রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১১:৪৮ এএম
লক্ষ্মীপুরের কমলনগরে জেগে ওঠা চরে সবুজ ঘাস দেখে বেঁচে থাকার নতুন স্বপ্ন বুনছেন ভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মেঘনা নদীর অব্যাহত ভাঙনে ভিটেমাটি, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজারও পরিবার। ভাঙনে তলিয়ে যাওয়া যে জমির ওপর দিয়ে বছরের পর বছর চলেছে জাহাজ, ট্রলার, সেখানেই এখন নতুন করে জেগেছে বিস্তীর্ণ চর।
হারিয়ে যাওয়া জমিতে সবুজ ঘাস দেখে বেঁচে থাকার নতুন স্বপ্ন বুনছেন ভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষকরা। প্রকৃত ভূমি মালিকরা ফিরে পাওয়া জমিতে চাষাবাদের প্রস্তুতি নিলেও চরটিকে ঘিরে প্রভাবশালী দখলদার চক্রের তৎপরতায় শুরু হয়েছে সংশয় ও আতঙ্ক।
ভুক্তভোগীদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায় ৪০০ একরের কটোরিয়া ও কাঁকড়ার চরটি এককভাবে দখল করে নেয় স্থানীয় প্রভাবশালী ‘মাতব্বর’ চক্র। চার বছর ভোগদখলের পর সম্প্রতি তারা চরটি ভোলার চরফ্যাশনের এক প্রভাবশালীর কাছে ৩৪ লাখ টাকায় এক বছরের জন্য ইজারা দিয়েছে। এবার তাদের নজর পড়েছে দক্ষিণ জগবন্ধু সীমানায় জেগে ওঠা নতুন চরের ওপর। কোনো মালিকানা না থাকলেও কেবল গায়ের জোরে চক্রটি এই নতুন চর দখলের চেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে জবরদখল রুখতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন স্থানীয় ‘ভূমি মালিক ঐক্য পরিষদ’।
স্থানীয় সূত্র জানায়, ২০০১ সাল থেকে মেঘনার ভয়াবহ ভাঙনে উপজেলার প্রায় ২০ কিলোমিটার এলাকা নদীতে বিলীন হয়ে যায়। ধারাবাহিকভাবে ২০১৩-১৪ সালের দিকে চর কালকিনি ও সাহেবেরহাট ইউনিয়ন দুটি প্রায় পুরোপুরি মানচিত্র থেকে মুছে যায়। এ ছাড়া চর ফলকন, পাটওয়ারীরহাট ও চর লরেন্স ইউনিয়নের একটি বড় অংশ নদীতে বিলীন হয়ে যায়। এতে বাস্তুহারা হাজারো পরিবার উপজেলার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে মানবেতর দিন কাটাচ্ছে।
নদীতে হারানো সেই ভূখণ্ড সম্প্রতি আবার দৃশ্যমান হতে শুরু করেছে। উপজেলার দক্ষিণ জগবন্ধু সীমানায় বড় একটি অংশে নতুন চর জেগেছে। এ ছাড়া ৫ বছর পূর্বে ‘কটোরিয়া ও কাঁকড়ার চর’ এলাকায় প্রায় ৪০০ একর জমি দৃশ্যমান হয়েছে। কিন্তু নতুন চর জেগে ওঠার পর থেকেই শুরু হয়েছে দখলের মহোৎসব। তবে জেগে ওঠা চরে জবরদখল ঠেকাতে এবং নিজেদের জমি ফিরে পেতে ঐক্যবদ্ধ হয়েছেন ভুক্তভোগী কৃষকরা। তারা ‘চর জগবন্ধু, ফলকন ও পাটওয়ারীরহাট ভূমি মালিক ঐক্য পরিষদ’ গঠন করেছেন।
দক্ষিণ জগবন্ধু ভূমি মালিক সমিতির সভাপতি জহির উদ্দিন রিয়াজ জানান, সাহেবের হাট ইউনিয়নের দক্ষিণ জগবন্ধুর নিজস্ব সীমানায় নতুন চর জেগেছে। সেখানে মাতব্বরদের কোনো জমি নেই। প্রকৃত ভূমি মালিকরা যেন এখানে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করতে পারেন, সেই চেষ্টাই করছি।
পাটওয়ারীরহাট ইউনিয়নের ভূমি মালিক সমিতির নেতা জাহাঙ্গীর মেম্বার বলেন, ভাঙনের শিকার জগবন্ধু, ফলকন ও পাটওয়ারীরহাটের ক্ষতিগ্রস্তদের ঐক্যবদ্ধ করে একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করছি। কিন্তু মাতব্বর গোষ্ঠী ও ফলকনের একটি প্রভাবশালী গ্রুপ ভিন্ন উদ্দেশ্যে এসব জমি জোরপূর্বক ভোগদখলের পাঁয়তারা করছে।
সাহেবেরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর মো. মাসুদ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাতব্বররা একটি চর দখল করে সুবিধা নিয়েছে। এখন তারা প্রকৃত ভূমি মালিকদের বঞ্চিত করে দক্ষিণ জগবন্ধুর নতুন চরটিও দখলের চক্রান্ত করছে।
অভিযোগের বিষয়ে জানতে মূল অভিযুক্ত বেলাল মাতব্বর ও খোকন মাতব্বরের সঙ্গে একাধিকবার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান বলেন, নতুন চর দখল চেষ্টার বিষয়টি শুনেছি। সরেজমিন খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।