রাজধানীর বিভিন্ন বার ও ক্লাবে ধারাবাহিক অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এতে অনেকে গ্রেপ্তার হয়েছেন। উদ্ধার করা হয়েছে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে মজুদ রাখা বিপুল পরিমাণ মদ ও বিয়ার। ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন বার ও ক্লাবে ধারাবাহিক অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এতে অনেকে গ্রেপ্তার হয়েছেন। উদ্ধার করা হয়েছে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে মজুদ রাখা বিপুল পরিমাণ মদ ও বিয়ার। তবে এই অভিযানকে ঘিরে এরই মধ্যে নানা ধরনের অভিযোগ উঠেছে। চাহিদামতো টাকা না পাওয়ায় একটি চাঁদাবাজ সিন্ডিকেট অভিযানের পেছনে কলকাঠি নাড়ছে বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা এসব বার ও ক্লাবে আগে কেন অভিযান চালানো হয়নি এ নিয়েও চলছে নানা ধরনের কানাঘুষা। এমন পরিস্থিতিতে সঠিক তথ্য ছাড়া কোনো বার-ক্লাবে অভিযান না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জয়েন্ট কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এ ধরনের ঢালাও অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। অনৈতিক কার্যকলাপসহ সুনির্দিষ্ট বেশকিছু অভিযোগের তথ্য-প্রমাণের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে নিরপরাধ কাউকে আইনের আওতায় আনা হবে না, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন গুলশান, বনানী, মোহাম্মদপুর, রমনা, তেজগাঁও ও ধানমন্ডি এলাকায় ৯৭টি বার আছে। যেগুলো ৫ তারকা হোটেল, রেস্টুরেন্ট অ্যান্ড বার ও ক্লাবের নামে লাইসেন্স নেওয়া। তবে এর বাইরেরও কিছু বার রয়েছে যারা আন্তর্জাতিক ক্লাবের নামে চলে। বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা লাইসেন্স না নিয়েই ক্লাবগুলোতে অ্যালকোহল পানের আয়োজন করে থাকে। সেখানে মাঝেমধ্যে বাইরের লোকজনকেও আপ্যায়ন করা হয়। আবার অবৈধ উপায়ে বাইরেও বিক্রির অভিযোগ রয়েছে।
ক্লাবগুলোর মধ্যে রয়েছেÑ আইস, নরডিক ও বাঘাসহ আরও কয়েকটি। সম্প্রতি জার্মান ক্লাবের আড়ালে সেভেনটি এইট রেস্টহাউস সোসাইটিও চলছিল একইভাবে। এ ছাড়া আরও কিছু ব্যক্তিগত বার চলে অনুমোদন ছাড়াই।
অভিযোগ রয়েছেÑ বিভিন্ন সংস্থাকে ম্যানেজ করেই ওই বার ও ক্লাবগুলো চলে। এই সুযোগটিই কাজে লাগাচ্ছে একটি চক্র। তারা ওইসব ক্লাবে মাসিক চাঁদা চেয়ে তাদের প্রতিনিধিকে পাঠানোর পর চাহিদা না মেটায় বিভিন্ন সংস্থাকে দিয়ে অভিযান চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সূত্র মতে, প্রভাবশালীরা চাহিদামতো চাঁদা চেয়ে না পাওয়ার পরপরই এ ধরনের অভিযান সবাইকে অবাক করেছে। ধারণা করা হচ্ছে, তাদের ওই সিন্ডিকেটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যুক্ত থাকতে পারেন। এদিকে ধারাবাহিক অভিযানের মধ্যেই বিভিন্ন বার ও ক্লাবে অভিযান চালানোর ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোয়েন্দা পুলিশের কিছু অসাধু চক্রের বিরুদ্ধে।
বার অ্যাসোসিয়েশনের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগে চাঁদা চেয়ে প্রতিনিধি পাঠানো হয়েছে। এরপরই অভিযান। দ্রুতই এ বিষয়ে আমরা যথাযথ প্রক্রিয়ায় সরকারের দৃষ্টি আকর্ষণ করব। নেতাদের দাবি, ঢাকার দক্ষিণেও ৩০ থেকে ৩৫টি বার আছে। সেখানে কোনো অভিযান চালানো হয় না। গুলশান-বনানী অভিজাত এলাকা হওয়ায় বারবার এখানেই অভিযান চালিয়ে পয়সাওয়ালাদের ধরে নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে ছেড়ে দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোয়েন্দা পুলিশের এমন অভিযানের মধ্যে বার ও ক্লাব মালিকদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, একটি সিন্ডিকেটের সদস্যরা সম্প্রতি বিভিন্ন বার ও ক্লাব মালিকদের সঙ্গে যোগাযোগ করে মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করেছিল। তাদের সেই প্রস্তাবে রাজি না হওয়ার পর থেকেই অভিযান শুরু হয়েছে। এসব বারে অভিযান চালালে মদ্যপায়ীরা সেখানে আসেন না। এতে বারের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি খরিদ্দারও কমে যায়। এ কারণে অনেক সময় টাকা দিয়েই বার চালাতে বাধ্য হন মালিকরা। নয়তো নানা অজুহাতে অভিযানের নামে হয়রানি করা হয়।