সৌরভ হোসেন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ০৯:৩৫ এএম
প্রতীকী ছবি
রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় যুক্ত ২৬টি সংস্থার মধ্যে সমন্বয়হীনতা, অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি, ফুটপাত ও সড়ক দখল, অবৈধ পার্কিং এবং গণপরিবহনে বিশৃঙ্খলার কারণে দিন দিন বাড়ছে যানজট। এতে প্রতিদিন বিপুল কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি জরুরি চিকিৎসাসেবাসহ নাগরিক জীবনের নানা ক্ষেত্রে বিঘ্ন ঘটছে। নগর পরিকল্পনাবিদদের মতে, সমন্বিত পরিকল্পনা ও জবাবদিহির অভাব রাজধানীর সড়ক ব্যবস্থাপনার অন্যতম প্রধান সমস্যা।
এর প্রকট উদাহরণ যাত্রাবাড়ী-মালিবাগ রেলগেট হয়ে বাড্ডা ও কুড়িল বিশ্বরোড পেরিয়ে আব্দুল্লাহপুর পর্যন্ত বিস্তৃত সড়কপথ। বিশেষ করে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত মাত্র ৮ কিলোমিটার পথ পাড়ি দিতে কখনও দুই থেকে আড়াই ঘণ্টা লেগে যায় বলে অভিযোগ নগরবাসীর। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও জরুরি চিকিৎসাসেবা নিতে যাওয়া রোগীরা। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। একই সঙ্গে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে।
২৬ সংস্থার কাজে সমন্বয়ের ঘাটতি
নগর পরিকল্পনাবিদদের মতে, রাজধানীর সড়ক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন দপ্তরের কাজের মধ্যে দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনার অভাব রয়েছে। একটি সংস্থা রাস্তা মেরামত করার কয়েক দিনের মধ্যেই অন্য সংস্থা পাইপ বা ক্যাবল বসানোর জন্য সেই সড়ক আবার খনন করছে। এতে সড়কের স্থায়িত্ব নষ্ট হওয়ার পাশাপাশি যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
সড়ক অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত প্রধান সংস্থাগুলোর মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজউক, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এ ছাড়া রয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও বাংলাদেশ রেলওয়ে। রাস্তা খননের সঙ্গে যুক্ত সংস্থাগুলোর মধ্যে রয়েছে ঢাকা ওয়াসা, তিতাস, ডেসকো, ডিপিডিসি, বিটিসিএল এবং বেসরকারি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। মেগা প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত রয়েছে ডিএমটিসিএল ও ডিটিসিএ। এসব সংস্থার কাজের মধ্যে কার্যকর সমন্বয় না থাকায় রাজধানীর বিভিন্ন সড়কে বার বার খোঁড়াখুঁড়ি ও সংস্কারের ঘটনা ঘটছে।
যমুনা ফিউচার পার্কের একটি মোবাইল দোকানের ব্র্যান্ড প্রমোটার এবং কাকরাইলের বাসিন্দা শামীম হোসেন বলেন, এই সড়কে দীর্ঘদিন ধরে পানির লাইনের কাজ চলছে। গত মাসেই কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সড়ক সরু করে এক লেনে যান চলাচল করানো হচ্ছে। কাজ কবে শেষ হবে, তা প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরাও স্পষ্ট করে বলতে পারছেন না। এর ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
পরিবহন চালকদের অভিযোগ, তিতাস, ওয়াসা ও বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর পাইপ ও তার বসানোর জন্য সড়ক খুঁড়ে দীর্ঘদিন ফেলে রাখা হচ্ছে। এতে অনেক স্থানে মূল সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যানবাহনকে ধীরগতিতে চলতে হচ্ছে এবং যানজট বাড়ছে।
হকার ও অবৈধ পার্কিংয়ে সংকুচিত সড়ক
রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় ফুটপাতের পাশাপাশি মূল সড়কের উল্লেখযোগ্য অংশও হকার ও অবৈধ দোকানপাটের দখলে রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে শপিং মল, বাণিজ্যিক ভবন ও স্থানীয় পরিবহনের অবৈধ পার্কিং। এসব কারণে সড়কের ব্যবহারযোগ্য অংশ সংকুচিত হচ্ছে এবং যান চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।
গণপরিবহনে বিশৃঙ্খলা
ট্রাফিক আইন অমান্য করে বাসস্টপের বাইরে ও মাঝসড়কে যাত্রী ওঠানামা করানো যানজটের অন্যতম কারণ। যাত্রী তুলতে গিয়ে লোকাল বাসের চালকদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়। এতে পেছনে থাকা অন্যান্য যানবাহন আটকে পড়ে। পাশাপাশি দূরপাল্লার বাসের যত্রতত্র ইউটার্ন এবং বাস টার্মিনালকেন্দ্রিক অতিরিক্ত চাপও যানজট বাড়াচ্ছে।
রাজনৈতিক ও নাগরিক কর্মসূচির
রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি, সভা-সমাবেশ এবং সড়ক অবরোধের কারণে প্রায়ই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে বিকল্প সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে যায়। ফলে একটি এলাকার যানজট দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
বাস টার্মিনাল স্থানান্তর ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা
রাজধানীর যানজট কমাতে এবং কেন্দ্রীয় এলাকার ওপর থেকে দূরপাল্লার বাসের চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার জানিয়েছেন, গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী সর্বোচ্চ তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। নতুন টার্মিনাল চালু হলে দক্ষিণাঞ্চলগামী বাসের একটি বড় অংশ রাজধানীর কেন্দ্রীয় এলাকা থেকে সরিয়ে নেওয়া সম্ভব হতে পারে। তবে এর সুফল নির্ভর করবে টার্মিনালের ব্যবস্থাপনা ও সংযোগ সড়কগুলোর সক্ষমতার ওপর।
ট্রাফিক নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহারও বাড়াচ্ছে ডিএমপি। পূর্বঘোষণা অনুযায়ী, রাজধানীর ১২টি পয়েন্টে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল চালু রয়েছে। পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ ১২০টি মোড়ে এই প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শহরের গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ মোড়গুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ট্রাফিক ক্যামেরা স্থাপন করা হয়েছে।
নগর বিশেষজ্ঞ অধ্যাপক আদিল মাহমুদ খান বলেন, ঢাকায় সড়ক খননজনিত অব্যবস্থাপনা বন্ধে বিদ্যমান নীতিমালার কার্যকর বাস্তবায়ন জরুরি। নীতিমালা অনুযায়ী, সেবা সংস্থাগুলোকে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে অনুমোদন নিতে হবে এবং বার্ষিক খনন পরিকল্পনা জমা দিতে হবে। কিন্তু বাস্তবে অনেক সংস্থা এসব নির্দেশনা উপেক্ষা করে ইচ্ছামতো সড়ক খনন করছে।
তিনি বলেন, পরিস্থিতি পরিবর্তনে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কঠোর নির্দেশনা দিতে হবে এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো প্রকল্পের আর্থিক অনুমোদন না দেওয়ার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি প্রকল্প অনুমোদনের সময় পরিকল্পনা কমিশনকে সংশ্লিষ্ট সংস্থার পরিকল্পনা ও নগর মহাপরিকল্পনার মধ্যে সামঞ্জস্য যাচাই করতে হবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়েরও কার্যকর ভূমিকা থাকা জরুরি।