× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রানওয়েতে চোর চক্রের হানা

আজিজুল ইসলাম

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১১:০৩ এএম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের নিরাপদ অবতরণের জন্য বসানো বৈদ্যুতিক সরঞ্জামও রেহাই পাচ্ছে না চোরের হাত থেকে। কোথাও চুরি হচ্ছে রানওয়ের লাইট, ট্রান্সফরমার ও বিদ্যুতের কেবল; কোথাও সমুদ্রের বুকে বসানো কোটি টাকা মূল্যের অ্যাপ্রোচ লাইটিং সিস্টেমের যন্ত্রাংশ।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরে এমন ধারাবাহিক চুরির ঘটনায় বিমান চলাচল নিয়ে উদ্বেগ বেড়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, চুরির পর কোথাও মামলা হয়নি। কার্যকর প্রতিরোধের কোনো চিত্রও স্পষ্ট নয়।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় মাসে ৯ বার চুরির ঘটনা ঘটেছে। অন্যদিকে কক্সবাজার বিমানবন্দরের সমুদ্রের বুকে সম্প্রসারিত রানওয়ের লাইটিং সিস্টেমের বৈদ্যুতিক তার ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বারবার চুরি হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কক্সবাজারের কার্যক্রম শুরুর প্রস্তুতির প্রাক্কালে এমন ঘটনা নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

কক্সবাজার বিমানবন্দরে ২৬ অক্টোবর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অডিট হওয়ার কথা। এর মাত্র কয়েক সপ্তাহ আগে রানওয়ের গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির বিষয়টি ৭ অক্টোবর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএএসসি) সভায় আলোচনায় আসে। সভায় এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বারবার চুরির অভিযোগ পাওয়ার বিষয়টিও সেখানে উঠে আসে।

কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের সমুদ্রবক্ষের অংশে স্থাপিত ক্যাটাগরি-২ প্রিসিশন অ্যাপ্রোচ লাইটিং সিস্টেম উড়োজাহাজের নিরাপদ অবতরণের জন্য গুরুত্বপূর্ণ। এর বৈদ্যুতিক সংযোগ বা সরঞ্জাম চুরি কিংবা ক্ষতিগ্রস্ত হলে উড়োজাহাজের অবতরণে পরিচালনাগত জটিলতা তৈরি হতে পারে।

বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল বলেন, ‘এনসিএএসসির সভায় এটি নিয়ে আলোচনা হয়েছে। কক্সবাজার বিমানবন্দরের সমুদ্রবক্ষে স্থাপিত লাইটিং সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ধরনের স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হবে।’

বেবিচকের সুপারিশের ভিত্তিতে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। চিঠিতে নৌ পুলিশের মাধ্যমে জরুরি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ ঘটনার পর ১৩ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আহ্বায়ক করে আট সদস্যের কমিটি গঠন করেছে সরকার। 

কক্সবাজার বিমানবন্দরের দায়িত্বে থাকা সহকারী পরিচালক গোলাম মুর্তজা বলেন, ‘আমাদের বিমানবন্দরের রানওয়ের লাইটগুলো সমুদ্রের ভেতরে স্থাপন করা। তাই নিরাপত্তা নিয়ে আমরা কনসার্ন হেডকোয়ার্টারকে জানিয়েছি। তারা নিরাপত্তা জোরদারের ব্যবস্থা করেছেন।’

তবে এসব চুরির ঘটনায় থানায় কোনো মামলা হয়নিÑ এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বেবিচককে জানিয়েছি। মামলা করা হয়নি।’

এ বিষয়ে কোস্ট গার্ডের জনসংযোগ কর্মকর্তা মোমিনুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা জানতে পেরেছি যে কক্সবাজার এয়ারপোর্টের রানওয়েতে চুরির ঘটনা ঘটেছে। তবে নজরদারি বাড়ানোর আলাদা নির্দেশনা এসেছে কি না, তা আমার জানা নেই।’

শাহ আমানতে দেড় মাসে ৯ বার চুরি

সর্বশেষ ৬ অক্টোবর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ২৩-এর অ্যাপ্রোচ এলাকা থেকে ২০টি ট্রান্সফরমার সেকেন্ডারি কিট ও রানওয়ের লাইট চুরি হয়েছে। এর আগে আগস্টের মাঝামাঝি কার্গো হাউসের পশ্চিম প্রান্ত থেকে রানওয়ে ০৫-এর সীমানা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকার বৈদ্যুতিক লাইটপোস্টের কেবল চুরি হয়। রানওয়ে ০৫-এর অ্যাপ্রোচ এলাকা থেকেও ১০টি ট্রান্সফরমার, সেকেন্ডারি কিট ও উল্লেখযোগ্য পরিমাণ রানওয়ে লাইট চুরির হয়েছে।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কেপিআই এলাকায় এ ধরনের যন্ত্রাংশ বা তার চুরির ঘটনা চরম নিরাপত্তা ঘাটতির বহিঃপ্রকাশ। বিশেষ করে আইকাওর অডিট যখন দোরগোড়ায়, তখন এ ঘটনা দেশের এভিয়েশন খাতের ভাবমূর্তিকে সংকটে ফেলতে পারে।’

বিমানবন্দরের ভিওয়ার এলাকাতেও গত তিন মাসে মাটির প্রায় পাঁচ ফুট গভীরে পুঁতে রাখা পাওয়ার কেবল একাধিকবার চুরি হয়েছে। অভিযোগ রয়েছে, ওই এলাকায় কেবল চুরির সময় নিরাপত্তাপ্রহরীরা একজনকে হাতেনাতে আটক করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে বৃহস্পতিবার ভোররাতে শাহ আমানত বিমানবন্দরে কিছু তারসহ একজনকে আটক করেন আনসার সদস্যরা। বিমানবন্দর থানা সূত্র জানায়, আটক মো. আজিজুর রহমানের বিরুদ্ধে আগেও চুরির একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা