জোসনা জামান
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ০৯:২০ এএম
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লোগো। সংগৃহীত
প্রাথমিক শিক্ষার উন্নয়নে আসছে মেগাপ্রকল্প। এটি বাস্তবায়নে বিনিয়োগ হবে ৪১ হাজার ৯০ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিলের ৩৩ হাজার ২০৩ কোটি ২৩ লাখ টাকা ও দাতা সংস্থার ঋণ-অনুদান ৭ হাজার ৮৮৭ কোটি ২৫ লাখ টাকা। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইউরোপীয় ইউনিয়ন, ইউনিসেফ, ইউনেস্কো ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মিলে ঋণ ও অনুদান দেবে।
পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন প্রস্তুতি নিয়েছে পরিকল্পনা কমিশন। অনুমোদন পেলে চলতি বছর শুরু হয়ে ২০৩১ সালের মধ্যে এটি বাস্তবায়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
পরিকল্পনা সচিব এস এম শাকিল আকতার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এর আগে শেষ হয়েছে পিইডিপি-৪। এখন প্রাথমিক শিক্ষার উন্নয়নে আসছে পিইডিপি-৫। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাওয়ার পর পরিকল্পনা কমিশনের প্রক্রিয়া শেষে বর্তমানে কার্যক্রম বিভাগে রয়েছে। এখন যেকোনো একনেক বৈঠকে উপস্থাপন করা হবে। কেননা প্রাথমিক শিক্ষা উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। সেই সঙ্গে এর মধ্যে আছে বৈদেশিক ঋণ ও অনুদান।
প্রধান কয়েকটি খাতের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছেÑ ৬৬ হাজার ৭৩৭টি বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছতায় ২ হাজার ৩৯৭ কোটি ৯০ লাখ টাকা। প্রশিক্ষণে খরচ হবে ৩ হাজার ১২৫ কোটি ৭৫ লাখ টাকা, অফিস ও বিদ্যালয় মেরামতে ৩ হাজার ৫২০ কোটি ও পরামর্শক খাতে খরচ হবে ৪৩৬ কোটি ৫২ লাখ টাকা। আরও আছে, স্কুল ড্রেস তৈরিতে ১০ হাজার ৩৫২ কোটি ৫১ লাখ টাকা। এ ছাড়া অনাবাসিক ভবন নির্মাণে ১০ হাজার ৮৮১ কোটি ৯৪ লাখ ও কম্পিউটার-আনুষঙ্গিক যন্ত্রপাতি কিনতে ২ হাজার ২৩৪ কোটি ৫৮ লাখ টাকা খরচ করা হবে।
কর্মসূচি সম্পর্কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, এর অন্যতম লক্ষ্য হলো শিশুদের জন্য আনন্দের সঙ্গে মজবুত বুনিয়াদি শিক্ষা নিশ্চিত করা। পাশাপাশি নৈতিক ও চারিত্রিক মূল্যবোধ, পরিবেশ সচেতনতা, দক্ষতা, সামাজিকতা ও সহানুভূতিশীলতা, একবিংশ শতাব্দীর প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা। যাতে তারা উদ্দেশ্যপূর্ণ জীবন যাপন করতে পারে এবং জাতীয় উন্নয়নে অর্থবহ অবদান রাখতে সক্ষম হয়। সেই সঙ্গে ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচিও চালু করা হবে।
শিক্ষাদান ও শিক্ষার মান
শিক্ষাদান, পাঠ্যক্রম, পেডাগজি (শিক্ষণ-পদ্ধতি) ও মূল্যায়নের মান উন্নয়ন করা, যাতে সব শিশু, বিশেষত প্রাথমিক শ্রেণিতে বুনিয়াদি শেখা, সামাজিক-মানসিক ও নৈতিক দক্ষতা অর্জন করতে সক্ষম হয়। সব শিশু, বিশেষ করে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুরা যেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুযোগের মাধ্যমে বিদ্যালয়ে ভর্তি হয়, নিয়মিত উপস্থিত থাকে এবং প্রাথমিক শিক্ষা সম্পন্ন করতে পারে তা নিশ্চিত করা হবে।
বিদ্যালয় পরিবেশ ও সহনশীলতা
নিরাপদ, অন্তর্ভুক্তমূলক, জলবায়ু-সহনশীল ও পরিবেশবান্ধব বিদ্যালয় পরিবেশ নিশ্চিত করা, যা শিক্ষার্থীদের সুস্থতা, নিয়মিত উপস্থিতি ও ধারাবাহিক শিক্ষাকে উৎসাহিত করবে এবং সুশাসন, অর্থায়ন ও জবাবদিহি জোরদার করা, যাতে শিক্ষাব্যবস্থা দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে শেখার ফলাফল নিশ্চিত করতে পারে।
প্রকল্প প্রস্তাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়েছে, দেশে প্রাথমিক শিক্ষা খাতের উন্নয়নে ধারাবাহিকভাবে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিগুলো ২০০৪ সাল থেকে বাস্তবায়িত হয়ে আসছে। এর মধ্যে সম্প্রতি পিইডিপি-৪ কর্মসূচিটি শেষ হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ সরবরাহ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতে অর্জিত হয়েছে দৃশ্যমান সাফল্য। তবে খাতভিত্তিক সূচক বিশ্লেষণে প্রতীয়মান হয় যে শিক্ষার্থীদের ভিত্তিমূলক সাক্ষরতা ও গণিত দক্ষতা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। একই সঙ্গে ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ, প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি এবং শিক্ষা ব্যবস্থাপনায় দক্ষতা ও জবাবদিহি জোরদারে বিদ্যমান সীমাবদ্ধতাগুলো স্পষ্টভাবে চিহ্নিত।
এ কারণে নতুন করে হাতে নেওয়া পিইডিপি-৫ কর্মসূচি বাস্তবায়িত হলে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘সবার জন্য মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা’ নিশ্চিত করার একটি সুস্পষ্ট কাঠামো পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, প্রস্তাবিত এ কর্মসূচির ওপর গত ১৯ মে অনুষ্ঠিত হয় প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা। সেখনে কিছু শর্ত সাপেক্ষে এটি অনুমোদনের সুপারিশ করা হয়। পিইসি সভার সিদ্ধান্ত ও পরবর্তীতে অনুষ্ঠিত পর্যালোচনা সভার সুপারিশ অনুযায়ী ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) পুনর্গঠন করা হয়েছে। পিইসি সভায় কর্মসূচিটি মোট ৪৯ হাজার ৯৫০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। এর মধ্যে সরকারি তহবিলের ৩৪ হাজার ৯৫০ কোটি এবং বৈদেশিক ঋণ ও অনুদান ১৫ হাজার কোটি টাকা ধরা হয়। পিইসি সভার পরবর্তীতে ব্যয় যুক্তিযুক্ত কমিটি ৮ হাজার ৮৫৯ কোটি ৫২ লাখ টাকা কমিয়ে মোট ৪১ হাজার ৭৬১ কোটি ৭ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় প্রস্তাব করে। এরপর পর্যালোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী আরও ৬৭০ কোটি ৫৯ টাকা কমিয়ে মোট ৪১ হাজার ৯০ কোটি ৪৮ হাজার টাকা করা হয়েছে।
কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) মো. এহছানুল হক কমিশনের মতামত দিতে গিয়ে তার লিখিত বক্তব্য দেন। সেখানে তিনি বলেছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটি বাস্তবায়ন করবে। প্রস্তাবিত কর্মসূচিটি বাস্তবায়নের মাধ্যমে একটি গুণগত, অন্তর্ভুক্তিমূলক, প্রযুক্তিনির্ভর ও ফলাফলমুখী মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে প্রতীয়মান হয়েছে। এর ব্যয় ৫০ কোটি টাকার বেশি হওয়ায় প্রস্তাবটি ‘সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন নির্দেশিকা-২০২২’-এর অনুচ্ছেদ ৩.২.৩ অনুযায়ী একনেক সভায় অনুমোদনযোগ্য।