কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
রাজস্ব আদায়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর চলছে কঠোর নজরদারি। অথচ একই সময় খোদ সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে ভ্যাট বাবদ শত শত কোটি টাকা আটকে থাকলেও তা নিয়ে উচ্চবাচ্য নেই কারও। ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের অন্যতম দুই সরকারি প্রতিষ্ঠানের কাছেই ভ্যাট বকেয়া অন্তত ৮৭২ কোটি টাকা। এর মধ্যে চট্টগ্রাম বন্দরের কাছে ভ্যাট বকেয়া পড়েছে ৪৬৭ কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাছে আছে ৪০৫ কোটি টাকা। ১০ বছর পেরিয়ে গেলেও এসব রাজস্ব বকেয়া এখনও আদায় করতে পারেনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম কার্যালয়।
এতে একদিকে সরকার বঞ্চিত হচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব থেকে। অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানের ভ্যাট পরিশোধে অনীহা নিয়ে প্রশ্নও উঠছে। ভ্যাট আদায়ে সরকারের কঠোর অবস্থানের মধ্যে ‘রাজস্বের ঘরেই রাজস্ব বকেয়া’ সরকারি নীতি প্রয়োগের বৈপরীত্যের চিত্র তুলে ধরছে।
এ সম্পর্কে জানতে চাইলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম কার্যালয়ের যুগ্ম কমিশনার তপন চন্দ্র দে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বকেয়া ভ্যাট আদায়ের জন্য বন্দর কর্তৃপক্ষ এবং সিটি করপোরেশনÑ এ দুটি প্রতিষ্ঠানকে আমরা একধিকবার চিঠি দিয়েছি। সর্বশেষ গত মাসেও (সেপ্টেম্বর) প্রতিষ্ঠান দুটিকে এ ব্যাপারে তাগাদা দিয়েছি। কিন্তু তাদের কাছ থেকে কোনো সাড়া পাচ্ছি না।’
সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব আয় করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমদানি-রপ্তানি পণ্য হ্যান্ডলিংয়ের বিপরীতে সরকারি এই প্রতিষ্ঠান অন্তত ৬০ ধরনের ফি আদায় করে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত অর্থবছর এসব ফি বাবদ প্রতিষ্ঠানটি ৬ হাজার ৬২৯ কোটি ১৭ লাখ টাকা রাজস্ব আয় করেছে। এর মধ্যে রাজস্ব ব্যয় ছিল ২ হাজার ২৭৩ কোটি ৯৬ লাখ টাকা। এর আগের অর্থবছরে আয় হয়েছিল ৫ হাজার ৩৬৬ কোটি ৪৯ লাখ টাকা। ওই অর্থবছর রাজস্ব ব্যয় ২ হাজার ৩৮৮ কোটি ৫৭ লাখ টাকা।
অন্যদিকে চসিক হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন ধরনের সেবার বিপরীতে রাজস্ব আদায় করে। প্রতিষ্ঠানটির সর্বশেষ বাজেট প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছর প্রতিষ্ঠানটি বাজেটে আয় দেখিয়েছে ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকা। এর আগের বছর ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে আয় দেখিয়েছে ১ হাজার ২২১ কোটি ৯৬ লাখ টাকা।
এই হিসেবে প্রতিষ্ঠান দুটির রাজস্ব আয় অনেক হলেও তারা সরকারের রাজস্ব আটকিয়ে রাখছে বছরের পর বছর। বিশেষ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজেদের ফান্ডে বিপুল পরিমাণ অর্থ থাকার পরও বকেয়া ভ্যাট পরিশোধ করছে না বছরের পর বছর।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন সেবা খাতের বিপরীতে ২০১৩-১৪ অর্থবছরে খাতওয়ারি নিরীক্ষা করে শুনানির পর নিষ্পত্তি করা হয় এবং ২০১৮ সালের ৮ জানুয়ারি দাবিনামা নং-০১/২০১৮-এর মাধ্যমে ৭৬ কোটি ২০ লাখ ৬০ হাজার ১৯০ টাকার দাবি চূড়ান্ত করে আদেশ দেওয়া হয়। একই প্রক্রিয়ায় ওই বছরের ৭ জানুয়ারি দাবিনামা নং- ০২/২০১৮-এর মাধ্যমে ২০১৪-১৫ অর্থবছরে ৮৬ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার ১১০ টাকার দাবি চূড়ান্ত করে আদেশ দেওয়া হয়। চূড়ান্ত দাবি করা এই টাকা পরিশোধ করার জন্য কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় থেকে একাধিকবার পত্রের মাধ্যমে প্রতিষ্ঠানকে তাগিদপত্রও