো. ফিরোজ আহমেদ বলেন, সংসদ সদস্য ও প্রশাসকের সঙ্গে এসংক্রান্ত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তাদের কথা হয়েছে। তার আশা, উত্তরাবাসীও মিরপুরের মতো স্বস্তি ফিরে পাবেন।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে জানান, তারা ফুটপাত দখলমুক্ত করার স্থায়ী সমাধানের পরিকল্পনা তাদের রয়েছে। ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা করে খুব শিগগির ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। 

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ইতিমধ্যেই বিষয়টি নজরে এসেছে। খুব শিগগর স্থায়ী সমাধানের দিকে এগোচ্ছি।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা