ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান। ছবি: সংগৃহীত
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ‘ঘুষ ডট নেট’ নামের অনলাইন প্লাটফর্মে প্রকাশিত অভিযোগে তার নামে সঞ্চয়পত্র, জমি, গাড়ি ও বিভিন্ন সম্পদ অর্জন এবং স্বজনের মাধ্যমে অর্থ বিনিয়োগের দাবি করা হয়।
‘ঘুষ ডট নেট’-এ প্রকাশিত অভিযোগে চারজনের নাম রয়েছে। তারা হলেনÑ এলাকাবাসীর পক্ষে মো. শামীম রেজা, মো. সেলিম, মো. শরিফুল ইসলাম ও মো. এজাজ আহমেদ। অভিযোগে ঘুষের পরিমাণ ৫০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর অভিযোগটি প্রকাশিত হয়।
অডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায়
একটি অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাকিবুল হাসান আলোচনায় আসেন। গত ১৬ সেপ্টেম্বর রাতে ছড়িয়ে পড়া ওই অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে তাকে মন্তব্য করতে শোনা যায়। এ ছাড়া পুলিশের বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগও তিনি করেন।
অডিওটি নিয়ে আলোচনা শুরুর পরদিন তাকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়। প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে রাজধানীর রাজারবাগে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে ডিএমপি। রাষ্ট্রদ্রোহ মামলায় দুই দফায় সাত দিনের রিমান্ড শেষে ৩০ সেপ্টেম্বর থেকে কারাগারে রয়েছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা।
সঞ্চয়পত্র ও জমি কেনার অভিযোগ
‘ঘুষ ডট নেট’-এ প্রকাশিত অভিযোগে রাকিবুল হাসানের বিভিন্ন সময়ে জাতীয় সঞ্চয়পত্রে অর্থ জমা রাখার তথ্য তুলে ধরা হয়েছে। অভিযোগকারীদের দাবি, ২০১৩ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি ৯ লাখ টাকা জমা রাখেন। সঞ্চয়পত্রের ক্রমিক নম্বর খ-০৯৬৫৭৭৫ ও গ-০৫৫১৬৬৯। সে সময় তিনি খুলনা ও বাগেরহাটের সদর থানায় পুলিশের এসআই হিসেবে কর্মরত ছিলেন। ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি একই শাখায় ২০ লাখ টাকা জমা রাখেন। এর নিবন্ধন নম্বর ২০২০-০০৮১০৬৩। ওই সময়ে তিনি কুষ্টিয়ার কুমারখালী থানায় পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। একই বছরের ১২ অক্টোবর আরও ১০ লাখ টাকা জমা রাখেন। এর নিবন্ধন নম্বর ২০২০-০৬৪৭৩৫৩। সে সময় তিনি কুষ্টিয়ার মিরপুর/দৌলতপুর থানায় পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি একই শাখায় আরও ২০ লাখ টাকা জমা রাখা হয়। এ সঞ্চয়পত্রের নিবন্ধন নম্বর ২০২৩-০১৯৪৭১০।
অভিযোগকারীদের দাবি, খুলনার বটিয়াঘাটা থানার শাচিবুনিয়া মৌজায় বিশ্বাস প্রোপার্টিজে রাকিবুল হাসান জমি কিনেছেন। জমির দাগ নম্বর ২৩৭, ২৪১ ও ২৪৫ এবং খতিয়ান নম্বর ১৫৬২। জমিটির বর্তমান মূল্য ৬০ থেকে ৭০ লাখ টাকা। তিনি এটি কেনেন কুষ্টিয়ার মিরপুর/দৌলতপুর থানায় কর্মরত থাকাকালে।
অভিযোগে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক খুলনার জাতীয় সঞ্চয়পত্র শাখায় তার স্ত্রী সামান্তা হাসানের নামেও বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। তার স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর দিয়ে খোঁজ নিলে এসব তথ্য পাওয়া যাবে। একই শাখায় তার মায়ের নামেও ১৫ লাখ টাকা জমা রাখা হয়েছে। এ ছাড়া ভাটারা, গুলশান ও ক্যান্টনমেন্ট থানায় দায়িত্ব পালনকালে বিপুল পরিমাণ সম্পদের মালিক হন।