জোসনা জামান
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ০৯:০৫ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৬ ০৯:১৯ এএম
গ্রাফিক্স: সংগৃহীত
বিশ্বব্যাংকের বিশ্ব সুশাসন সূচকে বাংলাদেশের ছয়টি ক্ষেত্রের মধ্যে পাঁচটিতে স্কোর বেড়েছে, কমেছে একটিতে। রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারের কার্যকারিতা, দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন ও নিয়ন্ত্রক সংস্থার গুণমানÑ এই পাঁচ সূচকে আগের বছরের তুলনায় দেখা গেছে অগ্রগতি। তবে মতপ্রকাশের স্বাধীনতা ও জবাবদিহির সূচকে কমেছে দেশের স্কোর। বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি সূচকে স্কোর বাড়লেও দেশের সুশাসন পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি।
বিশ্বব্যাংকের বিশ্ব সুশাসন সূচক বা ওয়ার্ল্ডওয়াইড গভর্ন্যান্স ইন্ডিকেটরসের (ডব্লিউজিআই) তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে। এই সূচকে ছয়টি ক্ষেত্রে একটি দেশের সুশাসন পরিস্থিতি মূল্যায়ন করা হয়। তবে সূচকের স্কোরের পরিবর্তনকে বাস্তব পরিস্থিতির একমাত্র মাপকাঠি হিসেবে দেখার সুযোগ নেই।
স্কোর বেড়েছে পাঁচ সূচকে
রাজনৈতিক স্থিতিশীলতার সূচকে বাংলাদেশের স্কোর ২০২৪ সালের ৪১ দশমিক ৯২ থেকে বেড়ে ২০২৫ সালে ৪৯ দশমিক ১১ হয়েছে। সরকারের কার্যকারিতা সূচকে স্কোর ৩৪ দশমিক ৫৩ থেকে বেড়ে হয়েছে ৪৩ দশমিক ২৪।
দুর্নীতি নিয়ন্ত্রণের সূচকে স্কোর ১৭ দশমিক ৪৩ থেকে বেড়ে হয়েছে ২৮ দশমিক ২০। আইনের শাসনের সূচকে ২০২৪ সালের ৪১ দশমিক ১৩ থেকে বেড়ে ২০২৫ সালে হয়েছে ৪৩ দশমিক ৬৪। আর নিয়ন্ত্রক সংস্থাগুলোর গুণমানের সূচকে স্কোর ৩৫ দশমিক ৫২ থেকে বেড়ে হয়েছে ৩৯ দশমিক ৩৫।
অন্যদিকে মতপ্রকাশের স্বাধীনতা ও জবাবদিহির সূচকে বাংলাদেশের স্কোর ২০২৪ সালের ৪৮ দশমিক ৪০ থেকে কমে ২০২৫ সালে হয়েছে ৪৪ দশমিক ৪৯। অর্থাৎ এই ক্ষেত্রে আগের বছরের তুলনায় অবনতি হয়েছে।
দুর্নীতি নিয়ন্ত্রণে অগ্রগতি নিয়ে প্রশ্ন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিশ্বব্যাংকের মানদণ্ডে দুর্নীতি নিয়ন্ত্রণের সূচকে উন্নতি দেখা যাওয়াকে ইতিবাচকভাবে দেখা যায়। তবে বাস্তব পরিস্থিতির সঙ্গে এই মূল্যায়ন মিলিয়ে দেখা প্রয়োজন। কারণ স্কোর বাড়লেও বাংলাদেশ এখনও অনেক নিচে রয়েছে।
তিনি বলেন, অন্যান্য সূচকেও এক বছরের তুলনায় যে অগ্রগতি দেখা গেছে, তাতে সন্তুষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। প্রতিটি ক্ষেত্রেই রয়েছে প্রশ্ন। সাম্প্রতিক দখলবাজি, চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে রয়েছে সাধারণ মানুষের উদ্বেগ। সুশাসন নিশ্চিত করতে হলে সরকারকে কার্যকর ও বাস্তবভিত্তিক ব্যবস্থা নিতে হবে।
সুশাসন ও অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক
ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) ড. মোস্তফা কে. মুজেরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিশ্বব্যাংকের সূচকে কয়েকটি ক্ষেত্রে উন্নতি হওয়া ইতিবাচক। তবে এই অগ্রগতিতে অতিরিক্ত সন্তুষ্ট হওয়ার কারণ নেই। দুর্নীতি নিয়ন্ত্রণসহ যেসব ক্ষেত্রে স্কোর বেড়েছে, সেগুলোতে আরও দ্রুত অগ্রগতি প্রয়োজন।
ড. মুজেরীর মতে, ২০২৪ সালের আগে দেশে স্বৈরাচারী শাসনব্যবস্থা থাকায় সুশাসনের সূচকগুলো নিম্নমুখী ছিল। এখন সূচকগুলোতে উন্নতি এনে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর তাগিদ
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, যেসব সূচকে উন্নতি দেখা যাচ্ছে, সেগুলোতে অগ্রগতি ধরে রাখতে হবে। কারণ, এসব সূচক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং সরকারের কৌশলগত কাঠামোর লক্ষ্য অর্জনের সঙ্গে সম্পর্কিত।
তিনি আরও বলেন, আইনের শাসন নিশ্চিত করার ওপর অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে। এ জন্য সরকারের উচিত প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বাড়ানো এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোকে শক্তিশালী করা।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা
তুলনামূলক তথ্যে দেখা যায়, সুশাসনের বিভিন্ন সূচকে ভারত, নেপাল ও ভুটান বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। অন্যদিকে পাকিস্তান ও আফগানিস্তানের তুলনায় কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ভালো।