গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
জমি কেনাবেচায় নিবন্ধন ফি, স্ট্যাম্প শুল্ক ও স্থানীয় সরকার কর কমানোর সুপারিশ করেছে সরকার গঠিত একটি কমিটি। একই সঙ্গে জমির দলিলে প্রকৃত লেনদেনমূল্য দেখানো নিশ্চিত করতে মৌজাভিত্তিক জমির দাম নির্ধারণে বিভিন্ন স্তরে কমিটি গঠন ও ভূমি ব্যবস্থাপনায় প্রস্তাব দেওয়া হয়েছে ডিজিটাল সংস্কারের। এসব সুপারিশ বাস্তবায়িত হলে জমি নিবন্ধনের ব্যয় কমানোর পাশাপাশি সম্পত্তি হস্তান্তর থেকে সরকারের রাজস্ব আদায়ের পদ্ধতিতেও পরিবর্তন আসতে পারে।
সাবেক ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বাধীন কমিটি সম্প্রতি প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছে। স্থাবর সম্পত্তির প্রকৃত বাজারমূল্যের সঙ্গে দলিলে দেখানো হস্তান্তর মূল্যের সামঞ্জস্য আনা, সংশ্লিষ্ট আইন সংশোধনের সুপারিশ তৈরি এবং প্রাতিষ্ঠানিক ও ডিজিটাল সংস্কারের রূপরেখা নির্ধারণের জন্য গঠন করা হয়েছিল কমিটি।
কমিটির প্রস্তাব অনুযায়ী, জমি নিবন্ধন ফি বর্তমানের ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৭৫ শতাংশ করা যেতে পারে। স্ট্যাম্প শুল্ক ১ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৭৫ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। শহরাঞ্চলে স্থানীয় সরকার কর ৩ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ এবং গ্রামাঞ্চলে এ করের হার ২ শতাংশ নির্ধারণের প্রস্তাব রয়েছে। এ ছাড়া অগ্রিম আয়কর সব ক্ষেত্রে অভিন্ন ১ শতাংশ করার সুপারিশ করেছে কমিটি। এর ফলে সুবিধা পাবেন ক্রেতা-বিক্রেতা দুই পক্ষই।
প্রকৃত মূল্য দেখালে বাড়তে পারে রাজস্ব
কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, জমি ও স্থাবর সম্পত্তির প্রকৃত বাজার মূল্য নির্ধারণ করা গেলে নিবন্ধন ফি কমিয়েও সরকারের রাজস্ব আয় বাড়ানো সম্ভব। একইভাবে সম্পত্তি হস্তান্তর মূল্যের ওপর করের হার কমানো হলেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আয় বাড়তে পারে।
বর্তমান ব্যবস্থায় জমির দলিলে অনেক ক্ষেত্রে প্রকৃত লেনদেন মূল্যের পরিবর্তে সরকার নির্ধারিত ন্যূনতম মৌজা মূল্য দেখানো হয়। বিশেষ করে, শহরাঞ্চলে মৌজা মূল্য ও প্রকৃত বাজার মূল্যের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান থাকে। ফলে জমি কেনাবেচায় প্রকৃত অর্থের পরিমাণ দলিলে প্রতিফলিত হয় না।
বর্তমানে আগের নিবন্ধিত দলিলের মূল্য বিবেচনায় নিয়ে মৌজা মূল্য নির্ধারণ করা হয়। কোনো দলিলে কম মূল্য দেখানো হলে পরবর্তী সময়ে নির্ধারিত মৌজা মূল্যও প্রকৃত বাজারদরের তুলনায় কম থেকে যেতে পারে। এভাবে কম মূল্য দেখানোর প্রবণতা অব্যাহত থাকলে জমি হস্তান্তর থেকে সরকার প্রাপ্য রাজস্ব হারায়। পাশাপাশি প্রকৃত লেনদেনের একটি অংশ আনুষ্ঠানিক হিসাবের বাইরে থেকে যাওয়ায় অপ্রদর্শিত অর্থ তৈরির সুযোগ থাকে।
কমিটি মনে করছে, প্রকৃত বাজার মূল্য নির্ধারণ এবং সেই মূল্য দলিলে দেখানোর ব্যবস্থা চালু করা গেলে এ ধরনের অসঙ্গতি কমানো সম্ভব। অগ্রিম আয়করের হার এক শতাংশে নির্ধারণের প্রস্তাবের লক্ষ্যও করব্যবস্থা সহজ করা, জটিলতা কমানো ও প্রকৃত মূল্য উল্লেখ করে দলিল সম্পাদনে উৎসাহ দেওয়া।
মৌজাভিত্তিক মূল্য নির্ধারণের প্রস্তাব
জমির মূল্য নির্ধারণে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে মৌজাভিত্তিক কমিটি গঠনের সুপারিশ করেছে কমিটি। এর মাধ্যমে বিভিন্ন এলাকার জমির মূল্য নির্ধারণে বাজারভিত্তিক পদ্ধতি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
