× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুরাচ্ছে আকামা ও ভিসার মেয়াদ, বাড়ছে অনিশ্চয়তা

আজিজুল ইসলাম

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ০৯:৩৩ এএম

প্রতীকী ছবি/ এআই জেনারেটেড

প্রতীকী ছবি/ এআই জেনারেটেড

সময় ফুরিয়ে আসছে। কারও ভিসার মেয়াদ শেষ হবে চলতি সপ্তাহেই, কাউকে মেটাতে হবে আকামার অনিশ্চয়তা। অথচ সৌদি আরবে হুতি বাহিনীর হামলা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে দেখা দিয়েছে ফ্লাইট বিপর্যয়। কর্মীদের সেখানে বিকল্প ফ্লাইটে পাঠানোর চেষ্টা চলছে। ভিসার মেয়াদ বাড়াতে দ্বিপক্ষীয় আলোচনার আশ্বাসও দিচ্ছে সরকার। কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছে, সৌদি আরবের বর্তমান সংকট না কাটা পর্যন্ত এ বিষয়ে কার্যকর অগ্রগতি কঠিন। দেশে আটকে পড়া হাজারো বাংলাদেশি কর্মীদের অনেকের মধ্যে দেখা দিয়েছে একই উদ্বেগ।

গতকাল মঙ্গলবার ভোরে কিশোরগঞ্জের বাজিতপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারিফ মাহমুদ। রিয়াদগামী ফ্লাইটে যাওয়ার কথা ছিল তার। কিন্তু রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে আগামী ১৭ অক্টোবর শেষ হবে তার ভিসার মেয়াদ। পরে তাকে আগামীকাল বৃহস্পতিবার জেদ্দাগামী ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করার কথা জানানো হয়। এতে কিছুটা স্বস্তি ফিরলেও জেদ্দায় গিয়ে না নামা পর্যন্ত দুশ্চিন্তা কাটছে না তার। তারিফের মতো অনেক কর্মীই নির্ধারিত সময়ে সৌদি আরবে ফিরতে না পারার শঙ্কায় রয়েছেন। এই উদ্বেগ শুধু ফ্লাইট বাতিল নিয়ে নয়; এর সঙ্গে জড়িয়ে আছে ভিসা-আকামার বৈধতা, চাকরিতে যোগদান এবং বাড়তি আর্থিক ব্যয়ও।

আশ্বাস আছে, সমাধান কবে

আটকে পড়া কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে দ্বিপক্ষীয় আলোচনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অভিবাসীকর্মী বিষয়ক গবেষণা সংগঠন রামরুর সোনার মানুষ সম্মিলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার উপক্রম, তাদের কর্মস্থলে ফেরানোর জন্য মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে। তবে সাম্প্রতিক হামলার পর পরিস্থিতি জটিল হয়েছে।’ প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এ ধরনের বিষয়ে সাধারণত আন্তরিক। আগের মতো দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে, যাতে কর্মীরা ভিসার মেয়াদ বাড়িয়ে কর্মস্থলে ফিরতে পারেন। তবে সৌদি আরব নিজেই সংকটের মধ্যে থাকায় এখন আলোচনা এগিয়ে নেওয়া কঠিন।’ তারপরও সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। যদিও মন্ত্রণালয়-সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র বলছে, বিষয়টির তাৎক্ষণিক সমাধানের সীমাবদ্ধতা স্পষ্ট। 

৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, রিয়াদ বিমানবন্দরে হামলা ও পরবর্তী পরিস্থিতির কারণে সৌদিগামী যাত্রীদের বহনকারী ৬১টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট। ভোগান্তিতে পড়েছে প্রায় ৯ হাজার যাত্রী। বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তিনটি, ইউএস-বাংলার দুটি, সৌদিয়ার চারটি এবং রিয়াদ এয়ারের সাতটি রয়েছে। ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, সালামএয়ারের তিনটি, ইজিপ্টএয়ারের একটি, কাতার এয়ারওয়েজের পাঁচটি এবং ফ্লাইদুবাইয়ের পাঁচটি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত থাকায় আগামী শনিবার পর্যন্ত ঢাকা-রিয়াদগামী ফ্লাইট স্থগিত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে গতকাল বেলা ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে দাম্মামগামী বিজি-৩৪৯ ফ্লাইটও স্থগিত করা হয়। তবে ভিসা ও আকামার মেয়াদ শেষ হওয়ার পথে থাকা যাত্রীদের অগ্রাধিকার দিয়ে জেদ্দা ও অন্য বিমানবন্দরের বিকল্প ফ্লাইটে পাঠানোর চেষ্টা চলছে। তারিফ মাহমুদের জন্যও এমন বিকল্প ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সবার জন্য বিকল্প ফ্লাইট নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

আটকে পড়ে বাড়ছে ব্যয়

ফ্লাইট বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন রাজশাহীর বাঘা থেকে আসা জহুরুল ইসলাম ও তার ছোট ভাই। তারা মদিনার একটি প্যাকেজিং কোম্পানিতে কাজ করেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টায় তাদের ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইটে যাওয়ার কথা। ফ্লাইট বাতিলের আশঙ্কায় সকাল ১১টার মধ্যেই বিমানবন্দরে পৌঁছান তারা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মেহেদী হাসান, বিজয়নগরের মামুন এবং ময়মনসিংহের শফিউল্লাহ ও সুমন দাম্মামের একটি হাসপাতালে কাজ করেন। গালফ এয়ারলাইনস তাদের ফ্লাইট স্থগিতের বার্তা পাঠিয়েছে। মেহেদী জানান, কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর টিকিটের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

এদিকে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করতে গিয়ে বাড়তি ব্যয় গুনছেন জনশক্তি রপ্তানিকারক এজেন্সির মালিকরাও। নয়াপল্টনের একটি এজেন্সির মালিক মমিনুল ইসলাম জানান, গত ১০ অক্টোবর ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাদের যাত্রীদের রিয়াদ যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর ফ্লাইটটি ওমান থেকে ফিরে আসে। এক যাত্রীর ভিসার মেয়াদ ২১ অক্টোবর শেষ হবে। তাই ১৫ হাজার টাকা বেশি দিয়ে টিকিট কিনে ১৮ অক্টোবরের ফ্লাইটের ব্যবস্থা করছেন তারা। মমিনুল বলেন, ‘অনেক এজেন্সিই বেশি দামে টিকিট কিনে যাত্রীদের সৌদি আরবে পাঠানোর চেষ্টা করছে।’

হতাহতদের চিকিৎসায় অগ্রাধিকার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দরে শ্রম কল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে জানান, সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে। আহতদের স্বজনদের সঙ্গেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগ হয়েছে। প্রবাসীদের সতর্ক থাকতে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে এবং যেকোনো সমস্যায় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রতিমন্ত্রী নুরুল হকও বলেন, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কর্মকর্তারা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীনদের খোঁজ নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসার বিষয়টি তদারক করা হচ্ছে। আহতদের চিকিৎসা এবং নিহতদের মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রেও সৌদি কর্তৃপক্ষ সহযোগিতা করছে। 

উল্লেখ্য, সৌদি আরবে হুতি হামলার ঘটনায় দুই বাংলাদেশি নিহত এবং আরও ২৭ বাংলাদেশি আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশিসহ মোট আহতের সংখ্যা অন্তত ৩০৯ বলে জানা গেছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা