হাসনাত শাহীন ও আজিজুল ইসলাম
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ০৮:৪২ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যেই বদলে গেছে রাজধানীর তিন হাসপাতালের চালচিত্র। ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যেই বদলে গেছে রাজধানীর তিন হাসপাতালের চালচিত্র। হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা কর্মীদের তৎপরতা বেড়েছে, হাসপাতাল প্রাঙ্গণ থেকে সরানো হয়েছে ময়লা-আবর্জনা, পরিষ্কার করা হয়েছে ওয়ার্ডের মেঝে ও শৌচাগার। কোথাও দেয়ালে রঙ করা হচ্ছে, কোথাও গঠন করা হয়েছে তদারকি কমিটি। তবে দৃশ্যমান এই পরিবর্তনের আড়ালে পুরনো সমস্যাগুলো রয়েই গেছে। কোথাও টয়লেট এখনও অপরিচ্ছন্ন, কোথাও ভাঙা দরজা ও নষ্ট পানির কল; আবার কোথাও রোগী ও স্বজনদের অসচেতনতায় দ্রুত নোংরা হচ্ছে পরিষ্কার করা জায়গা।
রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে সরেজমিন গিয়ে গতকাল রবিবার এ চিত্র দেখা গেছে। শনিবার হাসপাতালগুলো আকস্মিক পরিদর্শন করে পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনার ঘাটতিতে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রুটি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিন সময় দেন তিনি। এর পরপরই জোরদার হয় হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম।
তবে এই পরিবর্তন একেক হাসপাতালে ঘটেছে একেকভাবে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সকালে ঝকঝকে পরিবেশ দেখা গেলেও ২ ঘণ্টার ব্যবধানে বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখা যায় পানির বোতল, টিস্যু ও খাবারের প্যাকেট। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাঙ্গণ পরিচ্ছন্ন হলেও অপরিচ্ছন্ন রয়ে গেছে কয়েকটি শৌচাগার। আর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ময়লা-আবর্জনা সরিয়ে পরিবেশের উন্নতি ঘটানো হলেও ভাঙা টয়লেটের দরজা ও নষ্ট পানির কলের সমস্যা দূর হয়নি। অর্থাৎ পরিচ্ছন্নতামূলক তৎপরতা বেড়েছে, কিন্তু অব্যবস্থাপনা পুরো কাটেনি। ফলে প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর পরিদর্শনকে কেন্দ্র করে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ কতটা স্থায়িত্ব পাবে।
এ সম্পর্কে হাসপাতাল-সংশ্লিষ্টরা বলছেন নিয়মিত তদারকি, অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করা এবং রোগী ও স্বজনদের সচেতনতা নিশ্চিত না হলে পরিচ্ছন্নতার এই উদ্যোগ দীর্ঘস্থায়ী করা কঠিন হবে।
পরিচ্ছন্নতা বেড়েছে শিশু হাসপাতালে
হেমন্তের শান্ত সকাল। ঘড়ির কাঁটায় সকাল সাড়ে ৮টা। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের প্রধান ফটক দিয়ে ঢুকতেই চোখে পড়ল ঝকঝকে পরিবেশ। এতই ঝকঝকে যে, গাছের নিচে কোনো শুকনো পাতাও নেই। বিভিন্ন বিভাগের মেঝে, বাথরুম এবং আশপাশের স্থানও পরিষ্কার। কিন্তু সকাল ১০টার দিকে হাসপাতালের ভেতর থেকে বাইরে আসতে চোখে পড়ল পুরো উল্টো চেহারা। বিভিন্ন স্থানে পড়ে আছে ব্যবহৃত টিস্যু, পানির বোতল, কোমল পানীয়ের বোতল, চিপসের প্যাকেটসহ খাবারের উচ্ছিষ্টাংশ। এসবই মূলত রোগীদের সঙ্গে আসা উদ্বিগ্ন আত্মীয়স্বজন কিংবা দর্শনার্থীদের অবদান!
হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মী বললেন, ‘প্রধানমন্ত্রী আসার পর স্যারদের কড়া নির্দেশÑ সারাক্ষণ পরিষ্কার করতে হবে। আমরা সেই চেষ্টা করছি। কিন্তু রোগী আর তাদের স্বজনদের চাপ বাড়লে পরিষ্কার রাখা কঠিন হয়ে পড়ে। একজন পানির বোতল ফেলেন তো আরেকজন টিস্যু ফেলেন। একজন চিপসের প্যাকেট ফেলেন তো অন্যজন কেক-বিস্কুটের প্যাকেট ফেলেন। কেউ নাক ঝাড়ে, থু-থু ফেলে। কতক্ষণ পরিষ্কার করা যায়?’
গত শনিবার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে এসে অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামকে তার কক্ষে ধূমপান করতে দেখেন তিনি। কক্ষটিও ছিল অপরিচ্ছন্ন। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিভিন্ন ওয়ার্ড, টয়লেট ও বাইরের পরিবেশের জন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতির কারণে গত তিন মাস ধরেই পরিচ্ছন্নতার কার্যক্রম চলছিল। এখন তা আরও জোরদার করা হয়েছে।’ সাত দিনের মধ্যে চিহ্নিত ত্রুটি দূর করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
সোহরাওয়ার্দী হাসপাতালÑ ওপরের ফিটফাট, ভেতরে সদরঘাট
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পরদিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাঙ্গণ, চলাচলের পথ, খোলা জায়গা ও উদ্যানজুড়ে পরিচ্ছন্নতার তৎপরতা দেখা যায়। তবে বহির্বিভাগের পুরুষদের ব্যবহারের জন্য নির্ধারিত একটি শৌচাগারসহ বিভিন্ন ওয়ার্ডের বাথরুম এখনও অপরিচ্ছন্ন রয়েছে। শৌচাগারের সংখ্যাও কম।
হাসপাতালের পরিচালক অধ্যাপক মীরজাহান গোলাম সারওয়ার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বহির্বিভাগে প্রতিদিন নতুন টিকিট নিয়ে প্রায় চার হাজার রোগী আসে। এর বাইরে রিপোর্ট দেখানোসহ বিভিন্ন প্রয়োজনে আসে আরও আড়াই থেকে তিন হাজার রোগী। সব মিলিয়ে প্রতিদিন প্রায় সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার রোগীর চাপ থাকে। এত মানুষের জন্য শৌচাগার পরিষ্কার রাখা বেশ কঠিন। বহির্বিভাগে শৌচাগারের সংখ্যাও কম।
শৌচাগার বাড়ানোর ক্ষেত্রে জায়গার সংকট রয়েছে উল্লেখ করে হাসপাতালের পরিচালক বলেন, ‘বহির্বিভাগের জন্য আলাদা কমপ্লেক্স নির্মাণ বা বিদ্যমান ব্যবস্থা সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় রয়েছে। প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর পরিচ্ছন্নতার কাজ জোরদার হলেও শৌচাগারের সীমাবদ্ধতা ও রক্ষণাবেক্ষণের সমস্যা দূর করা এখন বড় চ্যালেঞ্জ।’
মৈত্রী হাসপাতাল পরিষ্কার হয়েছে, রয়ে গেছে ভাঙা দরজা-নষ্ট কল
রাজধানীর উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে শনিবারও ছিল ময়লা-আবর্জনা। টয়লেটগুলো ছিল অপরিচ্ছন্ন, কোথাও জমেছিল শ্যাওলা। দুর্গন্ধে আশপাশে যাওয়া কঠিন ছিল। কিন্তু পরদিন রবিবারই দেখা গেল ভিন্ন চিত্র। হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার, দেয়ালে চলছে রঙের কাজ। ময়লা জমে থাকা কোণ পরিষ্কার করে ছিটানো হয়েছে ব্লিচিং পাউডার। চারতলার বিভিন্ন ওয়ার্ডের মেঝেও পরিষ্কার করা হয়েছে। তবে কয়েকটি টয়লেটের দরজা ভাঙা। কোথাও পানির কল নষ্ট। সেসব কল দিয়ে অনবরত পানি পড়ছে।
হাসপাতালে ভর্তি স্ত্রীর পাশে থাকা দক্ষিণখানের বাসিন্দা মো. শরিফুল ইসলাম বলেন, ‘টয়লেটে দুর্গন্ধ ছিল। আশপাশেও স্যাঁতসেঁতে ভাব। প্রধানমন্ত্রী আসার পর থেকে সবাই কেন জানি সক্রিয় হয়েছে।’ সাত দিন ধরে হাসপাতালে ভর্তি গাজীপুরের আব্দুর রহমানও টয়লেটের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মিজানুর রহমান বলেন, ‘সংসদ সদস্যের সঙ্গে কথা বলে এক সপ্তাহ আগে থেকেই হাসপাতাল সংস্কারের কাজ শুরু হয়েছিল। এর মধ্যে প্রধানমন্ত্রী হঠাৎ পরিদর্শনে এসেছেন!’ ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার আশ্বাস দেন তিনি।
পরিচ্ছন্নতা ধরে রাখাই চ্যালেঞ্জ
তিন হাসপাতালেই প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর পরিচ্ছন্নতার দৃশ্যমান উন্নতি হয়েছে। কিন্তু শুধু বিশেষ পরিদর্শনের পর পরিচ্ছন্নতার তৎপরতা বাড়ানো যথেষ্ট নয়। নিয়মিত তদারকি, প্রয়োজনীয় অবকাঠামোর সংস্কার, পর্যাপ্ত শৌচাগার এবং রোগী ও স্বজনদের সচেতনতা নিশ্চিত করা জরুরি। প্রধানমন্ত্রীর বেঁধে দেওয়া সাত দিনের পরও হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা এবং সেবার পরিবেশ বজায় রাখাই হলো বড় চ্যালেঞ্জ।