× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কেউ অপরিহার্য নন’ বার্তা প্রধানমন্ত্রীর

ফসিহ উদ্দীন মাহতাব

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ০৮:৩৪ এএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৬ ০৮:৩৬ এএম

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

প্রথমে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। তারপর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মাত্র এক মাসেরও কম সময়ের ব্যবধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তাদের দুজনকেই সরে যেতে হলো পদ থেকে। তাদের ঘিরে বিতর্ক দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান যে পদক্ষেপ নিয়েছেন, তা দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের জন্য কঠোর রাজনৈতিক বার্তা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তারা বলছেন, প্রধানমন্ত্রী তার অবস্থানের মধ্য দিয়ে স্পষ্ট বার্তা দিচ্ছেন যে দলীয় পরিচয় কিংবা পদমর্যাদাধারী কেউই জবাবদিহির বাইরে থাকবেন নাÑ বিতর্কিত কেউই দলে অপরিহার্য নন।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এ দুটি ঘটনা কেবল দুজন মানুষের এমপি কিংবা প্রতিমন্ত্রীর পদে থাকা বা না-থাকার বিষয় নয়; সরকারের ভাবমূর্তি, আইন প্রয়োগে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা এবং ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধিদের আচরণ নিয়ন্ত্রণের চ্যালেঞ্জকেই এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী বিশেষভাবে বিবেচনায় নিয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, মাদকবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ার পক্ষে ইশরাকের সুনির্দিষ্ট বক্তব্য রয়েছে। কিন্তু একজন প্রতিমন্ত্রীর হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার ঘটনা জনপরিসরে প্রশ্ন তৈরি করেছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে পদত্যাগের নির্দেশ পাওয়ার খবর প্রকাশের পর তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করার উদ্যোগ নিয়েছেন। ফেসবুকে নিজের অবস্থান তুলে ধরেছেন। যা ঘটনাকে আরও আলোচিত করে তুলেছে।

উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যার দিকে গণমাধ্যমে খবর আসে যে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পরে এ বিষয়ে ইশরাকের পক্ষ থেকে আপত্তি ও অস্বীকারের বক্তব্যও আসে। কিন্তু গতকাল সোমবার সকালে তিনি জানান যে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন। পরে তিনি নির্ধারিত সময়ের আধঘণ্টা আগেই প্রেস ক্লাবে যান এবং পদত্যাগের ঘোষণা দেন। 

এর আগে ২৫ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, লুটপাট ও ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সাবেক এমপি মিষ্টির সম্পৃক্ততা সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। পরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার পর ১ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়।

মিষ্টির ঘটনার পর প্রশ্ন ওঠে, ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিতর্ক বা অভিযোগ উঠলে দল কীভাবে প্রতিক্রিয়া দেখাবে। ইশরাককে ঘিরে বিতর্ক সেই প্রশ্নকে আরও জোরালো করে। তবে সরকারের গৃহীত পদক্ষেপ থেকেই এ ধরনের পরিস্থিতিতে সরকারের অগ্রাধিকার সম্পর্কে একটি ধারণা মিলছে। আর তা হলো: দলের মধ্যে কারো রাজনৈতিক গুরুত্ব বা প্রভাব যতই থাকুক, তার কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তির জন্য ঝুঁকি তৈরি করলে নেতৃত্বকে সিদ্ধান্ত নিতে হতে পারে।

প্রশ্ন আইনের প্রয়োগ নিয়ে

সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে অস্ত্র হাতে ইশরাকের উপস্থিতির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সম্পর্কে ইশরাকের বক্তব্য, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই তিনি ওই কার্যক্রমে অংশ নেন। তার দাবি, হাতে থাকা আগ্নেয়াস্ত্রটি বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত এবং আত্মরক্ষার জন্যই সেটি প্রদর্শন করেছিলেন। অভিযানে মাদকদ্রব্য, অস্ত্র, নগদ অর্থ ও ছিনতাই করা মুঠোফোন জব্দ এবং কয়েকজনকে আটকের কথাও জানান তিনি।

কিন্তু মাদকবিরোধী কার্যক্রমের উদ্দেশ্য ইতিবাচক হলেও অস্ত্র হাতে একজন প্রতিমন্ত্রীর মাঠে নামার পদ্ধতিটি প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ অপরাধী শনাক্ত, আটক এবং আলামত জব্দের মতো কাজ মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। তারা সে দায়িত্ব পালনের সময় জনপ্রতিনিধিরা ভূমিকা রাখলেও তা আইন ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, ২০২৫ সালের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালার ২৫ অনুচ্ছেদ অনুযায়ী, আত্মরক্ষার জন্য লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বহন ও ব্যবহার করা গেলেও অন্যের মনে ভয় বা বিরক্তি তৈরি হতে পারে, এমনভাবে অস্ত্র প্রদর্শনের সুযোগ নেই। এ ক্ষেত্রে অস্ত্রের লাইসেন্স বৈধ কি না, সেটি একটি প্রশ্ন। আর নির্দিষ্ট পরিস্থিতিতে অস্ত্র প্রদর্শন যথাযথ ছিল কি না, সেটি আরেকটি প্রশ্ন।

‘কেউ অপরিহার্য নন’ বার্তার কার্যকারিতা কতটুকু

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিতর্কে জড়ানো জনপ্রতিনিধিদের বিষয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নিলে দলের ভেতরে শৃঙ্খলার বার্তা জোরালো হতে পারে। বিশেষ করে রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার কাছাকাছি থাকার কারণে যারা নিজেদের প্রভাবশালী মনে করেন, তাদের কাছে এটি সতর্কসংকেত হতে পারে। তবে এ বার্তা আরও কার্যকর হবে ধারাবাহিকতার মধ্য দিয়ে।

রাজনীতিতে পদত্যাগ কখনও ব্যক্তিগত দায় স্বীকারের ইঙ্গিত দেয়, কখনও দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রক্রিয়া, আবার কখনও বৃহত্তর রাজনৈতিক ক্ষতি সীমিত করার কৌশল হিসেবেও দেখা হয়। তাই কোনো জনপ্রতিনিধির পদত্যাগের ঘটনা থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়েছেÑ এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। একইভাবে পদত্যাগের নির্দেশকে সরকারের কঠোরতার প্রমাণ হিসেবে দেখলেও সেটি যথেষ্ট নয়। কারণ অভিযোগের নিরপেক্ষ নিষ্পত্তি এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত হচ্ছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ।

মিষ্টি ও ইশরাকের ঘটনা পাশাপাশি রাখলে সরকারের জন্য চ্যালেঞ্জ স্পষ্ট হয়Ñ দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে গিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যেন ব্যক্তিনির্ভর বলে মনে না হয়। কোন আচরণের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তার স্বচ্ছ ও ধারাবাহিক মানদণ্ড থাকা প্রয়োজন। তা না হলে এক ঘটনায় কঠোর ব্যবস্থা এবং অন্য ঘটনায় নীরবতা রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তৈরি করতে পারে।

যা বলছেন রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা

এ বিষয়ে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী গতকাল সোমবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দুটি ঘটনাকে একসঙ্গে দেখলে বোঝা যায়, সরকার কঠোরভাবে একটি রাজনৈতিক সীমারেখা টানতে চাইছে। জনপ্রতিনিধিরা দলীয় পরিচয়ের কারণে বাড়তি সুবিধা পাবেন নাÑ এমন বার্তা দেওয়ার রাজনৈতিক প্রয়োজন রয়েছে। তবে বার্তাটি বিশ্বাসযোগ্য করতে হলে সিদ্ধান্তের পাশাপাশি নিরপেক্ষ তদন্ত ও আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে। কোনো প্রতিমন্ত্রী বা সংসদ সদস্যকে পদ থেকে সরানো রাজনৈতিকভাবে কঠোর সিদ্ধান্ত হতে পারে, কিন্তু প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া এবং একই মানদণ্ড সবার ক্ষেত্রে প্রয়োগ করাই দীর্ঘ মেয়াদে সরকারের বিশ্বাসযোগ্যতা নির্ধারণ করবে। তাই শুধু পদত্যাগ নয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি। তা না হলে এসব পদক্ষেপ লোক দেখানো বলে মনে হতে পারে।’

ড. দিলারা চৌধুরীর মতে, ‘সরকারের সবচেয়ে বড় পরীক্ষা তাৎক্ষণিক বিতর্ক সামাল দেওয়া নয়, বরং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য বা অন্য জনপ্রতিনিধিদের মাদক ও সন্ত্রাস দমনের নামে জনসমক্ষে অস্ত্র প্রদর্শনের সুযোগ থাকা উচিত নয়। কারণ এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর অবস্থান নিলে জনগণ তা ইতিবাচকভাবে দেখতে পারে। তবে সেই কঠোরতা ধারাবাহিক হতে হবে।’

পদত্যাগের পরও প্রশ্ন থাকবে

প্রশাসনিক একাধিক সূত্র বলছে, অস্ত্র হাতে মাদকবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ার ঘটনা নিয়ে ওঠা প্রশ্নের উত্তর শুধু পদত্যাগে মিলবে না। অভিযানের আইনগত ভিত্তি কী ছিল, সেখানে পুলিশের ভূমিকা কী ছিল, অস্ত্র প্রদর্শনের পরিস্থিতি কতটা ছিল এবং সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করা হয়েছিল কি নাÑ এসব প্রশ্নের উত্তর গুরুত্বপূর্ণ। 

পর্যবেক্ষকরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান থেকে দলীয় শৃঙ্খলা ও সরকারের ভাবমূর্তিকে অগ্রাধিকার দেওয়ার বার্তা পাওয়া যেতে পারে। তবে এই বার্তা কতটা স্থায়ী হবে, তা নির্ভর করবে আইন ও জবাবদিহির প্রশ্নে সরকার কতটা ধারাবাহিক, স্বচ্ছ এবং প্রতিষ্ঠাননির্ভর অবস্থান নেওয়া হবে, তার ওপর। শেষ পর্যন্ত ‘কেউ অপরিহার্য নন’Ñ এই রাজনৈতিক বার্তার প্রকৃত তাৎপর্য তখনই দেখা দেবে, যখন পদ বা পরিচয় নির্বিশেষে সবার জন্য একই নিয়ম কার্যকর থাকবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা