× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এখনও মামলা বাণিজ্য!

তানভীর হাসান

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ০৮:১৫ এএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬ ০৮:১৫ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গণঅভ্যুত্থানে সাবেক আওয়ামী লীগ সরকারের পতনের আগে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনাগুলো পুঁজি করে ফের মামলা বাণিজ্যে নেমেছে একটি সংঘবদ্ধ চক্র। এ চক্রে রয়েছেন আইনজীবী, রাজনীতিবিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কিছু নেতা।

এরা দুই বছর পর ২০২৪ সালের ঘটনায় গত সেপ্টেম্বরে রাজনীতিবিদ, শিক্ষক, সরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে আসামি করে মামলা করছে। পরে তারাই আবার যোগাযোগ করে আসামির তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে বড় অঙ্কের টাকা দাবি করছে।

এ পরিস্থিতিতে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিডিয়া সেন্টারের ডিসি মো. আকতার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। যদি এ ধরনের তথ্য-প্রমাণ পাওয়া যায় তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এমনই একটি ঘটনা ঘটেছে গত পহেলা সেপ্টেম্বর। ওইদিন ঢাকা জজকোর্টের আইনজীবী মেহেদী হাসান খানের মাধ্যমে সিএমএম কোর্টের ২২ নাম্বার আদালতে ২০২৪ সালের ১৮ জুলাইয়ের ঘটনার বিবরণ দিয়ে একটি হত্যাচেষ্টা মামলার আবেদন করেন মোত্তাকি নামের এক ব্যক্তি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে আসামি করা হয় ২০০ জনকে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয় আরও ৩০০ থেকে ৩৫০ জনকে। আদালতে আবেদনের মাত্র ১৪ দিনের মাথায় তড়িঘড়ি করে মিরপুর থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। আইনজীবীদেরই একটি অংশ এর পেছনে কলকাঠি নাড়ছে বলে জানা গেছে। আদালতের নির্দেশ পেয়ে ১৪ সেপ্টেম্বর মিরপুর থানায় আবেদনটিকে মামলা হিসেবে নথিভুক্ত করা হয় (মামলা নং-২৫)। এর পরপরই শুরু হয় পুলিশি তৎপরতা। এরই মধ্যে অনেক আসামি মামলার করার কথা জানতে পেরে বাদীর সন্ধানে নামে। তখন জানা যায়, এ মামলার বাদী মুক্তাকির বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার প্রতাপনগরের কুড়িকাহুনিয়াতে। সে একজন চিহ্নিত প্রতারক এবং আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এলাকায়ও তার বিরুদ্ধে চুরি-ডাকাতির অভিযোগ রয়েছে। এ কারণে তিনি এলাকাছাড়া।

মামলায় আসামির তালিকায় থাকা একজন শিক্ষক, দুজন ব্যবসায়ী ও একজন রাজনীতিকের সঙ্গে কথা বলে জানা গেছে, মামলার খবর জানতে পেরে তারা বাদীর সঙ্গে যোগাযোগ করেন। এ সময় বাদী জানান, সব আসামিকে তিনিও চেনেন না। আসামিদের নাম ও তাদের বিষয়ে তথ্য দিয়েছে পরামর্শক হিসেবে থাকা আইনজীবীসহ বিভিন্ন সদস্যের একটি সিন্ডিকেট। ভুক্তভোগীদের বলা হয়, সিন্ডিকেটের সদস্যদের সঙ্গে কথা বলে মামলার বিষয়ে পরে তথ্য দেওয়া হবে। এরপর হঠাৎ একদিন ফোন করে আসামিদের সামনাসামনি বসে কথা বলার জন্য অনুরোধ করেন বাদী মুত্তাকি। ওই বৈঠকে তিনি ভুক্তভোগীদের আসামি অনুযায়ী চাঁদা নির্ধারণ করে দেন। বাদী জানান, তার প্রস্তাবে রাজি হলেই কেবল আদালতে তাদের নাম পরিবর্তনের জন্য আবেদন করা হবে। এরপর আসামি পক্ষ আর মুত্তাকির সঙ্গে যোগাযোগ করেনি।

মামলা বাণিজ্যের এমন গুরুতর অভিযোগ পেয়ে পরিচয় গোপন রেখে যোগাযোগ করা হয় মামলার বাদী মুত্তাকির সঙ্গে। তিন দিন পর তিনি মিরপুর-২ নাম্বার এলাকার লাভ রোডে দেখা করেন। তার সঙ্গে কথোপকথনের অডিও রেকর্ড সংরক্ষণ করা হয়েছে।

সাক্ষাতে মুত্তাকি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলের নেতা বলে দাবি করেন। বাঙলা কলেজ থেকে ফিজিক্সে অনার্স পাস করেছেন বলে জানান তিনি। নিজেকে গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা হিসেবেও দাবি করেন তিনি। দাবি অনুযায়ী টাকা দিলে আসামির তালিকা থেকে নাম কাটানো যাবে, এমন ইঙ্গিতও দেন তিনি। একপর্যায়ে নাম কাটাতে কী করতে হবে, তা জানতে চাওয়া হয়। মুত্তাকি তখন জানান, কত টাকা লাগবে তা আইনজীবী ও পরামর্শকদের সঙ্গে আলাপ করে তিনি জানাবেন। 

জানা গেছে, মুত্তাকি বসবাস করেন কল্যাণপুরের নতুনবাজার এলাকায়। মিরপুর-১ নাম্বার এলাকার সাবরেজিস্ট্রি অফিসে যাতায়াত আছে তার। সেখানে দালালি করে উপার্জিত টাকার পাশাপাশি মিরপুরের বিভিন্ন চাঁদাবাজি থেকে পাওয়া টাকা তার আয়ের অন্যতম উৎস। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর চাঁদাবাজির হাতবদল হলে সংকটে পড়েন তিনি। এরপর জড়িয়েছেন মামলা বাণিজ্যের সিন্ডিকেটে। জুলাই গ্যাজেটভুক্ত যোদ্ধা হওয়ায় তাকে সিন্ডিকেটে টেনে নেয় মামলা বাণিজ্য সিন্ডিকেটের সদস্যরা। এরপর ওই পরিচয়ে আদালতে প্রভাব খাটিয়ে মামলাটি থানায় নথিভুক্ত করানো হয়।

গতকাল শনিবার মুত্তাকি নিজে থেকেই এই প্রতিবেদককে ফোন করেন। আলাপের একপর্যায়ে যাদের তালিকা থেকে বাদ দিতে হবে তাদের সংখ্যা ও নামের তালিকা জানতে চান তিনি। আসামি প্রতি কত টাকা লাগবেÑ এমন প্রশ্নের উত্তরে তিনি আবারও বলেন, পরামর্শকদের সঙ্গে কথা বলে জানাবেন। ফোনে এসব নিয়ে কথা না বলে সামনাসামনি আলোচনা করবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মুত্তাকির আইনজীবী মেহেদী হাসান খান জানান, মামলার বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। এ বিষয়ে কথা বলার জন্য তিনি তার এক সিনিয়রের ফোন নাম্বার দেন। যার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো কথা বলেননি। এরপর দফায় দফায় কল দিলেও তারা আর সাড়া দেননি। 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ড. তৌহিদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অতীতেও এ ধরনের অভিযোগ উঠেছে। নতুন করে এ ধরনের মামলার আবেদন এবং তা থানায় নথিভুক্ত হওয়ার লক্ষণ ভালো না। এর পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য থাকতে পারে। যদি তারা টাকার বিনিময়ে মামলা থেকে নাম কাটানোর প্রস্তাব দিয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই অপরাধ। বিষয়টি তদন্ত করে ওই বাদীকে আইনের আওতায় আনার এখতিয়ার পুলিশের রয়েছে। তবে এর আগের অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত হলে সিন্ডিকেট সদস্যরা নতুন করে এই ধরনের সাহস দেখানোর সুযোগ আর পেত না বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা