আসাদুজ্জামান সম্রাট, ব্যাংকক (থাইল্যান্ড) থেকে
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১০:১৩ এএম
কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন বাড়ানো, ঋণের বদলে অনুদান নিশ্চিত করা এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি উঠেছে সদ্য সমাপ্ত বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সম্মেলনে। তবে সম্মেলন থেকে জলবায়ু অর্থায়নে নতুন কোনো বাধ্যতামূলক বৈশ্বিক অঙ্গীকার বা নির্দিষ্ট অর্থ বরাদ্দের ঘোষণা আসেনি। সম্মেলন চলার সময় ঋণ, অর্থনৈতিক বৈষম্য ও পরিবেশগত ক্ষতির প্রতিবাদে ব্যাংককে এক হাজারের বেশি মানুষ বিক্ষোভ করে। তাদের দাবির মধ্যে ছিল উন্নয়ননীতিতে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং জলবায়ু সংকট মোকাবিলায় ন্যায্য অর্থায়ন নিশ্চিত করা।
১২ থেকে ১৮ অক্টোবর ব্যাংককে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বব্যাংক উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে। ১৬ অক্টোবর বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানান, ২০২৬ অর্থবছরে সংস্থাটির জলবায়ু-সংশ্লিষ্ট অর্থায়ন ৯৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে ৪৮ বিলিয়ন এসেছে বেসরকারি পুঁজি থেকে। তবে এই অর্থ সম্মেলনে ঘোষিত নতুন প্রতিশ্রুতি নয়, বরং বিশ্বব্যাংকের ওই অর্থবছরের হিসাব। সংস্থাটির তথ্য অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি পুঁজি আকর্ষণের পরিমাণ ২০২২ অর্থবছরের ৩৫ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৬ অর্থবছরে ১১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। কিন্তু নিম্নআয়ের দেশগুলোতে এই অর্থের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলারেই স্থির রয়েছে। অর্থাৎ বেসরকারি বিনিয়োগ বাড়লেও সবচেয়ে দরিদ্র দেশগুলোতে তা উল্লেখযোগ্যভাবে বাড়ছে না।
বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ
সম্মেলন ঘিরে সংঘটিত বিভিন্ন প্রতিবাদ আয়োজনেও উঠে এসেছে এই বৈষম্যের প্রশ্ন। ১৫ অক্টোবর বিশ্বব্যাংক ও আইএমএফের নীতির বিরুদ্ধে এক হাজারের বেশি মানুষ মিছিল করে। তাদের অভিযোগ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ ও উন্নয়ননীতি সাধারণ মানুষের ঋণের বোঝা, পরিবেশগত ক্ষতি ও বৈষম্য বাড়াচ্ছে। সম্মেলনের নাগরিক সমাজ বিষয়ক নীতিমঞ্চে এই প্রশ্ন উঠে এসেছে যে, জলবায়ু অভিযোজনের অর্থ প্রকৃত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছাচ্ছে কি না। এ আলোচনায় অংশ নেন বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জাতিসংঘ অনুবিভাগের অতিরিক্ত সচিব একেএম সোহেল। আলোচনায় নিম্নআয়ের নারী, ক্ষুদ্র কৃষক, আদিবাসী জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থায়নে প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অর্থায়নের পথ ও লক্ষ্য নিয়ে নানা চিন্তা
সরকারের জাতীয় অভিযোজন পরিকল্পনা অনুযায়ী, ২০২৩ থেকে ২০৫০ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রয়োজন প্রায় ২৩০ বিলিয়ন ডলার বা ২৭ বছরে প্রায় ২৩ হাজার কোটি ডলার। বছরে গড়ে ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হবে। এর মধ্যে বছরে প্রায় ৬ বিলিয়ন ডলার আসার কথা আন্তর্জাতিক জলবায়ু তহবিল ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে। পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য, নগর উন্নয়ন, জীববৈচিত্র্য ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাসহ আটটি খাতে ১১৩টি কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। অথচ অর্থায়নের বড় অংশ নিশ্চিত করা না গেলে উপকূলীয় সুরক্ষা, নদীভাঙন মোকাবিলা, লবণাক্ততা সহনশীল কৃষি ও দুর্যোগ প্রস্তুতির মতো জরুরি উদ্যোগ বাস্তবায়ন কঠিন হবে।
এ অবস্থায় বিশ্বব্যাংকের বেসরকারি বিনিয়োগনির্ভর কৌশল বাংলাদেশের জন্য নতুন অর্থের সুযোগ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে উপকূলীয় বাঁধ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, আগাম সতর্কীকরণ ব্যবস্থা কিংবা ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের মতো প্রকল্পে সরাসরি মুনাফা সীমিত। ফলে এসব খাতে শুধু বেসরকারি বিনিয়োগের ওপর নির্ভর হলে অর্থের ঘাটতি দূর না-ও হতে পারে। অন্যদিকে জলবায়ু ক্ষতি মোকাবিলায় ঋণনির্ভরতা বাড়লে বৈদেশিক ঋণ পরিশোধের চাপও বাড়বে। এজন্য অনুদান, স্বল্প সুদের অর্থায়ন এবং সহজ শর্তে দীর্ঘমেয়াদি সহায়তা আদায়ে বাংলাদেশ অগ্রাধিকার দিচ্ছে।
বিশ্বব্যাপী জলবায়ু অর্থায়নের লক্ষ্যমাত্রা নিয়েও সম্মেলনে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলো ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্য নির্ধারণে সম্মত হয়। কিন্তু চলতি বছরের জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই অর্থকে উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত বলে উল্লেখ করেন এবং ক্ষয়ক্ষতি তহবিল থেকে দ্রুত ও সহজে অর্থছাড়ের দাবি জানান। ফলে ব্যাংককের সম্মেলনে নতুন অঙ্গীকার না আসায় অর্থায়নের পরিমাণ, শর্ত ও বাস্তবায়ন নিয়ে বিতর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
জলবায়ু অর্থায়নের ভবিষ্যৎ নির্ভর করবে শুধু অর্থের পরিমাণ বাড়ানোর ওপর নয়, বরং সেই অর্থ কত সহজে পাওয়া যাচ্ছে, কতটা অনুদান হিসেবে দেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে কতটা পৌঁছাচ্ছেÑ তার ওপর। বাংলাদেশকে জাতীয় অভিযোজন পরিকল্পনার প্রকল্পগুলো অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক জলবায়ু তহবিল, বিশ্বব্যাংক ও অন্যান্য উন্নয়ন সহযোগীর কাছে অর্থায়নের দাবি জোরদারের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও প্রকল্পের ফলাফল পরিমাপের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকক সম্মেলন নতুন কোনো বাধ্যতামূলক জলবায়ু অর্থায়ন চুক্তি ছাড়াই শেষ হলেও এর আলোচনায় স্পষ্ট হয়েছে যে, বেসরকারি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি অনুদান ও সহজ শর্তের অর্থায়ন নিশ্চিত না হলে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজনের প্রয়োজন পূরণ করা কঠিন হবে।