প্রতিবেদনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদিÑ এই তিন পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। শুধু কর ও নিবন্ধন ফি কমানো নয়, জমির মূল্যায়ন পদ্ধতি উন্নত করা এবং ভূমি ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়েও সুপারিশ রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানিয়েছে, এ লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) কর্মসূচি ও ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন অব কোরিয়ার (আইসিএকে) আওতায় ভূমি ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর একটি প্রকল্প নেওয়া হয়েছে। ভৌগোলিক তথ্যের সমন্বয়ে জমির মূল্যায়ন মডেল তৈরি করে টেকসই ও বাজারভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি গড়ে তোলাই এ প্রকল্পের লক্ষ্য। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা, স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
জমির মালিকানার তথ্য এক সনদে
দীর্ঘমেয়াদি সংস্কারের অংশ হিসেবে জমির মালিকানা সনদ বা সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ (সিএলও) চালুর সুপারিশ করেছে কমিটি। বর্তমানে জমির মালিকানা ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করতে নাগরিকদের খতিয়ান বা পরচা, নামজারি, নিবন্ধিত দলিল, ভূমি উন্নয়ন কর এবং বন্ধক বা ঋণসংক্রান্ত তথ্যের জন্য বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়। এতে সময় লাগে ও প্রক্রিয়াটি জটিল হয়ে ওঠে।
প্রস্তাবিত সনদে নির্দিষ্ট জমি বা প্লটের মালিকানা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এক জায়গায় রাখার ব্যবস্থা থাকবে। এর মাধ্যমে জমির বিবরণ, বর্তমান মালিকের তথ্য, মালিকানার অংশ এবং সংশ্লিষ্ট নথি অনলাইনে তাৎক্ষণিক যাচাই করা যাবে।
গত ১৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় স্থাবর সম্পত্তির হস্তান্তর মূল্যকে প্রকৃত বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার অগ্রগতি পর্যালোচনা করা হয়। ওই সভা থেকেই সংশ্লিষ্ট আইন পর্যালোচনা, সংশোধনের সুপারিশ এবং প্রাতিষ্ঠানিক ও ডিজিটাল সংস্কারের রূপরেখা তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছিল।
কমিটির সুপারিশ বাস্তবায়িত হলে জমি নিবন্ধনের ব্যয়, সম্পত্তির মূল্য নির্ধারণ এবং মালিকানা যাচাইয়ের প্রক্রিয়ায় পরিবর্তন আসতে পারে।
সাবেক ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জমি কেনাবেচাসহ সংশ্লিষ্ট লেনদেন প্রকৃত বাজার মূল্যের ভিত্তিতে সম্পন্ন হওয়ার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে অপ্রদর্শিত অর্থের ব্যবহার কমানো ও সরকারের রাজস্ব আয় চার থেকে ছয়গুণ পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা আছে।
তিনি আরও বলেন, এ বিষয়ক প্রস্তাব আমারই দেওয়া। গত ২ অক্টোবর আমার চাকরির মেয়াদ শেষ হয়েছে।
সুবিধা পাবেন যারা
জমি নিবন্ধন ফি, স্ট্যাম্প শুল্ক ও স্থানীয় সরকার কর কমানোর প্রস্তাব কার্যকর হলে সবচেয়ে বেশি সরাসরি সুবিধা পেতে পারেন জমি ও ফ্ল্যাটের ক্রেতারা। নিবন্ধন-সংক্রান্ত ব্যয় কমলে সম্পত্তি কেনার সময় তাদের অতিরিক্ত খরচ কমবে। বিশেষ করে, যারা বাড়ি নির্মাণের জন্য জমি কিনছেন কিংবা নতুন ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন, তারা এ সুবিধা পেতে পারেন।
প্রস্তাব অনুযায়ী, নিবন্ধন ফি ১ শতাংশ থেকে কমিয়ে ০.৭৫ শতাংশ ও স্ট্যাম্প শুল্ক ১.৫ শতাংশ থেকে কমিয়ে ০.৭৫ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। শহরাঞ্চলে স্থানীয় সরকার কর ৩ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ করার প্রস্তাবও রয়েছে। এসব সুপারিশ কার্যকর হলে সংশ্লিষ্ট ক্রেতাদের নিবন্ধন ব্যয় কমবে।
এ ছাড়া জমির প্রকৃত বাজার মূল্য নির্ধারণ এবং দলিলে প্রকৃত লেনদেন মূল্য দেখানোর ব্যবস্থা চালু হলে জমি কেনাবেচায় স্বচ্ছতা বাড়তে পারে। প্রস্তাবিত ডিজিটাল মালিকানা সনদ চালু হলে জমির মালিকানা ও সংশ্লিষ্ট নথি যাচাই করাও সহজ হতে পারে। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ই উপকৃত হতে পারেন।