× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন ঋণে কর বাড়ানো ও ব্যাংক খাত সংস্কারে চাপ আইএমএফের

আহমেদ তোফায়েল

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ০৮:৪৮ এএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৬ ০৯:১৮ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের জন্য প্রস্তাবিত নতুন ঋণ কর্মসূচিতে ব্যাংক খাতের প্রকৃত মূলধন ঘাটতি নিরূপণ, দুর্বল ব্যাংকের পুনর্গঠন ও জ্বালানিতে আবগারি শুল্কারোপের মতো শর্ত সামনে আনছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তিন বছর মেয়াদি সাড়ে ৪ বিলিয়ন ডলারের সম্ভাব্য এ ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা করতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দেবেন। আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৬ সালের বার্ষিক এ সভা আজ থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত জুলাইয়ে আইএমএফের প্রতিনিধিদের বাংলাদেশ সফর, সংস্থাটির জানুয়ারির প্রতিবেদন ও বসন্তকালীন সভার আলোচনার ভিত্তিতে নতুন ঋণের সম্ভাব্য শর্ত নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। ব্যাংককে সভার ফাঁকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা।

ব্যাংকের প্রকৃত মূলধন ঘাটতি নিরূপণে জোর

নতুন ঋণ কর্মসূচির অন্যতম প্রধান বিষয় হতে পারে ব্যাংকগুলোর সম্পদের মান যাচাই। এ প্রক্রিয়ায় ব্যাংকের ঋণ ও অন্যান্য সম্পদের প্রকৃত অবস্থা পর্যালোচনা করে সম্ভাব্য লোকসান, মূলধন ঘাটতি ও পুনর্গঠনে প্রয়োজনীয় অর্থ নির্ধারণ করা হবে।

আইএমএফ ব্যাংকগুলোর সম্পদের মান যাচাই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে এবং এর ফলাফলের ভিত্তিতে পুনর্মূলধনীকরণের প্রয়োজন নির্ধারণ করতে বলেছে। একই সঙ্গে সব ব্যাংকের অবস্থা পর্যালোচনা করে সেগুলোকে তিন শ্রেণিতে ভাগ করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। শ্রেণিগুলো হলোÑ আর্থিকভাবে সক্ষম ব্যাংক, সক্ষম হলেও মূলধন ঘাটতিতে থাকা ব্যাংক এবং অকার্যকর বা দুর্বল ব্যাংক।

দুর্বল ব্যাংকগুলোর জন্য আলাদা পুনর্গঠন বা নিষ্পত্তি পরিকল্পনা তৈরির সুপারিশও করেছে আইএমএফ। ব্যাংক পুনর্গঠনের অর্থ জোগাতে খেলাপি ঋণ আদায়ের ওপর অতিরিক্ত নির্ভর না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে সরকারি সহায়তার পরিধি, লোকসানের দায় কারা কীভাবে বহন করবে এবং অর্থের উৎস কী হবে, তা পরিষ্কার করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের মার্চ শেষে দেশের ২১টি ব্যাংকের মোট মূলধন ঘাটতি ছিল প্রায় ২ লাখ ৯৪ হাজার কোটি টাকা। উদ্বৃত্ত মূলধন থাকা ব্যাংকগুলোর হিসাব সমন্বয়ের পর পুরো ব্যাংক খাতের নিট মূলধন ঘাটতি দাঁড়ায় প্রায় ২ লাখ ৩৯ হাজার কোটি টাকায়। অন্যদিকে ২০২৬ সালের জুন শেষে ব্যাংক খাতে ঋণের বিপরীতে প্রয়োজনীয় সংস্থান ঘাটতি ছিল প্রায় ২ লাখ ২২ হাজার ৩৫৭ কোটি টাকা। 

সংস্থান ঘাটতি হলো, ব্যাংকের ঋণের বিপরীতে সম্ভাব্য লোকসান সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী যে পরিমাণ অর্থ আলাদা করে রাখার কথা, তার তুলনায় কম অর্থ সংরক্ষিত থাকা। 

একীভূত ব্যাংকের অবস্থাও পর্যালোচনায়

একীভূত ব্যাংকগুলোর আর্থিক অবস্থার বিস্তারিত মূল্যায়ন চেয়েছে আইএমএফ। এসব ব্যাংক কীভাবে মূলধন পর্যাপ্ততার শর্ত পূরণ করবে, আগের লোকসান সামাল দেবে ও শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার ওপর নির্ভরতা কমাবে, তার সুনির্দিষ্ট পরিকল্পনা চাওয়া হয়েছে। 

জ্বালানি শুল্ক ও করছাড় প্রত্যাহারের প্রস্তাব

ব্যাংক সংস্কারের পাশাপাশি রাজস্ব বাড়ানোর বিষয়টিও নতুন ঋণ কর্মসূচিতে গুরুত্ব পেতে পারে। আইএমএফের কারিগরি সহায়তা সংক্রান্ত সুপারিশে করের আওতা বাড়ানো, তামাকজাত পণ্যের বিদ্যমান আবগারি শুল্কব্যবস্থা আধুনিক করা এবং জ্বালানিতে আবগারি শুল্ক চালুর কথা রয়েছে।

এ ছাড়া কর ও মূল্য সংযোজন করের (মূসক) ছাড় সংক্রান্ত বিধিবদ্ধ নিয়ন্ত্রণ আদেশ প্রত্যাহার, বাজারভিত্তিক বিনিময় হার চালু রাখা, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় কর আদায়ের অনুপাত বাড়ানো ও সাধারণ ১৫ শতাংশ মূসক হার চালুর সুপারিশ করেছে আইএমএফ।

জ্বালানির দাম নির্ধারণে স্বয়ংক্রিয় ব্যবস্থা অব্যাহত রাখা এবং সারে ভর্তুকি কমানোর কথাও বলেছে সংস্থাটি। রাজস্ব আদায়ে উৎসে করের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর সুপারিশও রয়েছে। তবে এসব প্রস্তাবের সবকটি নতুন ঋণের চূড়ান্ত শর্ত হিসেবে নির্ধারিত হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। 

এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আইএমএফের সুপারিশ করা জ্বালানির স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা ও অন্যান্য সংস্কার পদক্ষেপ সরকার অব্যাহত রাখেনি। নতুন কর্মসূচির শর্তগুলো আগের কর্মসূচির সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ থাকবে। এতে রাজস্ব আহরণ বাড়ানো ও ব্যাংক খাতের সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

জ্বালানি খাতে ভর্তুকির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিতে আইএমএফকে রাজি করানোর সুযোগ থাকতে পারে। তবে ব্যাংক খাতের সংস্কারই আলোচনার প্রধান বিষয় হবে। 


আগের ঋণ কর্মসূচি থেকে নতুন উদ্যোগ

বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার পর আগের ঋণ কর্মসূচি থেকে সরে আসে। ২০২৩ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকারের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি স্বাক্ষরিত হয়েছিল। পরে অন্তর্বর্তী সরকার ঋণের পরিমাণ বাড়িয়ে ৫৫০ কোটি ডলার করে। এ কর্মসূচির আওতায় বাংলাদেশ পাঁচ কিস্তিতে ৩৮০ কোটি ডলার পেয়েছে। গত বছরের নভেম্বরে আইএমএফ আলোচনা স্থগিত করার পর ষষ্ঠ কিস্তির অর্থছাড় আটকে যায়। নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর সিদ্ধান্ত নেয় সংস্থাটি। আইএমএফের বাংলাদেশ মিশনপ্রধান ইভো ক্রজনার গত ৩ জুন এক বিবৃতিতে জানান, আগের ঋণ কর্মসূচি বাদ দিয়ে নতুন একটি ঋণ প্যাকেজের জন্য আবেদন করেছে বাংলাদেশ সরকার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা