গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
চেয়ার, কম্পিউটার কিংবা ভেন্টিলেটরÑ প্রতিটি পণ্যই কেনা হয়েছে অস্বাভাবিক মূল্যে; সরকারি অর্থ সুরক্ষা করার নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। রূপপুরের বালিশকাণ্ডও যেন হার মেনেছে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যার সম্প্রসারণ প্রকল্পের কেনাকাটায়। অফিসের সেক্রেটারিয়েট টেবিল কেনা হয়েছে প্রতিটি আড়াই লাখ টাকায়। একেকটি কম্পিউটারের দাম দেখানো হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। ৪০টি আইসিইউ ভেন্টিলেটর কেনায় ব্যয় দেখানো হয়েছে ১২ কোটি ৮০ লাখ টাকা। ৪৫০টি হাসপাতাল বেড কিনতেও খরচ দেখানো হয়েছে ১৫ কোটি ৭৫ লাখ টাকা।
শুধু কেনাকাটায় নয়, প্রকল্পের অফিস না থাকলেও অফিসের আসবাব ও কম্পিউটার কেনার বিল বানিয়ে টাকা তোলা হয়েছে, নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে গণপূর্তের কাজে। প্রকল্পের কাজ করা হয়েছে হাসপাতালের রাজস্ব খাতের মালামাল দিয়ে। পুরনো নির্মাণসামগ্রীও বিক্রি করে দেওয়া হয়েছে কোনো রীতি না মেনে। অভিযোগ উঠেছে, প্রকল্পের কেনাকাটায় এমন সাগরচুরির কেন্দ্রে রয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের কেয়ারটেকার মো. শামীম আল মারুফ। তার পেছনে থেকে কলকাঠি নেড়েছেন প্রকল্প পরিচালক ডা. বদরুল আলম ও বাজারদর কমিটির সভাপতি (নিউরোসায়েন্সেস ও হাসপাতাল শাখার স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি) অধ্যাপক ডা. জহিরুল হক চৌধুরী।
হাসপাতাল সূত্র জানাচ্ছে, চতুর্থ শ্রেণির কর্মচারী শামীম আল মারুফ ৫০৬ কোটি টাকার এ প্রকল্পে হিসাবরক্ষকের অতিরিক্ত দায়িত্ব পেয়ে এর কেনাকাটা ও অর্থ লেনদেনে প্রভাব বিস্তার করেন। পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া, বাজারদরের চেয়ে কয়েক গুণ বেশি দামে পণ্য কেনা এবং গণপূর্তের কাজের বিল ও কমিশন লেনদেনেও সরাসরি ভূমিকা ছিল তার। এসব অনিয়মের মাধ্যমে প্রকল্প থেকে আত্মসাৎ করা হয়েছে প্রায় শতকোটি টাকা। গত ১০ মে স্বাস্থ্য অধিদপ্তরে এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়। গত ৯ সেপ্টেম্বর এ নিয়ে তদন্তের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হোমিও ও দেশজ চিকিৎসা) ডা. মো. সবিজুর রহমানকে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. মো. মাহমুদুর রহমান ও অধিদপ্তরের মেডিকেল অফিসার (সংযুক্ত প্রশাসন শাখা) ডা. এরশাদ মিয়া।
যেভাবে উত্থান শামীম আল মারুফের
অভিযোগ উঠেছে, নিউরোসায়েন্সের যুগ্ম পরিচালক ডা. বদরুল আলমের প্রভাব এবং লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোতাহার হোসেনের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রেই শামীম আল মারুফের উত্থান এবং তিনি হাসপাতালের কেনাকাটা, যন্ত্রপাতি সংগ্রহ ও বিভিন্ন আর্থিক কার্যক্রমে প্রভাব বিস্তারের সুযোগ পান।
চেয়ার-টেবিলেই আত্মসাৎ ৩ কোটি টাকা
২০১৮ সালে শুরু হওয়া ‘এক্সপানশন অব ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল’ প্রকল্পে অফিস ফার্নিচার ও আসবাব সরবরাহের চারটি কার্যাদেশ পায় পশ ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র লিমিটেড। অভিযোগপত্রে বলা হয়, প্রতিষ্ঠানটির মোট কার্যাদেশের পরিমাণ ৫ কোটি ৯০ লাখ টাকা। প্রতিষ্ঠানটি মারুফের ঘনিষ্ঠজনদের এবং তার বড় ভাইয়ের ব্যবসায়িক অংশীদারত্বের সঙ্গে যুক্ত। প্রকল্পে সরবরাহ করা অনেক আসবাব নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী ছিল না এবং গুণগত মানও ছিল নিম্ন।
অভিযোগপত্রে উল্লেখিত ক্রয়মূল্য অনুযায়ী, প্রতিটি সেক্রেটারিয়েট টেবিলের দাম ২ লাখ ৫০ হাজার টাকা এবং প্রতিটি রিভলভিং চেয়ার ৮০ হাজার টাকা। সহযোগী অধ্যাপকদের জন্য প্রতিটি টেবিল কেনা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকায়। ৪০টি বড় সোফা সেটের মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা। ৩৫টি সিঙ্গেল সোফা সেটের একত্রে দাম ১৩ লাখ ৭৬ হাজার, ৭০টি দুই আসনের সোফা সেটের দাম ৫৫ লাখ ৫০ হাজার টাকা এবং ৪০টি তিন আসনের সোফা সেটের দাম ৪৮ লাখ ১০ হাজার টাকা। এ ছাড়া ৮০টি কম্পিউটার টেবিল কেনায় ব্যয় দেখানো হয়েছে ২২ লাখ ৩০ হাজার টাকা। ২৫০টি ভিজিটর চেয়ার ৭০ লাখ এবং ২০০টি ক্লাসরুম চেয়ারের দাম ২৬ লাখ টাকা। একটি কনফারেন্স চেয়ারের মূল্য দেখানো হয়েছে ৩০ লাখ টাকা। পাশাপাশি আরও ৯০টি কনফারেন্স চেয়ার কেনায় ব্যয় দেখানো হয়েছে ১৭ লাখ ৬৯ হাজার টাকা। এসব আসবাব বাজারদরের তুলনায় অস্বাভাবিক বেশি দামে কেনা হয়েছে বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে। এ খাতে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে মারুফের বিরুদ্ধে।
কম্পিউটার, স্ক্যানার ও ফটোকপিতে অস্বাভাবিক ব্যয়
অভিযোগপত্র অনুযায়ী, একটি কম্পিউটার কেনা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকায় এবং ৬০টি কম্পিউটার কেনায় ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৮ লাখ টাকা। ১০টি স্ক্যানার কেনায় ব্যয় দেখানো হয়েছে ৩৫ লাখ টাকা। পাঁচটি ফটোকপি মেশিন কেনায় ব্যয় দেখানো হয়েছে ২০ লাখ টাকা।
আইসিইউ-এইচডিইউএ অনিয়মের হিসাবে গরমিল
৪০টি আইসিইউ ও এইচডিইউ বেড উইথ অ্যাকসেসরিজ কেনায় ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৮০ লাখ টাকা। অভিযোগপত্রে প্রতিটি বেডের বাজারমূল্য দেড় লাখ টাকা উল্লেখ করে ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। ৪০টি আইসিইউ ভেন্টিলেটর কিনতে ব্যয় দেখানো হয়েছে ১২ কোটি ৮০ লাখ টাকা। ৪০টি ইনফিউশন পাম্প উইথ অ্যাকসেসরিজ কেনায় ৬০ লাখ টাকা ব্যয়ের কথা উল্লেখ রয়েছে। একই ইনফিউশন পাম্পের বিবরণ ও একই অঙ্কের ব্যয় অভিযোগপত্রে পুনরায় উল্লেখ রয়েছে।
এ ছাড়া ৪০টি Vital Sign/Pulse Oximeter কেনায় ব্যয় দেখানো হয়েছে ৮০ লাখ ৬০ হাজার টাকা। অভিযোগপত্রে CARESCAPET V100, যুক্তরাষ্ট্রে তৈরি অথবা OLV-4201, জাপানে তৈরিÑ এমন মডেলের উল্লেখ রয়েছে। অভিযোগ করা হয়েছে প্রতিটির বাজারমূল্য ৯০ হাজার ৫০০ টাকা দাবি করে প্রায় ৪৪ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করার। সবচেয়ে বড় অঙ্কের অভিযোগ রয়েছে হাসপাতালের বেড কেনাকাটায়। ৪৫০টি হাসপাতাল বেড কিনতে ব্যয় দেখানো হয়েছে ১৫ কোটি ৭৫ লাখ টাকা।
বর্জ্য শোধনাগার ও নিউরো রেডিওলজি যন্ত্রেও অভিযোগ
মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য দুটি Medical Waste Disposable Treatment Unit (Microwave System) কেনায় ১৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের কথা উল্লেখ করা হয়েছে। নিউরো রেডিওলজি বিভাগে দুটি Flat Panel Digital Mobile X-ray Machine, 500mA কেনায় ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। এ ছাড়া নিউরোর জন্য দুটি Flat Panel Mobile C-arm কেনায় ব্যয় দেখানো হয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা।
সাড়ে ৬৫ কোটি টাকার কার্যাদেশের অভিযোগ
প্রকল্পের অন্যান্য মেডিকেল ইকুইপমেন্ট, বিভিন্ন অ্যাকসেসরিজ, পেশেন্ট মনিটর, আইসিইউ ভেন্টিলেটরসহ সরঞ্জাম সরবরাহের কার্যাদেশ পেয়েছে মহাখালীর মেসার্স এএস রায় নামের একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানটি শামীম আল মারুফ ও আপেল মাহমুদের নিজস্ব বলে অভিযোগ সূত্রে জানা গেছে। তাদের দাবি, লট ও প্যাকেজভিত্তিক কয়েকটি কার্যাদেশে প্রতিষ্ঠানটি প্রায় ৬৫ কোটি টাকা ৫০ লাখ টাকার কাজ পেয়েছে। এসব যন্ত্রপাতির অধিকাংশই বাজারদরের তুলনায় দুই-তিন গুণ বেশি দামে কেনা হয়েছে।
প্রকল্পের অফিস নেই, তবু ৩৫ লাখ টাকার বিল
অভিযোগপত্রে বলা হয়েছে, প্রকল্পের অফিস কক্ষের আসবাব ও কম্পিউটারসামগ্রী কেনার জন্য বরাদ্দ ছিল ৩৫ লাখ ৪৭ হাজার টাকা। কিন্তু এসব সামগ্রী কেনা হয়নি; ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে পুরো অর্থ আত্মসাৎ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, প্রকল্পের নিজস্ব কোনো অফিস কক্ষই নেই। বিদ্যমান নিউরোসায়েন্সেস ও হাসপাতালের অফিস কক্ষ ও কম্পিউটার ব্যবহার করেই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হয়েছে।
গণপূর্ত বিভাগের কাজেও বড় ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগপত্র অনুযায়ী, শামীম বিভাগটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাÑ এসডি, এসও ও নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে অর্থ লেনদেনের মধ্যস্থতা করতেন। তাকে গণপূর্ত বিভাগের ক্যাশিয়ার হিসেবে ব্যবহার করা হতো বলে অভিযোগকারীদের দাবি। প্রকল্পের গণপূর্তের কাজের নামে প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
রাজস্ব খাতের মালামাল দিয়ে প্রকল্পের কাজ
অভিযোগ, প্রকল্পের স্যানিটারি, প্লাম্বিং ও ইলেকট্রিক্যাল সামগ্রী গণপূর্ত বিভাগের সরবরাহ করার কথা থাকলেও হাসপাতালের রাজস্ব খাতের অর্থে কেনা মালামাল দিয়ে এসব কাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু এসব কাজের বিল আলাদাভাবে তুলে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ তোলা হয়েছে। প্রকল্পে ব্যবহৃত পুরনো মালামাল ও নির্মাণসামগ্রী অবৈধভাবে বিক্রি করে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং কিছু মালামাল শামীমের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
তদন্ত কমিটির বক্তব্য
এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটির সদস্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. মো. মাহমুদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গত ৭ অক্টোবর আমরা হাসপাতালে গিয়েছিলাম। ওখানে যারা যারা উপস্থিত ছিলেন, তাদের সাক্ষাৎকার নিয়েছি। তবে অভিযোগকারী তদন্ত কমিটির সামনে উপস্থিত হননি। তার স্থায়ী ও বর্তমান ঠিকানায় চিঠি পাঠানো হয়েছিল।’ ঘটনার প্রাথমিক সত্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্তাধীন বিষয় হওয়ায় এ-সংক্রান্ত আমরা এখনই কিছু বলতে পারছি না। তবে তদন্তের কাজ চালিয়ে যাব।’
যা বলছেন হিসাবরক্ষক
জানতে চাইলে প্রকল্পের হিসাবরক্ষক শামীম আল মারুফ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এটা ভিত্তিহীন অভিযোগ। কে বা কারা অভিযোগ করেছে, কেনইবা করেছে, তা বলতে পারছি না। আমাকে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব পালন করেছি। তদন্ত শেষ হলেই অভিযোগের সত্যতা কী, তা বোঝা যাবে।’
অভিযোগের ভিত্তি নিয়ে প্রশ্ন ডা. বদরুল আলমের
এ বিষয়ে হাসপাতালের যুগ্ম পরিচালক ও প্রকল্প পরিচালক ডা. বদরুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘তদন্ত কমিটি তো অভিযোগকারীকেই খুঁজে পাচ্ছে না। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।’ অভিযোগের ভিত্তি না থাকলে স্বাস্থ্য অধিদপ্তর তদন্ত কমিটি গঠন করে তদন্ত চালাচ্ছে কেনÑ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারি চাকরি করি, তাই সবকিছু নিয়ে মন্তব্যও করা যায় না। তবে তদন্ত কমিটির সদস্যরা এসে দেখে গেছেন। গতকাল (রবিবার) আমাদের সঙ্গেও কথা বলেছেন। আমরা তাদেরও বলেছি, আপনারা এ তদন্ত করছেন কেন? একটি অভিযোগের তো ভিত্তি থাকতে হবে।’
কেয়ারটেকার শামীম আল মারুফকে নিজের পছন্দে প্রকল্পের হিসাবরক্ষকের দায়িত্ব দিয়েছিলেন কি নাÑ এমন প্রশ্নের জবাবে ডা. বদরুল আলম বলেন, ‘এগুলো আসলে ঠিক নয়। দ্বীন মোহাম্মদ স্যার থাকতে…। আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে প্রকল্পের জন্য একজন ড্রাইভার নিয়েছিলাম, শামীমকেও নিয়েছিলাম। তাদের কাজ তো তেমন নেই। তারা তো ক্রয় কমিটির সঙ্গে যুক্তও নয়। তারা দুর্নীতি করবে কীভাবে? কেনাকাটা করেছেন সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। তিনি ছিলেন ক্রয় কমিটির প্রধান। এরপর একজন উপপরিচালকও ছিলেন। গণপূর্ত বিভাগ অর্ধেক কেনাকাটা করে, আর আমরা অর্ধেক করি। শামীম তো ক্রয় কমিটির সদস্যই নয়। তার দায়িত্ব হিসাব দেখাশোনা।’ তিনি বলেন, ‘মানুষকে হেয় করার জন্য এসব করা হচ্ছে।’
সম্পৃক্ততা নেইÑ জানালেন অধ্যাপক জহিরুল হক
নিউরোসায়েন্সেস ও হাসপাতাল শাখার স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. জহিরুল হক চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অভিযোগে আমাকে কীভাবে জড়ানো হবে? তদন্ত কমিটি আমার সাক্ষ্য নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে যারা এসেছিলেন, তাদের সামনে আমার বক্তব্য তুলে ধরেছি।’ তিনি বলেন, ‘প্রকিউরমেন্টের দায়িত্বে আছেন মোস্তাফিজুর রহমান। আমার জানা মতে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।