সৌরভ হোসেন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ০৯:৪৬ এএম
রাজধানীর সড়কে গণপরিবহনের রেষারেষি দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। আগে যাত্রী তোলা, অন্য বাসকে পেছনে ফেলা কিংবা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছে বেশি ট্রিপ দেওয়ার চাপে বেপরোয়া হয়ে উঠছেন অনেক চালক। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর সড়কে গণপরিবহনের রেষারেষি দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। আগে যাত্রী তোলা, অন্য বাসকে পেছনে ফেলা কিংবা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছে বেশি ট্রিপ দেওয়ার চাপে বেপরোয়া হয়ে উঠছেন অনেক চালক। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। নিহতদের তালিকায় যাত্রী ও পথচারীদের পাশাপাশি রয়েছেন বাসের হেলপারসহ পরিবহন শ্রমিকরাও। রাজধানীর সড়ক থেকে মহাসড়কে একের পর এক দুর্ঘটনা সামনে আনছে গণপরিবহনের নিরাপত্তাব্যবস্থা, যানবাহনের ফিটনেস এবং তদারকির দুর্বলতা। দুর্ঘটনার পর পুলিশ সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বললেও বন্ধ হচ্ছে না বাসের রেষারেষি। ফলে সড়কে প্রাণহানির ঘটনাও থামছে না।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গত সেপ্টম্বরে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় মোট ৪২৩ জন নিহত ও ৬৭৪ জন আহত হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ১৪ জন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এসব দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৭৩ জন নারী ৬১ জন শিশু রয়েছে। তবে অঞ্চলভেদে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩২টি দুর্ঘটনায় ১৪৩ জন নিহত হয়েছে।
রেষারেষির বলি হেল্পার, পথচারীও
রাজধানীর মিরপুর রোড, প্রগতি সরণি, বিমানবন্দর সড়ক ও সায়েদাবাদ-যাত্রাবাড়ী রুটে বাসের প্রতিযোগিতামূলক চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। যাত্রী ওঠানো নিয়ে টানাটানি, রাস্তার মাঝখানে বাস দাঁড় করানো, অন্য যানবাহনকে চাপে ফেলা এবং চলন্ত অবস্থায় একে অপরকে পাশ কাটানোর চেষ্টা সব মিলিয়ে ঝুঁকির মুখে পড়ছে সাধারণ মানুষ।
গত বুধবার রাতে যাত্রী তোলা ও আগে যাওয়ার প্রতিযোগিতায় রাইদা ও ভিক্টর পরিবহনের দুটি বাসের রেষারেষির মধ্যে পড়ে ভিক্টর পরিবহনের হেল্পার ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর চালকেরা বাস ফেলে পালিয়ে যান বলে জানা গেছে। এর আগে গত ১২ অক্টোবর রাজধানীর টিকাটুলী ফুটওভার ব্রিজের নিচে সড়ক পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে প্রাণ হারান রিনা রানী দাস (৪০)।
তার আগে বাড্ডা লিংক রোড এলাকায় রাইদা ও ভিক্টর পরিবহনের বাসের রেষারেষিতে নিহত হন ব্যাংককর্মী আবুল কাশেম আজাদ। গত মে মাসে নর্দায় বাসের ধাক্কা ও রেষারেষির ঘটনায় একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়।
অনুসন্ধানে উঠে এসেছে বিস্তৃত চিত্র
২০২৫ সালের এপ্রিলে ফরিদপুরে বাস দুর্ঘটনায় সাতজন নিহত ও ২৯ জন আহতের ঘটনায় পাঁচটি কারণ চিহ্নিত করে জেলা প্রশাসন। তদন্তে অতিরিক্ত গতি, নিয়ন্ত্রণ হারানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, সতর্কতামূলক সংকেতের ঘাটতি এবং বৈধ ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনহীন যান চলাচলের তথ্য উঠে আসে। একই বছর বনানীতে ৪২ পোশাক শ্রমিক আহত হন। তার আগে নর্দা-নতুনবাজার এলাকায় ইসলাম পরিবহনের বাস সড়ক বিভাজক ভেঙে বিপরীত দিকের বাসকে ধাক্কা দিলে চারজন নিহত ও ১০ জন আহত হয়। ২০২৪ সালের ডিসেম্বরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় অপেক্ষমাণ যানবাহনের ওপর বাসের ধাক্কায় ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়।
এসব ঘটনা বলছে, দুর্ঘটনার দায় শুধু চালকের বেপরোয়া আচরণে সীমাবদ্ধ নয়। গাড়ির কারিগরি ত্রুটি, দুর্বল ব্যবস্থাপনা, চালকদের কর্মঘণ্টা, বিশ্রামের অভাব এবং কার্যকর নজরদারির ঘাটতিও ঝুঁকি বাড়াতে পারে।
এসব যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না বা আপনারা কী ব্যবস্থা নেন, এমন প্রশ্নের জবাবে পুলিশের এক কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ফিটনেসবিহীন বাসের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা অনুযায়ী সরাসরি ডাম্পিংয়ে পাঠানো হয়। কিছু গাড়ি বাহ্যিকভাবে ফিটনেসবিহীন মনে হলেও কাগজপত্রে বৈধ ফিটনেস সনদ থাকে। এ ধরনের গাড়ি আটক করার পর ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
সাম্প্রতিক সময়ের বাসের মধ্যে প্রতিযোগিতা ও রেষারেষির কারণে দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, দায়িত্ব পালনকালে এ ধরনের ঘটনা চোখে পড়লে সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত না থাকলেও খবর পেলে সেখানে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেন। নিজের দ্বায়িত্বরত এলাকায় অপরাধী গাড়ি আটক করা সম্ভব না হলে পরবর্তী ট্রাফিক স্টেশনকে গাড়ির নম্বর জানিয়ে ব্যবস্থা নিতে বলা হয়।