× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি ১৫ হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায় ব্যয় বাড়ছে

জোসনা জামান

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১১:৫৮ এএম

সরকারি ১৫ হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায় ব্যয় বাড়ছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সরকারি ১৫ হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায় ব্যয় বাড়ছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হার ও নির্মাণকাজে বিলম্বের কারণে ১৫টি সরকারি হাসপাতালে চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় সংশোধনীতে প্রকল্পের ব্যয় ৪০ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকা বাড়িয়ে ৩০৪ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে বাস্তবায়নকারী সংস্থা। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়িয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে।

প্রকল্পটির প্রথম সংশোধনীতে ব্যয় নির্ধারণ করা হয়েছিল ২৬৩ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার টাকা। প্রস্তাবিত নতুন ব্যয় আগের বরাদ্দের তুলনায় ১৫ দশমিক ৪৫ শতাংশ বেশি। এদিকে জায়গার অভাবে তিনটি হাসপাতালে বর্জ্য পরিশোধন কেন্দ্র স্থাপন করা সম্ভব হচ্ছে না। সেগুলোর পরিবর্তে অন্য তিনটি সরকারি হাসপাতালকে প্রকল্পে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ‘১৫টি সরকারি হাসপাতালে হাসপাতালভিত্তিক চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা’ প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী প্রস্তাব নিয়ে গত ২৭ সেপ্টেম্বর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য মো. এহছানুল হক।

ব্যয় বাড়ছে যেসব কারণে

স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্প সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ডলারের বিনিময় হার বৃদ্ধি, মূল্যস্ফীতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং স্থানগত জটিলতার কারণে ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২১ জুন ২০২৬ তারিখের হিসাব অনুযায়ী, প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে ব্যয় প্রাক্কলন করা হয়েছে। এ ছাড়া মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৫৯ শতাংশ বিবেচনায় নিয়ে যন্ত্রপাতি কেনার ব্যয় পুনর্নির্ধারণ করা হয়েছে। বর্জ্য পরিশোধন কেন্দ্র স্থাপনের ধরন পরিবর্তন, নকশা সংশোধন এবং পরিচালন ব্যয় বৃদ্ধিও প্রস্তাবিত ব্যয় বাড়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকল্পটির মূল অনুমোদনের সময় মোট ব্যয় ধরা হয়েছিল ২১৪ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা। পরে প্রথম সংশোধনীতে তা বাড়িয়ে ২৬৩ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার টাকা করা হয়। এবার দ্বিতীয় সংশোধনীতে ব্যয় আরও বাড়িয়ে ৩০৪ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

জায়গার সংকটে বাদ তিন হাসপাতাল

প্রকল্পের আওতায় নির্ধারিত তিনটি হাসপাতালে বর্জ্য পরিশোধন কেন্দ্র স্থাপনের জন্য উপযুক্ত জায়গা পাওয়া যাচ্ছে না বলে সভায় জানানো হয়। হাসপাতালগুলো হলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এবং লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল।

এসব প্রতিষ্ঠানের পরিবর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালকে বিকল্প হিসেবে নির্বাচনের কথা জানানো হয়েছে। নতুন প্রতিষ্ঠানগুলোর অনাপত্তিপত্র উন্নয়ন প্রকল্প প্রস্তাবে সংযুক্ত করা হয়েছে বলে সভার বিবরণে উল্লেখ রয়েছে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হিসাবে, বিকল্প হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ভৌত অবকাঠামো নির্মাণ শেষ করতে ১২ থেকে ১৫ মাস সময় লাগতে পারে।

সভায় আরও জানানো হয়, লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের পরিবর্তে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ‘সি’ শ্রেণির পরিবর্তে ‘এ’ শ্রেণির বর্জ্য পরিশোধন কেন্দ্র স্থাপনের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া স্থানগত জটিলতার কারণে হৃদরোগ হাসপাতাল, বান্দরবান জেলা সদর হাসপাতাল এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নকশা পরিবর্তনের বিষয়টিও সংশোধনী প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কাজে ধীরগতি, আর্থিক অগ্রগতি ১১ শতাংশের কম

প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে সভায় উপস্থাপিত তথ্যে দেখা যায়, গত জুন পর্যন্ত প্রকল্পটির ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি হয়েছে ২৮ কোটি ২১ লাখ ৪৫ হাজার টাকা, যা প্রথম সংশোধিত ব্যয়ের ১০ দশমিক ৬৯ শতাংশ। তবে ভৌত অগ্রগতি দেখানো হয়েছে ৬০ শতাংশ।

প্রকল্প পরিচালক জানান, শুরুতে অবকাঠামো নির্মাণের ব্যয় নির্ধারণে গণপূর্ত অধিদপ্তরের ২০১৮ সালের দরতফসিল ব্যবহার করা হয়েছিল। পরে বাজারদর ও নির্মাণ ব্যয়ের পরিবর্তন বিবেচনায় নতুন করে প্রাক্কলন করতে হয়। এ ছাড়া ডলারের বিনিময় হার পরিবর্তনের কারণে যন্ত্রপাতি কেনার ব্যয়ও পুনর্নির্ধারণের প্রয়োজন হয়।

প্রকল্পটির মূল কাজ শুরু করতেই প্রায় দুই বছর পার হয়ে গেছে বলে সভায় জানানো হয়। নির্মাণকাজে বিলম্ব এবং মেয়াদ বাড়ানোর কারণ সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে বিস্তারিতভাবে যুক্ত করার নির্দেশ দিয়েছে পিইসি।

পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্য

প্রকল্পটির আওতায় নির্বাচিত সরকারি হাসপাতালগুলোতে আন্তর্জাতিক মান অনুসরণ করে পরিবেশবান্ধব চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে হাসপাতাল থেকে উৎপন্ন বর্জ্য যথাযথভাবে সংগ্রহ, পরিশোধন ও ব্যবস্থাপনার ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। প্রস্তাবিত দ্বিতীয় সংশোধনী অনুমোদিত হলে প্রকল্পের মোট ব্যয় দাঁড়াবে ৩০৪ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার টাকা। আর বাস্তবায়নের নতুন সময়সীমা হবে ২০২৮ সালের ৩০ জুন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা