× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদকের হাট গেন্ডারিয়া

নুর মোহাম্মদ মিঠু

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১১:৫৬ এএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৬ ১২:০৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর গেন্ডারিয়ার মাদকের হাট উচ্ছেদে অভিযানে নেমে বিতর্কের মুখে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তবে ঢাকা-৬ আসনের এ সংসদ সদস্যের পদত্যাগ ঘিরে বিতর্কের মধ্যেও বদলায়নি গেন্ডারিয়ার দয়াগঞ্জ থেকে ঘুণ্টিঘর রেলস্টেশন পর্যন্ত রেললাইন ঘিরে প্রকাশ্যে মাদক বেচাকেনার চিত্র।

সরেজমিন সোমবার গেন্ডারিয়া এলাকায় ঘুরে জানা যায়, মাদক কারবারিদের হামলা ও পাথর নিক্ষেপের ভয়ে পুলিশও নির্বিঘ্নে অভিযান চালাতে পারে না। স্থানীয়রা জানান, এ এলাকায় পুলিশের অভিযানই বাধাগ্রস্ত হয়, সেখানে নিরস্ত্র অবস্থায় মাদক কারবারিদের মোকাবিলা করা কতটা কঠিন তা বুঝতে হবে। স্থানীয়দের ধারণা, এ কারণেই হয়তো ইশরাক লাইসেন্স করা অস্ত্র হাতে নিয়ে কারবারিদের ভয় দেখাতে চেয়েছিলেন। তবে সোমবারও যৌথ অভিযান চালিয়ে আটক করা হয়েছে ১৫ জনকে। স্থানীয়রা আরও জানান, মাঝেমধ্যে যৌথ অভিযান চালিয়ে আটক করা হচ্ছে মাদকসেবী ও খুচরা বিক্রেতাদের; ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন নেপথ্যের ডিলার ও সিন্ডিকেটের হোতারা। 

গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড় ও লেগুনা স্ট্যান্ড থেকে জুরাইন রেলক্রসিং হয়ে ঘুণ্টিঘর রেলস্টেশন পর্যন্ত বিস্তৃত এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, বাদাম-চানাচুরের মতো ডালায় সাজিয়ে বিক্রি হয় মাদক। হাত বাড়ালেই মেলে ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল, কোকেন ও চোলাই মদ। সন্ধ্যা নামতেই জমে ওঠে বেচাকেনা, চলে গভীর রাত পর্যন্ত। রেললাইনের ওপর বসেই চলে সেবন। ক্রেতাদের মধ্যে রয়েছে উঠতি বয়সী তরুণ-তরুণী, এমনকি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও। সাধারণ পথচারীদেরও ক্রেতা ভেবে মাদক বিক্রেতারা ডাকাডাকি করেন বলে অভিযোগ স্থানীয়দের। তাদের আরও অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করেই চলছে মাদক কারবার। স্থানীয়দের দাবি, বিচ্ছিন্ন অভিযান চালিয়ে এ হাট বন্ধ করা যাবে না। মাদকের উৎস, পাইকারি সরবরাহকারী, মূল হোতা ও পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

আটক ১৫

মাদকবিরোধী অভিযান ঘিরে বিতর্কের মধ্যেই সোমবার বিকাল ৪টার দিকে গেন্ডারিয়ার রেললাইনের পাশে যৌথ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অভিযানে ১৫ জন মাদকসেবী ও মাদক কারবারিকে আটক করা হয়। এসআরবি-১০-এর সদস্যদের সঙ্গে স্থানীয় থানা-পুলিশও অভিযানে সহযোগিতা করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা মো. তাওছিফ শরীফ দায়িত্ব পালন করেন। আটকদের তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এসআরবির সঙ্গে যৌথ অভিযান চালিয়ে গাঁজাসহ অভিযুক্তদের আটক করা হয়েছে। দয়াগঞ্জ থেকে ঘুণ্টিঘর পর্যন্ত এখন থেকে নিয়মিত অভিযান পরিচালিত হবে।

তবে স্থানীয়দের প্রশ্ন, ১৫ জনকে আটক করেই কি মাদকের হাট বন্ধ করা সম্ভব? তাদের অভিযোগ, অভিযানে ধরা পড়ছেন মূলত সেবনকারী ও খুচরা বিক্রেতারা। অথচ কারা মাদকের চালান এনে দিচ্ছে, কারা পাইকারি সরবরাহ নিয়ন্ত্রণ করছে আর কারা এই কারবারের পেছনে রয়েছেÑ সেসব প্রশ্নের উত্তর মিলছে না। ফলে অভিযান চললেও মাদকের বেচাকেনা থামছে না।

পুলিশ এলে পাথর নিক্ষেপ

দয়াগঞ্জ থেকে ঘুণ্টিঘর পর্যন্ত মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধার মুখে পড়ে বলেও জানান স্থানীয়রা। তারা বলছেন, মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালায় এবং রেললাইনের পাথর ছুড়ে প্রতিরোধ গড়ে তোলে। এতে অভিযান পরিচালনা কঠিন হয়। এ পরিস্থিতিতে মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ রয়েছে এলাকাবাসীর মধ্যে। গতকাল ঘটনাস্থলে থাকা গেন্ডারিয়া থানা পুলিশের সদস্যরাও একই কথা জানিয়েছেন। 

স্থানীয় বাসিন্দা রাজু আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ইশরাকের বিষয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি সরকারের। তিনি মাদকের বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে অভিযানে নেমেছিলেন। এখানে পুলিশের ওপরও হামলা হয়, রেললাইনের পাথর নিক্ষেপ করা হয়। পুলিশ ভালোভাবে অভিযান চালাতে পারে না। ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়ে রাজু বলেন, ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে হয়তো তিনি এটা করেছেন। তবে অস্ত্র প্রদর্শন বেআইনি হয়ে থাকলে সেটিও বিবেচনার বিষয়। তার মতে, দয়াগঞ্জ মোড় থেকে ঘুণ্টিঘর রেলস্টেশন পর্যন্ত মাদক বন্ধ করতে ধারাবাহিক অভিযান চালানোর বিকল্প নেই।

কর্মজীবী নারী সাথী আক্তার বলেন, কাজে যাওয়ার সময় প্রতিদিনই দেখি, এখানে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও মাদক সেবন করে। প্রকাশ্যে মাদক বেচাকেনা হয়। পুলিশ এলে রেললাইনের পাথর নিক্ষেপ করা হয়। এখানে ভাসমান মাদকসেবী ও কারবারির সংখ্যা বেশি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা