সৌরভ হোসেন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১০:০৩ এএম
রাজধানীর প্রগতি সরণিতে উন্নয়নকাজের জন্য সড়কের বিভিন্ন অংশ খুঁড়ে রাখায় বাড়ছে যানজট ও জনদুর্ভোগ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি লাইন-১-এর ইউটিলিটি স্থানান্তর ও ঢাকা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের কাজ চলছে সড়কটিতে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর প্রগতি সরণিতে উন্নয়নকাজের জন্য সড়কের বিভিন্ন অংশ খুঁড়ে রাখায় বাড়ছে যানজট ও জনদুর্ভোগ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি লাইন-১-এর ইউটিলিটি স্থানান্তর ও ঢাকা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের কাজ চলছে সড়কটিতে। এতে কোথাও সংকুচিত হয়েছে যান চলাচলের জায়গা, কোথাও তৈরি হয়েছে খানাখন্দ। ফলে ৪০ মিনিটের পথ পাড়ি দিতে দেড় ঘণ্টা পর্যন্ত লাগছে। দীর্ঘদিন ধরে খোঁড়াখুঁড়ি চললেও সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
রবিবার দুপুর ১২টায় সায়েদাবাদ মোড় থেকে রাইদা পরিবহনের বাসে উত্তরার আব্দুল্লাহপুর যাচ্ছিলেন মো. মোস্তাফিজুর রহমান। অসুস্থ ছোট ভাইকে দেখতে যাত্রাবাড়ীর বাসা থেকে বেরিয়ে ভাটারা পর্যন্ত এলেও প্রগতি সরণিতে যানজটে আটকে পড়েন তিনি। সড়কের বিভিন্ন অংশে খোঁড়াখুঁড়ি ও রাস্তা কেটে রাখায় যান চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে।
মোস্তাফিজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ছোট ভাই অসুস্থ, তাকে নিয়ে চিন্তা হচ্ছে। অথচ ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে থাকতে হচ্ছে। আগে থেকেই প্রগতি সরণিতে যানজট ছিল, তবে এখন তা আরও বেড়েছে। উন্নয়নকাজ দ্রুত শেষ করে সড়ক চলাচলের উপযোগী করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক প্রগতি সরণিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানবাহনের চাপ থাকে। কুড়িল থেকে নতুন বাজার পর্যন্ত কয়েক বছর ধরে বিভিন্ন অংশে দফায় দফায় খননকাজ চলায় সামান্য চাপেই দীর্ঘ যানজট তৈরি হচ্ছে।
সরেজমিন দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে খনন করা জায়গা ঘিরে রাখা হয়েছে। কোথাও পড়ে রয়েছে নির্মাণসামগ্রী ও মাটি। অবশিষ্ট জায়গা দিয়ে বাস, ব্যক্তিগত গাড়ি, রিকশা ও মোটরসাইকেল চলাচলে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। খানাখন্দ এড়িয়ে চলতে গিয়ে যানবাহনকে বারবার লেন বদলাতে হচ্ছে, বাড়ছে যানজট।
এতে যাত্রার সময় বাড়ার পাশাপাশি নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ধুলায় ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। খোঁড়াখুঁড়িতে যানবাহনের ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। ফুটপাত বাধাগ্রস্ত হওয়ায় পথচারীদের মূল সড়কের কাছাকাছি দিয়ে চলতে হচ্ছে। এতে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ বাড়ছে।
৪০ মিনিটের পথ পাড়ি দিতে লাগছে দেড় ঘণ্টা
কুড়িলের একটি বেসরকারি টেলিভিশনে চাকরি করেন সাইফ আহমেদ সনি। তার বাসা রাজধানীর শ্যামপুরের মিরহাজীরবাগে। প্রতিদিন প্রগতি সরণি দিয়ে যাতায়াত করেন তিনি। প্রতিদিনের বাংলাদেশকে সনি বলেন, প্রকল্পের কাজ শুরুর আগে বাসায় পৌঁছাতে ৪০ মিনিট লাগত। এখন একই পথে আরও ৫০ মিনিট বেশি সময় লাগছে।
সড়কটির দুরবস্থায় ক্ষুব্ধ পরিবহনকর্মীরাও। ভিক্টর ক্লাসিক পরিবহনের হেলপার রাসেল মিয়া বলেন, বিভিন্ন স্থানে গর্ত থাকায় গাড়ি সাবধানে চালাতে হয়। পাশ দিয়ে মোটরসাইকেল ও রিকশা চলে, আবার উল্টোপথেও গাড়ি আসে। সব মিলিয়ে সড়কটি এখন বোঝা হয়ে উঠেছে।
ওয়াসার কাজ শেষের পথে, নতুন অংশে আবার খনন
প্রগতি সরণিতে ঢাকা ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজে নিয়োজিত শ্রমিক মো. আমিনুল ইসলাম বলেন, তারা রাতে খোঁড়াখুঁড়িসহ প্রয়োজনীয় কাজ করেন। এজন্য সংশ্লিষ্ট সব দপ্তরের অনুমতি নিতে হয়।
সড়কে ঢাকা ওয়াসার সাইনবোর্ড অনুযায়ী উপশম হাসপাতালের ইউটার্ন থেকে নতুন বাজারের ফুটওভার ব্রিজ পর্যন্ত ১২০ মিটার পাইপলাইন স্থাপনের কাজ চলছে। গত ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া কাজটি ২৬ অক্টোবরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। জনদুর্ভোগ কমাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষের চেষ্টা চলছে বলে জানান আমিনুল ইসলাম।
অন্যদিকে প্রকল্প কর্মকর্তার বরাত দিয়ে ঢাকা ওয়াসার উপপ্রধান জনতথ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, প্রগতি সরণিতে ওয়াসার ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ এমআরটি প্রকল্পের সঙ্গে সমন্বয় করে চলছে। ১৫ দিন পর সড়কের অন্য একটি অংশে নতুন করে কাজ শুরু হবে, যা শেষ হতে তিন মাস লাগবে।
ইউটিলিটি স্থানান্তর শেষে শুরু হবে মূল নির্মাণকাজ
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)-এর প্রকল্প পরিচালক মো. সারওয়ার উদ্দীন খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ইউটিলিটি স্থানান্তরের কাজ শেষ হলেই মূল নির্মাণকাজ শুরু হবে। আগামী বছরের মাঝামাঝি নাগাদ ইউটিলিটি স্থানান্তর শেষ করার লক্ষ্য রয়েছে।
জনদুর্ভোগ কমাতে বিকল্প বাইপাস চালুর উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ৩০০ ফিট সড়ক থেকে ১০০ ফিট সড়ক হয়ে স্বদেশ প্রপার্টিজ, আফতাবনগর, নর্দা, নতুন বাজার ও উত্তর বাড্ডা সড়কে বিকল্প বাইপাস চালুর চেষ্টা চলছে। আফতাবনগরে রাজউক একটি বেইলি ব্রিজ নির্মাণ করলে বাইপাসটির সংযোগ সম্পূর্ণ হবে।
ইউটিলিটি স্থানান্তরের কাজ শেষ হতে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত সময় লাগতে পারে। এরপর শুরু হবে মূল নির্মাণকাজ। ফলে প্রগতি সরণিতে দুর্ভোগ কত দিন চলবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিকল্প বাইপাস চালু হলে যানজট কিছুটা কমতে পারে, তবে তা নির্ভর করছে সংযোগ সড়ক ও সেতুর কাজ শেষ হওয়ার ওপর।
সড়ক বুঝে পেলে স্থায়ী সংস্কার করবে ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রগতি সরণি, কুড়িল বিশ্বরোড ও শাহজাদপুরের আমেরিকান দূতাবাস সংলগ্ন সড়কে এমআরটি-১ ও ঢাকা ওয়াসার উন্নয়নকাজ চলছে। এসব সড়কের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপাতত প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর। তিনি জানান, কাজ শেষে সড়কগুলো সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হলে স্থায়ী সংস্কার শুরু হবে।
এদিকে যানবাহনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা বলেন, মেট্রোরেল নির্মাণ, সড়ক খোঁড়াখুঁড়ি ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে অনেক সড়কে যান চলাচল সীমিত। যানজট কমাতে বিকল্প সড়ক ও লেন ব্যবহার করে চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।