প্রতীকী ছবি
সারা দেশে নতুন সার ডিলার নিয়োগের তালিকা প্রকাশের পর অনিয়ম, আর্থিক লেনদেন, রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। রংপুর, রাজশাহী, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, ময়মনসিংহ, চট্টগ্রাম ও ভোলাসহ বিভিন্ন এলাকায় নিয়োগপ্রাপ্তদের যোগ্যতা এবং তালিকা তৈরির প্রক্রিয়া নিয়েও উঠেছে প্রশ্ন। কোথাও দলীয় নেতাদের স্বাক্ষর করা তালিকার সঙ্গে চূড়ান্ত নিয়োগের মিল পাওয়া গেছে, কোথাও একই পরিবারের সদস্যদের নাম, আবার কোথাও সার ডিলারের ব্যবসা ও গুদামের অস্তিত্ব নেই বলে অভিযোগ করেছেন বঞ্চিত আবেদনকারীরা।
সংসদ সদস্যদের অনেকে অভিযোগ করেছেন, তাদের সুপারিশ উপেক্ষা করে সচিবালয়ের একটি দালালচক্রের মাধ্যমে সুবিধা নিয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিলারদের তালিকার বেশিরভাগ নাম চূড়ান্ত করেছেন। অল্প কয়েকটি এলাকায় সংসদ সদস্যদের সুপারিশ রাখা হলেও বেশিরভাগ জায়গায় তা হয়নি। বিগত ১৭ বছরে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বেশিরভাগই ডিলারশিপ পায়নি বলে অভিযোগ করেছেন। দুয়েকটি এলাকায় সংসদ সদস্যদের ছেলেমেয়েসহ আত্মীয়-স্বজন ডিলার নিয়োগে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
এদিকে অভিযোগ উঠেছেÑ সার ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে কোথাও কয়েক লাখ, কোথাও ২০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ কেউ অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন, আবার কেউ অভিযোগ প্রমাণের দায়িত্ব দিয়েছেন অভিযোগকারীদের ওপর। তবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সারের ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। নিজ ফেসবুক পোস্টে সরকারি কর্মকর্তাদের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “কিসের রাজনৈতিক নেতাদের শুদ্ধি করবেন, সবার আগে প্রশাসনের লোকদের অপারেশন ক্লিন হার্ট চালানো দরকার।”
তার মতে, উপজেলা থেকে পাঠানো তালিকায় প্রথম স্থানে থাকা আবেদনকারীকে বাদ দিয়ে দ্বিতীয় স্থানে থাকাদেরকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তার কারণও জানতে চেয়েছেন তিনি। বলেছেন, ‘সারের লাইসেন্স নিয়ে বিভিন্ন মানুষ টাকা দিতে চায়, আমি সেইগুলো বাদ দিয়েছি। ঈশ্বরগঞ্জে এক টাকার অনৈতিক সুবিধা আমি নিই না, কোনোদিন নিবও না। সরিষা ইউনিয়নে এ রকম লাইসেন্স যখন আমাদের ত্যাগী লোকের বাইরে যায়, আর ফ্যাসিস্টের লোক, এই প্রকৃতির টাকা নিয়ে ঘোরা লোভী মানুষ যখন সবাইকে ডিঙিয়ে লাইসেন্স পায়, তখন উপজেলা এবং জেলার সততা প্রশ্নবিদ্ধ হয়। আমার কাছে তার পক্ষে ইনিয়ে বিনিয়ে কথা বলার কারণ খুঁজে পাই। আমি সব জানি, এদের বিরুদ্ধে মুখ খুলতে চাই না। কে কোথা থেকে কত পার্সেন্ট টাকা নেয় তা জানি। যতক্ষণ এর অফিসিয়াল উত্তর না পাব, ঈশ্বরগঞ্জে কেউ কোনো মনোনীত লোক সারের লাইসেন্স নিবে না। আমাদের লোকেরা মামলা, হামলা খাবে আর আপনারা পয়সার বিনিময়ে সারের লাইসেন্স দিবেন, তা হবে না। আমরা নিজের টাকায় থানায় গাড়ি কিনে দিব, আর আপনারা ফ্যাসিস্টকে সাপোর্ট করবেন, তা হবে না।’ একই ধরনের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন ঢাকা মহানগর উত্তরের ছাত্রদলের সহসভাপতি দুলাল আহমেদ। তিনি লিখেছেন, “ডিসি অফিসে কত টাকার বিনিময়ে আমার ১ নম্বরকে দ্বিতীয় করা হয়েছে।”
কৃষি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, সারা দেশে ৪ হাজার ৯৩১টি প্রস্তাবিত ডিলারশিপের বিপরীতে আবেদন জমা পড়ে ৪৬ হাজার ৯৫৫টি। অর্থাৎ প্রতিটি ডিলারশিপের বিপরীতে গড়ে প্রায় সাড়ে ৯টি আবেদন রয়েছে। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশ এবং কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির অনুমোদনের ভিত্তিতে নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে।
নতুন সার ডিলার নিয়োগ নিয়ে সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি রংপুরের পীরগাছায়। উপজেলার সাতটি ইউনিয়নে ডিলার নিয়োগ ঘিরে ১ কোটি ৩১ লাখ টাকা লেনদেনের অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। কোথাও ১৫ লাখ থেকে ২৭ লাখ টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগ এসেছে। উপজেলা বিএনপির সভাপতি স্বাক্ষরিত তালিকায় দলীয় নেতাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্য ও আত্মীয়দের নাম থাকার বিষয়টিও সামনে এসেছে।
রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, সামান্যতম সার ডিলার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা এবং বিধি-বিধানের তোয়াক্কা করা হয়নি। কৌশল করে এক দুই তিন সিরিয়াল করা হয়েছে। এক নম্বরে তাদের দলীয় লোক এবং যাদের কাছে টাকা নিয়েছিল, তাদের নাম রেখে সার ডিলারের তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নীলফামারীর কিশোরগঞ্জে ৯টি ইউনিয়নে ২৭ জনকে ডিলার হিসেবে সুপারিশ করার প্রক্রিয়া নিয়ে বিএনপির কয়েকজন নেতা অনিয়মের অভিযোগ তুলেছেন। তাদের দাবি, প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে সংশ্লিষ্টদের সুপারিশ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেছেন, উপজেলা কমিটি যাচাই-বাছাই করে সম্মিলিতভাবে তালিকা পাঠিয়েছে। আর্থিক লেনদেনের অভিযোগ প্রমাণের দায়িত্ব অভিযোগকারীর।
রাজশাহী, ঝিনাইদহ, নীলফামারী ও মেহেরপুরে রাজনৈতিক পরিচয় ও আত্মীয়তার ভিত্তিতে ডিলার নিয়োগের অভিযোগ উঠেছে। বগুড়ায় ১৫৮টি ডিলার পদের বিপরীতে ১ হাজার ২৬৬টি আবেদন জমা পড়লেও বাছাই প্রক্রিয়ায় আট শতাধিক আবেদনকারী বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নে ডিলার নিয়োগ নিয়ে ২৫ লাখ টাকা লেনদেনের অভিযোগ করেছেন কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান রয়েল। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “উপজেলা ও জেলা পর্যায়ে পাঠানো তালিকায় আমার ভাইয়ের নাম প্রথমে থাকলেও চূড়ান্ত তালিকায় অন্য ব্যক্তির নাম এসেছে।” ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নে চূড়ান্ত হওয়া একজনের গুদামের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপি নেতারা।
চট্টগ্রামের বাঁশখালীতে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১৫টি ডিলার পদের বিপরীতে শতাধিক আবেদন জমা পড়ে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর কয়েকজন নিয়োগপ্রাপ্তের ব্যবসাপ্রতিষ্ঠান, গুদাম ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেছেন, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশে জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ চূড়ান্ত করেছে। তবে কোনো অযোগ্য ব্যক্তি নিয়োগ পেয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ভোলার বোরহানউদ্দিনে ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী লোকমান হোসেনের নিয়োগ নিয়েও স্থানীয় কৃষকদের প্রশ্ন রয়েছে। তাদের অভিযোগ, তিনি সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা বা ভোটার নন এবং তার পরিবারের সদস্যদের নামেও একাধিক ডিলারশিপ রয়েছে। এসব অভিযোগের স্বাধীন যাচাই প্রয়োজন।
কৃষি অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরা মনে করছেন, এভাবে অনভিজ্ঞ ও অন্যায্য উপায়ে ডিলার নিয়োগ করা হলে কৃষি খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে। ঘুষের টাকা তুলতে ডিলাররা পরবর্তীতে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে পারেন এবং সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করতে পারেন। এতে প্রান্তিক কৃষকরা চরম ভোগান্তিতে পড়বেন, যা শেষ পর্যন্ত দেশের খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
কৃষি মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডিলার নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং জেলা প্রশাসনের নেতৃত্বাধীন কমিটি এ তালিকা তৈরি করে। কোনো সুনির্দিষ্ট অভিযোগ লিখিতভাবে পাওয়া গেলে তদন্তসাপেক্ষে সংশ্লিষ্টদের ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।