× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদোন্নতির জটে আটকে ১৩ পরিসংখ্যান কর্মকর্তা

মাসুদুল হাসান

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ০৯:৫০ এএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ১৩ জন পরিসংখ্যান কর্মকর্তার পদোন্নতি নিয়ে দীর্ঘদিনের জটিলতা এখনও কাটেনি। পদোন্নতির পথ আটকে দেওয়া রিট মামলা থেকে শুরু করে প্রশাসনিক ট্রাইব্যুনাল ও প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল— তিন স্তরের আইনি প্রক্রিয়া পেরিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদোন্নতির ফাইল আবারও প্রক্রিয়ায় আসে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পদোন্নতির সুপারিশ চূড়ান্ত করে সংশ্লিষ্ট বিভাগে পাঠায়। এরপরও পদোন্নতির প্রজ্ঞাপন জারি হয়নি।

ভুক্তভোগী কর্মকর্তাদের প্রশ্ন, আদালতের কোনো স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা না থাকলে পিএসসির সুপারিশের পরও প্রশাসনিক সিদ্ধান্ত আটকে থাকার কারণ কী? অন্যদিকে, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব বলছেন, ১৩ কর্মকর্তার পদোন্নতির বিষয়টি নিয়ে উচ্চ আদালতে আপিল হয়েছে এবং বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

তিন আদালতে মামলা খারিজ

২০১৯ সালে পরিসংখ্যান কর্মকর্তা (নন-ক্যাডার) পদে কর্মরত কয়েকজন কর্মকর্তা পরিসংখ্যান কর্মকর্তা (ক্যাডার) পদে পদোন্নতি বন্ধ রাখার দাবিতে হাইকোর্টে রিট করেন। মামলায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক এবং পিএসসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়। রিটের কারণে উপজেলা ও সহকারী পরিসংখ্যান কর্মকর্তাদের একটি অংশের পদোন্নতি আটকে যায়। পরে সরকার ওই কর্মকর্তাদের স্বার্থ রক্ষায় মামলায় তৃতীয় পক্ষ হিসেবে যুক্ত হয়ে মামলা পরিচালনার সিদ্ধান্ত নেয়। দীর্ঘ শুনানির পর হাইকোর্ট রিটটি খারিজ করে দেন। হাইকোর্টের রিট মামলা নম্বর ৪৯৫৭/২০১৯ এবং রায়ের তারিখ ৫ জানুয়ারি ২০২৩। এরপর প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করা হয়। প্রশাসনিক ট্রাইব্যুনালের মামলা নম্বর ১০৬/২০২৩-এ ১৮ মার্চ ২০২৪ রায় দিয়ে আবেদনটি খারিজ করা হয়। এরপর প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে আপিল করা হয়। আপিল ট্রাইব্যুনালের মামলা নম্বর ১১৬/২০২৪-এ ১৬ জুন ২০২৬ রায় হয় এবং আপিলটি খারিজ করা হয়।

পিএসসির সুপারিশের পরও হয়নি প্রজ্ঞাপন

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায়ের পর ১৩ জন পরিসংখ্যান কর্মকর্তাকে ক্যাডার পদে পদোন্নতি দেওয়ার জন্য ফাইল আবার ওঠে। বিষয়টি পিএসসির কাছে যায় এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পিএসসি পদোন্নতির সুপারিশ চূড়ান্ত করে। ওই সুপারিশ সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হলেও এখন পর্যন্ত পদোন্নতির প্রজ্ঞাপন জারি হয়নি। এ অবস্থায় কর্মকর্তাদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে, আদালত যদি পদোন্নতি স্থগিত রাখার কোনো নির্দেশ না দিয়ে থাকে, তা হলে পিএসসির সুপারিশ পাওয়ার পর সিদ্ধান্ত গ্রহণে বাধা কোথায়?

পদোন্নতি আটকে রাখার কারণ কী?

 ভুক্তভোগী কর্মকর্তাদের অভিযোগ, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায়ের পর পদোন্নতির প্রক্রিয়া এগোয়। কিন্তু পরে রিটকারীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করেছেন। এ কারণে প্রশাসন পদোন্নতির সিদ্ধান্ত থেকে পিছিয়ে গেছে বলে তারা দাবি করছেন। তাদের প্রশ্ন, শুধু লিভ টু আপিল করা হয়েছে বলেই কি পদোন্নতি স্থগিত রাখা যায়?

এ বিষয়ে সরকারের মুখ্য আইন কর্মকর্তা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট সব কাগজপত্র তিনি দেখেছেন। ১৩ কর্মকর্তাকে পরিসংখ্যান কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা আছে বলে তার মনে হয় না।

তিনি বলেন, মামলার কারণে বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে— এমন ধারণারও অবকাশ নেই। আদালতের আদেশে যদি পদোন্নতি দেওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা না থাকে, তা হলে প্রশাসনিকভাবে বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব।

যেসব প্রশ্নের উত্তর চায় ১৩ পরিবার

একটি সরকারি পদোন্নতি প্রক্রিয়া প্রায় সাত বছর ধরে মামলা ও প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে ঘুরছে। ২০১৯ সালে মামলা, ২০২৩ সালে হাইকোর্টের রায়, ২০২৪ সালে প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়, ২০২৬ সালে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায় এবং এরপর পিএসসির সুপারিশ— এরপরও পদোন্নতির প্রজ্ঞাপন জারি হয়নি।

সরকারি চাকরিতে পদোন্নতি পদসৃজন, জ্যেষ্ঠতা, প্রশাসনিক কাঠামো ও সরকারি অর্থ ব্যবস্থাপনার সঙ্গেও যুক্ত। ফলে কোনো পদোন্নতি মামলা-সংক্রান্ত জটিলতায় আটকে থাকলে আদালতের আদেশ এবং প্রশাসনিক সিদ্ধান্তের অবস্থান— দুটিরই স্পষ্ট ব্যাখ্যা থাকা প্রয়োজন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন। তাদের দাবি, ১৩ কর্মকর্তার পদোন্নতি-সংক্রান্ত ফাইলের বর্তমান অবস্থা এবং কোনো আদালতীয় নিষেধাজ্ঞা থাকলে তার সুনির্দিষ্ট নথি প্রকাশ করা হোক।

যা বলছেন সচিব

আদালতের রায়, আপিলের অবস্থা এবং পিএসসির সুপারিশের পরও পদোন্নতি আটকে থাকার কারণ জানতে চাইলে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ১৩ কর্মকর্তার পদোন্নতির বিষয়টি নিয়ে উচ্চ আদালতে আপিল করা হয়েছে। বিষয়টি এখনও আদালতে নিষ্পত্তি হয়নি। এ অবস্থায় আদালতের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত পদোন্নতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

আদালত পদোন্নতির ওপর কোনো নিষেধাজ্ঞা দেননি, তারপরও কেন আদেশ জারি করা হচ্ছে না— জানতে চাইলে সচিব বলেন, আদালত থেকে সরাসরি কোনো নিষেধাজ্ঞা না থাকলেও বিষয়টি যেহেতু বিচারাধীন, তাই আপিলের নিষ্পত্তির জন্য অপেক্ষা করাই যুক্তিসঙ্গত।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা