এলপিজি সিলিন্ডার। ছবি: সংগৃহীত
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে অতিরিক্ত দামে পকেট কাটা হচ্ছে গ্রাহকের। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজির দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে দিলেও এই দামে সিলিন্ডার মিলছে না। এখনও ঢাকার বিভিন্ন জায়গায় ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। একেক সময় একেক দাম দিতে হচ্ছে গ্রাহকদের। এই নৈরাজ্যের জন্য আমদানিকারক, ডিলার ও খুচরা ব্যবসায়ীরা একে অপরের দিকে অভিযোগের তীর ছুড়ছেন। কেউ কেউ বলছেনÑ সরকার চাইলেই দোষীদের চিহ্নিত করে পরিস্থিতি আনতে পারে নিয়ন্ত্রণে।
মন্ত্রণালয়, বিইআরসি ও এনবিআর তথ্য অনুযায়ী, দেশে ৩২ থেকে ৩৩টি কোম্পানির এলপিজি আমদানির লাইসেন্স বা অনুমোদন থাকলেও মূলত ১০ থেকে ১২টি কোম্পানি নিয়মিত এলপিজি আমদানি করছে। বাংলাদেশে বছরে প্রায় ১৭ থেকে ১৮ লাখ টন এলপিজির চাহিদা রয়েছে। মোট ব্যবহারের প্রায় ৮০ শতাংশই ব্যয় হয় বাসাবাড়ির রান্নার কাজে। দেশের প্রায় ১ কোটি গ্রাহক এই জ্বালানির ওপর নির্ভরশীল। এর বাইরে শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানে ১২ শতাংশ, যানবাহনে ৫ শতাংশ ও অন্যান্য খাতে ব্যবহার হয় ৩ শতাংশ। অন্যদিকে এ খাতের চাহিদার প্রায় ৯৯ শতাংশ সরবরাহ করে বেসরকারি খাত, আর সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে মাত্র ১ শতাংশ।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার টন এলপিজি এসেছিল। একইভাবে গত সেপ্টেম্বর মাসেও আমদানির পরিমাণ ছিল প্রায় ১ লাখ ৫৮ হাজার টন। আমদানি না করলেও এলপিজির সংকট নিয়ে প্রশ্ন সামনে আসার পর গোয়েন্দা তথ্যে পাঁচটি কোম্পানির বিরুদ্ধে সিন্ডিকেট করার অভিযোগ উঠে আসে। সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর থেকে সরবরাহ কমাতে শুরু করে কোম্পানিগুলো। শুরুর দিকে ৩০ শতাংশ সরবরাহ কমানো হয়। এরপর ধীরে ধীরে ৫০ শতাংশের বেশি সরবরাহ কমিয়ে দেয়। এরপর ব্যবসায়ীদের সঙ্গে বসেন জ্বলানিমন্ত্রী। ব্যবসায়ীদের পক্ষ থেকে আন্তর্জাতিক পরিস্থিতির কথা তুলে ধরে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়। দাম বাড়লেও আগের মতো বেশি দামেই বিক্রি হচ্ছে সিলিন্ডার।
চলমান নৈরাজ্যের বিষয়ে জানতে চাইলে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সভাপতি আমিরুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমদানি কমেনি। তাই কেউ যাতে বেশি দামে বিক্রি না করে, সেটি নিশ্চিত করতে আগেই নির্দেশ দিয়েছে লোয়াব। এর পরও কেন এমন পরিস্থিতি হচ্ছেÑ সেটা সরকার খুঁজে বের করুক। ডিলার ও খুচরা ব্যবসায়ীদের বিষয়ে খোঁজ নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমদানিকারকদের কেউ যদি মজুদ করে থাকে সেটা বের করা সরকারের জন্য এক সেকেন্ডের বিষয়।
সারা দেশে এলপি গ্যাস ব্যবসায়ীদের মধ্যে আনুমানিক ২০ হাজার ডিলার আছেন। বিভিন্ন কোম্পানির এসব ডিলার অপারেটরেদের কাছ থেকে গ্যাস এনে পাইকারি দামে বিক্রি করেন। এনার্জি রেগুলেটরি কমিশনের মূল্য নির্ধারণ অনুযায়ী একজন ডিলার বা পরিবেশক অপারেটর কোম্পানির কাছ থেকে ১৭৪২ টাকা দরে ১২ কেজির সিলিন্ডার কিনবেন। তিনি ৫০ টাকা মুনাফা করবেন ও বিক্রেতার জন্য থাকবে ৪০ টাকা। আর গ্রাহক ১৮৩৭ টাকা দরে সেই সিলিন্ডার বাজার থেকে কিনবেন। ডিলারদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে অনেকেই সরবরাহ ঘাটতি দেখতে পান। পুরো মাসে চাহিদার অর্ধেক গ্যাস পেয়েছেন অনেকে।
একজন ডিলার জানান, গ্রিন এলপিজি তাকে ১৮ সেপ্টেম্বরের পর কোনো এলপিজি সরবরাহ করতে পারেনি। নতুন দাম নির্ধারণের পর তিনি যে রেট পেয়েছেন সেখানে অপারেটর প্রতি সিলিন্ডার ১৯৯০ টাকা দর দিয়েছে যেটি তার ১৭৪২ টাকায় পাওয়ার কথা। তাদের গাড়ি কয়েক দিন ধরে মোংলায় বসে আছে সেখানে তাকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। যেখানে তার ২০ হাজার সিলিন্ডিার পাওয়ার কথা, সরবরাহ পেয়েছেন সব মিলিয়ে সর্বোচ্চ দুই হাজার। এ কারণে অতিরিক্ত খরচ পোষাতে তাকে পাইকারি বিক্রি ২২০০ টাকা দাবি করতে হয়েছে। অর্থাৎ যেখানে ৫০ টাকা মুনাফা করার কথা, সেখানে ২১০ টাকা মুনাফা না করলে তিনি পোষাতে পারবেন না বলে দাবি করেন।
জানতে চাইলে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপিতি সেলিম খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ৩০ থেকে ৩২টা কোম্পানি লাইসেন্স নিলেও পাঁচ থেকে ছয়টা কোম্পানি সিলিন্ডার সাপ্লাই দিচ্ছে। প্রতিষ্ঠানভেদে ১৭৫০ থেকে ২০০ টাকায় তাদের সেই সিলিন্ডার কিনতে হচ্ছে। বিষয়টি এরই মধ্যে বিইআরসি ও মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এই বিষয়ে ১২ অক্টোবর (আগামীকাল) সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে পুরো পরিস্থিতি বর্ণনা করা হবে। প্রয়োজন অনুযায়ী সিলিন্ডার পাওয়া যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, কোনো ডিলার বা ডিস্টিবিউটরের কাছে সিলিন্ডারের মজুদ নেই। কাদের কাছে মজুদ আছে, সেই তথ্য বিইআরসি ও মন্ত্রণালয়ের কাছে আছে, তারা সব জানে। কেন ব্যবস্থা নিচ্ছে না বলতে পারব না।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পর্যাপ্ত জনবল ও নির্বাহী ক্ষমতা না থাকায় সরাসরি মাঠপর্যায়ে কঠোর ব্যবস্থা নেওয়া বেশ জটিল ও সংবেদনশীল। তবে আমদানীকৃত গ্যাসের দৈনিক হিসাব সংগ্রহ ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে বাজার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকাতে গ্যাস সংকটের সুযোগ নিয়ে সিলিন্ডারের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছেÑ এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। খিলগাঁও তিলপাপাড়া নিবাসী স্কুল শিক্ষিকা শিউলী ইকবাল বলেন, আগে কল দিলে সিলিন্ডার দিয়ে যেত। গত সোমবার কল দিয়েছিলাম, জানাল সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৫০ টাকা দিতে হবে। নিরুপায় হয়ে নিতে হয়েছে।
বুধবার খিলগাঁও জোরপুকুর এলাকায় একজন খুচরা বিক্রেতার দোকানে কথা হয় এলপিজির দাম নিয়ে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, এলপিজির সরবরাহ বাড়েনি। দিনে ৪০টি সিলিন্ডার চাইলেও পাওয়া যাচ্ছে ২০টি। আগের মতোই দামও বেশি নেওয়া হচ্ছে। ১২ কেজির প্রতিটি সিলিন্ডার তারা বিক্রি করছেন ২ হাজার ৪০০ টাকায়।
অতিরিক্ত দাম নেওয়ার বিষয়টি অস্বীকার না করে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব (অপারেশন বিভাগ) মনির হোসেন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, হঠাৎ করেই পরিস্থিতি ঠিক হয়ে যাবেÑ এমনটা আমরাও মনে করি না। তবে সরকারের পক্ষ থেকে নানাভাবে চেষ্টা করা হচ্ছে। জেলা প্রশাসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। বাজার মনিটর করতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।
এদিকে মন্ত্রণালয় থেকে জানা গেছে, এলপিজির অবৈধ মজুদদারি, কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় কঠোর নজরদারি শুরু করেছেন জেলা প্রশাসকরা। আমদানিকারক থেকে শুরু করে পরিবেশক ও খুচরা বিক্রেতা পর্যন্ত সরবরাহের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে জোরদার করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
তদন্ত করে মজুদদারির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এখন তো রাতারাতি আমদানি হবে না। আগেই পর্যাপ্ত আমদানি হয়েছে। এখন সরবরাহ বেড়ে যাবে। তার মানে হলো, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দাম বাড়ানো হলো। কারা মজুদ করেছে, তা তদন্ত করে দায়ী কোম্পানির লাইসেন্স বাতিল করা উচিত।