দেওয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানটি ওই দাবি করা টাকা এখনও পরিশোধ করেনি। একই ধারাবাহিকতায় নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা কর্তৃক উল্লিখিত প্রতিষ্ঠানের ২০১৫-১৬ অর্থবছর থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করে ৩০৪ কোটি ৯৯ লাখ ২৮ হাজার ৫১৬ টাকা অপরিশোধিত ভ্যাট খুঁজে পায়। এই বিপুল পরিমাণ ভ্যাট নিষ্পত্তির জন্য সদর দপ্তরে পাঠানো হয়। তখন প্রতিষ্ঠানের শুনানি গ্রহণ করে ২০২১ সালের ১৪ জুলাই চূড়ান্ত দাবিনামা নং-১১ (অডিট)/২০২১, জারি করা হয়। এই তিনটি চূড়ান্ত দাবিনামার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে সর্বমোট ৪৬৭ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৮১৬ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধ করে সদর দপ্তরকে জানানোর জন্য অনুরোধ করা হয়। প্রতিষ্ঠানটি ওই টাকা পরিশোধ না করে জারি করা দাবিনামা প্রত্যাহারের জন্য ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন এই বকেয়া ভ্যাট আদায়ে এখন পর্যন্ত চার দফায় তাগিদপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৬ সালের ৪ মে সর্বশেষ তাগিদপত্র দেওয়া হয়।
অন্যদিকে সিটি করপোরেশনের ভ্যাট বকেয়ার বিষয়ে জানা যায়, নিরীক্ষা দল প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার সেবা প্রদান এবং গ্রহণের তথ্য ও হিসাব পর্যালোচনা করে ২০১৬-২০১৭ থেকে ২০১৮-২০১৯ অর্থবছর অপরিশোধিত ভ্যাট বাবদ-১৯৪ কোটি ১৪ লাখ ১০ হাজার ৪২০ টাকা আদায়ের কার্যক্রম নেওয়ার সুপারিশ জানিয়ে ২০২২ সালের ২২ মে কমিশনার বরাবর নিরীক্ষা প্রতিবেদন দাখিল করেন। এরপর একই বছরের ৯ জুন মূল্য সংযোজন কর আইন, ১৯৯১-এর ধারা ৫৫(১) মোতাবেক প্রতিষ্ঠানটি বরাবর দাবিনামা সম্বলিত কারণ দর্শানো নোটিস জারি করেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কারণ দর্শানোর নোটিসের কোনো জবাব দেয়নি। পরে প্রতিষ্ঠানটির দাবির পরিপ্রেক্ষিতে পুনঃযাচাইয়ের জন্য চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি প্রকৃত খরচের বিস্তারিত দলিলাদি সরবরাহ করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে পত্র দিয়ে এবং একাধিকবার মৌখিকভাবে অনুরোধ করলেও তারা কোনো দলিলাদি দেয়নি, জবাবও দেয়নি।
একইভাবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২০১৯-২০২০ থেকে ২০২০-২০২১ অর্থবছরে উৎসে কর্তনযোগ্য মূসক বাবদ ২১১ কোটি ৫৮ লাখ ৩৬ হাজার ৯৫০ টাকা আদায়ের লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৭৩ অনুযায়ী চূড়ান্ত কর নির্ধারণী আদেশ জারি করা হয়। পরে এই বকেয়া রাজস্ব দেওয়ার জন্য প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। ২০২২ সালের ৯ জুন এ বিষয়ে শুনানি হয়। শুনানিতে সিটি করপোরেশন বিষয়টি পুনঃযাচাইয়ের অনুরোধ করে। পুনঃযাচাইয়ের পরিপ্রেক্ষিতে চার সদস্যের কমিটি গঠন করা হয়।
এই কমিটি ২০২৩ সালের ২ আগস্ট প্রতিবেদন দেয়। যার ওপর ভিত্তি করে একই বছরের ৯ নভেম্বর প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এর কোনো জবাব দেয়নি। এ অবস্থায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৩৭ অনুযায়ী চূড়ান্ত দাবিনামা জারি করে প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠানো হয়েছে। ২০২৫ সালের ১৩ নভেম্বর দেওয়া চিঠির জবাব চসিক থেকে দেওয়া হয় ২০২৬ সালের ২৮ এপ্রিল। এতে বলা হয়, ২১১ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার ৯৫০ টাকার যে দাবি করা হয়েছে, তা সঠিক নয়। প্রকৃতপক্ষে টাকার এই পরিমাণ চসিকের প্রস্তাবিত বাৎসরিক বাজেট বই দেখে নির্ধারণ করা হয়েছে। বাস্তবিক অর্থে বাৎসরিক প্রস্তাবিত বাজেটের হিসাব এবং প্রকৃত প্রাপ্তি ও পরিশোধ হিসাব এক নয়।