× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি

এডিবির কাছে ২০০ কোটি ডলার চায় সরকার

আহমেদ তোফায়েল

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১০:৩৯ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ অর্থ দিয়ে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনসহ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে গতি আনতে চায় সরকার। প্রস্তাবিত অর্থায়ন একবারে না পেয়ে দুই থেকে তিনটি বার্ষিক কিস্তিতে পাওয়ার আশা করছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে চলতি মাসের শুরুর দিকে ম্যানিলাভিত্তিক এডিবির কাছে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। এখন ঋণদাতা সংস্থাটির জবাবের অপেক্ষায় রয়েছে সরকার। প্রস্তাবিত অর্থায়ন চূড়ান্ত হলে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে অর্থের জোগান বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইআরডির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অর্থ বিভাগের অনুরোধ পাওয়ার পর এডিবিকে চিঠি দেওয়া হয়েছে। এ সহায়তা পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। তবে অর্থায়নের পরিমাণ, শর্ত ও অর্থ ছাড়ের কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

অর্থায়নে অন্য সংস্থাও যুক্ত হতে পারে

বাংলাদেশের প্রস্তাবিত ২ বিলিয়ন ডলারের পুরো অর্থ এডিবি এককভাবে দিতে না পারলে অন্য উন্নয়ন সহযোগীদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) সহ-অর্থায়নকারী হিসেবে অংশ নিতে পারে।

ইআরডির আরেক কর্মকর্তা জানিয়েছেন, এডিবির কাছ থেকে সাড়া পাওয়ার পর প্রয়োজন হলে অন্য দাতা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হবে। অর্থাৎ প্রস্তাবিত কর্মসূচির অর্থায়ন নিশ্চিত করতে একাধিক উন্নয়ন সহযোগীর অংশগ্রহণের সুযোগ রাখা হচ্ছে।

সরকারের এ উদ্যোগের লক্ষ্য শুধু সৌরবিদ্যুৎ স্থাপনে অর্থ জোগানো নয়; নবায়নযোগ্য জ্বালানিতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর জন্য নীতিগত সংস্কারেও সহায়তা নেওয়া। এডিবি নীতিভিত্তিক ঋণের মাধ্যমে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগে সহায়তা দিতে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন কয়েকজন কর্মকর্তা।

চলতি অক্টোবরের শুরুর দিকে এডিবির প্রতিনিধিরা অর্থ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা), বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় নীতি সংস্কার ও জাতীয় বিদ্যুৎ গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির সংযুক্তির বিষয় উঠে আসে।

এক বছরে ৪ হাজার মেগাওয়াট ছাদ সৌরবিদ্যুতের লক্ষ্য

সরকারি ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্পকারখানার ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। বিদ্যুৎ বিভাগ এক বছরের মধ্যে সর্বোচ্চ ৪ হাজার মেগাওয়াট ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে কাজ করছে।

এ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়বে। পাশাপাশি সৌরবিদ্যুৎ প্রকল্পে বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে। তবে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় অর্থায়ন, নীতিগত সহায়তা ও জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার ব্যবস্থা কত দ্রুত নিশ্চিত করা যায়, তার ওপর কর্মসূচির অগ্রগতি নির্ভর করবে।

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিনীতি ২০২৫-এ ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য পূরণে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য জাতীয় ছাদ সৌরবিদ্যুৎ কর্মসূচি নেওয়া হয়েছে।

জ্বালানি আমদানি ও ভর্তুকির চাপ কমানোর প্রত্যাশা

বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাস ও আমদানি করা জ্বালানির ব্যবহার কমাতে সৌরবিদ্যুতের সম্প্রসারণকে কার্যকর উপায় হিসেবে দেখছে সরকার। নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন বাড়লে আমদানি করা জ্বালানির প্রয়োজন কমতে পারে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ এবং বিদ্যুৎ খাতে সরকারি ভর্তুকির দায়ও কমানোর সুযোগ তৈরি হতে পারে।

তবে এ সুফল নির্ভর করবে নতুন সৌরবিদ্যুৎ সক্ষমতা কতটা দ্রুত গড়ে তোলা যায় এবং তা জাতীয় গ্রিডে কতটা কার্যকরভাবে যুক্ত করা সম্ভব হয়, তার ওপর। একই সঙ্গে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে নীতিগত সংস্কার ও প্রকল্প বাস্তবায়নের কাঠামোও নির্ধারণ করতে হবে।

বাজেট সহায়তার প্রস্তাবটি এসেছে এমন সময়ে, যখন জ্বালানি নিরাপত্তা জোরদারের পাশাপাশি সরকারকে আর্থিক সীমাবদ্ধতা সামলে উন্নয়ন কার্যক্রমের জন্য অর্থ সংগ্রহ করতে হচ্ছে। ফলে এডিবির সঙ্গে আলোচনায় শুধু অর্থের পরিমাণ নয়, সেই অর্থ কীভাবে ব্যয় হবে, তা-ও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা