× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবকাঠামো ও জনবল সংকটে বাণিজ্যিক আদালত

মাসুদুল হাসান

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১০:২২ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাণিজ্যিক বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির জন্য চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ঢাকা মহানগরসহ সারা দেশে ৭৫টি বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করে সরকার। দেশের অর্থনীতি ও বিচারব্যবস্থার ক্ষেত্রে এ আদালত প্রতিষ্ঠাকে সরকারের নীতিনির্ধারকরা দেখেছিলেন মাইলফলক হিসেবে।

তবে এর কার্যক্ষেত্রে দেখা দিয়েছে তীব্র সংকট ও চ্যালেঞ্জ, যা এর কার্যক্রমের গতিশীলতায় বেশ প্রতিবন্ধকতা তৈরি করছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগরে তিনটি এবং চট্টগ্রাম মহানগরে প্রতিষ্ঠা করা হয়েছে দুটি বাণিজ্যিক আদালত। এ ছাড়া গাজীপুর, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল মহানগরেও গঠন করা হয়েছে একটি করে পৃথক বাণিজ্যিক আদালত। অর্থাৎ সারা দেশের মহানগর এলাকাগুলোয় রয়েছে মোট ১১টি বাণিজ্যিক আদালত। মহানগরের এই আদালতগুলোসহ জেলা পর্যায়ের সবগুলো মিলিয়ে সারা দেশে গড়ে উঠেছে মোট ৭৫টি বাণিজ্যিক আদালত।

বাণিজ্যিক আদালতের সম্ভাবনা

‘বাণিজ্যিক আদালত আইন, ২০২৬’ অনুমোদনের মাধ্যমে বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার শুরুতে আশা করা হয়েছিল, এর ফলে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আইনি নিশ্চয়তা বাড়বে এবং ব্যবসার পরিবেশ উন্নত হবে। এই আইনে মামলার রায় বা চূড়ান্ত শুনানির আগে বাধ্যতামূলক মধ্যস্থতার সুযোগ রাখা হয়েছে। এর ফলে আদালতের বাইরেই অনেক বড় বড় বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে, যা মূল বিচারব্যবস্থার ওপর চাপ কমবে। তবে প্রত্যাশিত গতিশীলতা না থাকায় ব্যবসায়িক বিরোধ মিটানোর ক্ষেত্রে এ আদালত তেমন ভূমিকা রাখতে পারছেন না। 

প্রধান প্রধান সংকট

আইন বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক আদালত আইনে এখনও কিছু বড় ফাঁক রয়ে গেছে। যেমন— নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বিরোধ, কর সংক্রান্ত জটিলতা, শ্রমবিরোধ এবং ফৌজদারি প্রকৃতির বাণিজ্যিক জালিয়াতিগুলো এখনও এই বিশেষায়িত আদালতের আওতার বাইরে রাখা হয়েছে। আইনটিতে আধুনিক প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের কথা বলা হলেও দেশের আদালতগুলোয় এখনও ই-ফাইলিং বা ভার্চুয়াল ট্র্যাকিং ব্যবস্থার পর্যাপ্ত পরিকাঠামো গড়ে ওঠেনি। আইনে চূড়ান্ত শুনানির পর ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির বাধ্যবাধকতা থাকলেও আমাদের প্রচলিত বিচার সংস্কৃতিতে বারবার সময় আবেদন এবং পদ্ধতিগত জটিলতা তৈরির প্রবণতা এই গতিকে বাধাগ্রস্ত করতে পারে। আবার দেশে ব্যাংকিং খাতের খেলাপি ঋণ আদায়ের জন্য ‘অর্থঋণ আদালত আইন, ২০০৩’ কার্যকর রয়েছে। এখন ব্যাংকিং ও আর্থিক খাতের বড় কোনো বাণিজ্যিক জালিয়াতি বা বিরোধ কোন আদালতের অধীনে দ্রুত নিষ্পত্তি হবে, তা নিয়ে বিচারিক এখতিয়ারের কিছুটা অস্পষ্টতা রয়েছে। বাণিজ্যিক আদালতের জন্য সম্পূর্ণ পৃথক লজিস্টিকস, রেকর্ড রুম এবং আধুনিক ট্র্যাকিং সফটওয়্যার নিশ্চিত করা এখনও সম্ভব হয়নি।

সিলেটে ৭ মাসে ২ মামলা

আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর গত ৭ মাসে সিলেট বাণিজ্যিক আদালতে দুটি মামলা করা হয়েছে। এ বিষয়ে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশিক উদ্দিন বলেন, বাণিজ্যিক আদালত সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। তবে সিলেটের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট আল আসলাম মুমিন বলেন, ‘আদালতে ঝুলে থাকা ব্যবসায়িক বিষয় এই বিশেষায়িত আদালতের মাধ্যমে অপেক্ষাকৃত কম সময়ে সমাধা হতে পারে।’ 

বাণিজ্যিক আদালতে নেই জনবল-দাপ্তরিক ব্যবস্থা

খুলনায় বাণিজ্যিক আদালতের কার্যক্রম শুরু হয়েছে প্রায় সাত মাস আগে। তবে এখনও নিয়োগ দেওয়া হয়নি প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী। চালু হয়নি পৃথক দাপ্তরিক ব্যবস্থাও। নতুন কোনো বিচারক, কর্মকর্তা কিংবা কর্মচারীও নিয়োগ দেওয়া হয়নি। পৃথক অফিসও চালু হয়নি। আদালতের প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামান জানান, বাণিজ্য বিরোধসংক্রান্ত ২৪ ধরনের বিরোধের মামলা চিহ্নিত করতে বিভিন্ন আদালতে আইনের গেজেটসহ তালিকা পাঠানো হয়েছে। সেখান থেকে পুরনো মামলাগুলো শনাক্ত করে স্থানান্তর করা হচ্ছে। এভাবে দুই আদালত মিলিয়ে ৬০ থেকে ৭০টি মামলা পাওয়া গেছে। নতুন মামলা হয়েছে তিন থেকে চারটি। খুলনা জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. জাকারিয়া শেখ বলেন, আদালতপাড়ায় এজলাস সংকট রয়েছে। নতুন আদালত প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ বিচারিক পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না। খুলনার সরকারি কৌঁসুলি (জিপি) ড. মো. জাকির হোসেন বলেন, ‘বাণিজ্য আদালতে এখন পর্যন্ত খুব বেশি মামলা হয়নি। খুলনায় শিল্প ও বাণিজ্যিক কার্যক্রমের পরিসর বিবেচনায় আদালতটির ব্যয় ও কার্যকারিতা নিয়েও ভাবা প্রয়োজন।’ 

গাজীপুরে বাণিজ্যিক আদালতের কার্যক্রম সম্পর্কে জানতে প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে গাজীপুর জজকোর্টে যোগাযোগ করলে আদালতের নাজির বেলাল পাটোয়ারী জানান, বাণিজ্যিক আদালতের সিদ্ধান্ত হয়েছে, কিন্তু গেজেট হয়নি। ফলে গাজীপুরে বাণিজ্যিক আদালতের কোনো কার্যক্রম নেই। রংপুরেও বাণিজ্যিক আদালতের কার্যক্রম নেই বলে জানা গেছে। 

ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, ঢাকা জেলা ও ঢাকা মহানগরের জন্য মোট চারটি বাণিজ্যিক আদালত কার্যকর আছে। তবে সরেজমিন দেখা যায়, এসব আদালতের জন্য আলাদা এজলাস, বিচারক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। 

আইন মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিব জানান, বাণিজ্যিক আদালতের বিচারকসহ জনবল নিয়োগের আর্থিক অনুমোদনের ফাইল অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে; যা অনুমোদনের অপেক্ষায়। তবে এর আইনে কিছুটা পরিবর্তন ঘটতে পারে। 

সুনামগঞ্জ জেলা বারের সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হক জানান, এ জেলায় বাণিজ্যিক আদালতের কোনো কার্যক্রম নেই। সরকারের এ উদ্যোগ সফল করতে হলে কার্যক্রম জোরদার করার দিকে সর্বোচ্চ পর্যায় থেকে নজর দিতে হবে। 

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু হাসান বলেন, কাগজে-কলমে শুধু আইন করলেই হবে না। এর বাস্তবায়নে সঠিক পদক্ষেপ নিতে হবে। না হলে বাণিজ্যিক আদালতের উদ্যোগ সফল হবে না।

বাণিজ্যিক আদালতের কার্যক্রমের হালচাল ও সার্বিক বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের দপ্তরে গিয়ে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে কিছু বলতে রাজি হননি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা