সৌদি আরবে সংঘটিত দুই ঘটনাকে ঘিরে সেখানকার বাংলাদেশ মিশনের কূটনৈতিক তৎপরতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। একটি ঘটনায় রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলার ভিডিও ফেসবুকে প্রকাশের পর হজ কাফেলার আমির মুফতি মুহাম্মদ আলী কাসেমীকে তুলে নিয়ে গেছে সৌদি পুলিশ।
পাঁচ দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও আটকের কারণ ও মুক্তির অগ্রগতি সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পায়নি তার পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ।
আরেক ঘটনায় সৌদি কর্তৃপক্ষ মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার সংবাদ প্রকাশের পর সেখানকার বাংলাদেশ মিশন তা জানতে পেরেছে বলে দাবি করা হচ্ছে।
গণমাধ্যমে খবর আসার পর সৌদি কর্তৃপক্ষকে গত বৃহস্পতিবার চিঠি দিয়ে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এ বিষয়ে তথ্য ও বিস্তারিত জানতে চেয়েছে। কিন্তু এখনও কোনো জবাব আসেনি।
এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে জানান, ‘সৌদিই এখন বাংলাদেশের একমাত্র নির্বিঘ্ন জনশক্তি রপ্তানির বাজার। তাই দেশটির সঙ্গে সম্পর্কের সব দিক বিবেচনায় রেখে কাজ করতে হচ্ছে।’ অন্যদিকে গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে এবং প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলা উচিত।’
জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (লেবার) খোন্দকার সিরাজুম সালেকীন প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, ‘দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে পাঠানো চিঠির জবাব এখনও পাওয়া যায়নি। মুফতি কাসেমীর ব্যাপারে হজ মন্ত্রণালয় কাজ করছে।’
যেভাবে গ্রেপ্তার মুহাম্মদ আলী কাসেমী
গত ১২ অক্টোবর আমির হিসেবে হজ কাফেলা নিয়ে রিয়াদ বিমানবন্দরে পৌঁছান ঢাকার কামরাঙ্গীরচরের জামিয়া আরাবিয়া রবিউল উলুম ঢাকা (আশরাফাবাদ) মাদ্রাসার প্রধান মুফতি ও শাইখুল হাদিস মুফতি মুহাম্মদ আলী কাসেমী। বিমানবন্দরে হুতিবাহিনীর হামলায় তার কাফেলার একজন হজযাত্রীও মারা যান। এরপর হামলার শিকার হওয়ার কথা জানিয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করেন তিনি। পরে কাফেলা নিয়ে মক্কায় পৌঁছান কাসেমী।
মাদ্রাসার মুহতামিম মাওলানা হোসাইন সোহরাব প্রতিদিনের বাংলাদেশকে বলেন, হোটেল থেকে হজের উদ্দেশ্যে বের হওয়ার সময় এক ঘণ্টার কথা বলে কাসেমীকে নিয়ে যায় সৌদি পুলিশ। সঙ্গে থাকা হজযাত্রীরা এ ব্যাপারে জানতে চাইলেও পুলিশ কিছু জানায়নি। এরপর পাঁচ দিন পেরিয়ে গেলেও তার বিষয়ে নিশ্চিত তথ্য পাচ্ছে না পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ।
মাওলানা হোসাইন সোহরাবের দাবি, আতঙ্কিত হয়ে দেশবাসীর কাছে দোয়া চাওয়ার উদ্দেশ্যেই ভিডিওটি প্রকাশ করেছিলেন কাসেমী। উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতির ভিডিও বা ছবি প্রকাশে সৌদি আরবে বিধিনিষেধ রয়েছে। বিষয়টি কাসেমীও জানতেন, তবে ওই পরিস্থিতিতে তিনি এলোমেলো হয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। হামলায় একজন হজযাত্রীর মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদি সরকারের মানবিক হওয়া উচিত বলেও মনে করেন মাওলানা সোহরাব।
যোগাযোগ আছে, অগ্রগতি জানা নেই
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, হামলার দিন থেকেই দূতাবাস শুধু কাসেমী নয়, হাসপাতালে আহতদের চিকিৎসা থেকে শুরু করে সার্বিক বিষয়েই খোঁজখবর রাখছে এবং সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করছে। তবে তাকে কোথায় রাখা হয়েছে, আটকের সুনির্দিষ্ট কারণ কী কিংবা মুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না এসব প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। ওই কর্মকর্তা বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির ভিডিও প্রচারে সংশ্লিষ্ট দেশগুলো কঠোর বিধিনিষেধ অনুসরণ করে। বাংলাদেশের নাগরিকদের এসব বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে জনশক্তি রপ্তানিতে জটিলতা থাকলেও সৌদি আরবের বাজার এখনও উন্মুক্ত। তাই এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যাতে শ্রমবাজারে নতুন সমস্যা তৈরি হয়।
এদিকে কাসেমীর পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ প্রকাশ্যে এ নিয়ে বক্তব্য রাখার ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন মাদ্রাসার মুহতামিম মাওলানা হোসাইন সোহরাব। তাদের আশঙ্কা, ঘটনাটি আরও প্রচারিত হলে কাসেমী ও কাফেলার অন্য হজযাত্রীরা চাপে পড়তে পারেন। ঘটনার কোনো সমাধান না হলে সংবাদ সম্মেলন করা হতে পারে বলে জানিয়েছেন মাদ্রাসার মুহতামিম।
ভিয়েনা সনদ অনুসরণ করা হয়েছে কি না তা অজানা
কাসেমীকে আটকের দুই দিন পর ১৪ অক্টোবর মক্কার একটি মসজিদ এলাকায় ‘অনৈতিক’ কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আসে। তারা হলেনÑ নজরুল ইসলাম ও সুইটি আখতার। সৌদি প্রেস এজেন্সি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য প্রকাশ করে। গণমাধ্যমে খবর আসার আগে বাংলাদেশ বিষয়টি জানত না বলে জানিয়েছে জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেটের সূত্র। গত বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ঘটনার বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠায় কনস্যুলেট। তবে এখনও জবাব মেলেনি। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, মক্কার একটি মসজিদে অনৈতিক ও অশালীন কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। বিচার শেষে শরিয়াহ আইনের ‘তাআজির’ বিধানে মৃত্যুদণ্ড দেওয়া হয়; পরে উচ্চতর বিচারিক কর্তৃপক্ষ রায় বহাল রাখে।
বাংলাদেশ ও সৌদি আরব কনস্যুলার সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের পক্ষভুক্ত। সনদের ৩৬ অনুচ্ছেদে বন্দির অনুরোধে তার দেশের কনস্যুলেটকে অবহিত করা ও কনস্যুলার সহায়তার সুযোগ দেওয়ার কথা রয়েছে। তবে নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার অনুরোধ করেছিলেন কি না, তাদের আইনি সহায়তা বা আপিলের সুযোগ ছিল কি না তা এখনও জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, দুই বাংলাদেশির বিচারপ্রক্রিয়া মাত্র কয়েক দিনে সম্পন্ন হওয়ার বিষয় নয়; তাদের পক্ষে কেউ মিশনে যোগাযোগ করেননি কেন বা এত বড় একটি বিচারের ঘটনা মিশনের গোচরে আসেনি কেন, সেটিও প্রশ্নের বিষয়। সব মিলিয়ে এসব ঘটনায় কূটনৈতিক তৎপরতার ফল দৃশ্যমান হয়নি, যা দূতাবাস ও কনস্যুলেটকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।