খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১২:১৪ পিএম
শুভ্রদেব ত্রিপুরা সাইমন। ফাইল ছবি
খাগড়াছড়ির সন্তান শুভ্রদেব ত্রিপুরা সাইমন। পাহাড়ের সবুজ-নীরব পরিবেশে বেড়ে ওঠা সেই শিশুটিই ধীরে ধীরে স্থানীয় বিদ্যালয় থেকে কলেজ, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। শেষ পর্যন্ত দেশের সীমানা পেরিয়ে সিঙ্গাপুরের Piedmont College of Theology থেকে এমপিএম ডিগ্রি অর্জন। এ অর্জন শুধু একটি একাডেমিক ডিগ্রি নয়; প্রত্যন্ত পাহাড়ি জনপদ থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার পরিসরে পৌঁছে যাওয়ার এক দীর্ঘ পথচলার স্বীকৃতি, একটি অনুপ্রেরণামূলক অধ্যায়।
শ্যামা চরণ ত্রিপুরা ও বিশ্বকুমারী ত্রিপুরা দম্পতির চার সন্তানের মধ্যে দ্বিতীয় শুভ্রদেব ত্রিপুরা। জন্ম মাটিরাঙ্গার তবলছড়ি হলেও পরিবারের সঙ্গে তিনি চলে আসেন খাগড়াছড়ি সদরের গাছবান এলাকায়। সেই গাছবান থেকেই শুরু হয় তার শিক্ষার পথচলা। শিক্ষার প্রথম পাঠ নেন যামিনী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোহন্ত কারবারি পাড়া সরকারি স্কুলে।
এরপর তবলছড়ি কদমতলি উচ্চ বিদ্যালয় এবং মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন। রাঙামাটি সরকারি কলেজ থেকে এইচএসসি পাসের পর ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। ২০০২-০৩ শিক্ষাবর্ষে আইন বিষয়ে এলএলবি (সম্মান) ও এলএলএম (মাস্টার্স) সম্পন্ন করেন তিনি। আইন বিষয়ে উচ্চশিক্ষা শেষে আইন পেশাকে কর্মক্ষেত্র হিসেবে বেছে নিলেও শিক্ষার প্রতি তার আগ্রহ আরও বিস্তৃত হয়েছে। একপর্যায়ে সেই শিক্ষার পথই তাকে নিয়ে যায় দেশের সীমানার বাইরে, সিঙ্গাপুরে।
শুভ্রদেব ত্রিপুরার ভাষ্য, তার জানা মতে বাংলাদেশের ত্রিপুরা সম্প্রদায়ের মধ্যে সিঙ্গাপুর থেকে প্যাসটোরাল মিনিস্ট্রি বিষয়ে মাস্টার্স অর্জনকারীদের মধ্যে তিনি একজন এবং সম্ভবত প্রথমদের একজন।
নিজের অনুভূতি প্রকাশ করে অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা বলেন, “অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা ভবিষ্যতে মানবসেবা, সমাজের কল্যাণ এবং পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর কাজে আরও কার্যকরভাবে ব্যবহার করাই অন্যতম লক্ষ্য”।
শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও পেশাগত ক্ষেত্রেও সক্রিয় শুভ্রদেব ত্রিপুরা। বর্তমানে তিনি ত্রিপুরা কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
একটি ডিগ্রির পেছনে কখনও শুধু পরীক্ষার ফল থাকে না; থাকে অপেক্ষা, ত্যাগ, উদ্বেগ, প্রার্থনা এবং অসংখ্য মানুষের নিঃশব্দ সহযোগিতা। দীর্ঘ শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে তাকে মোকাবিলা করতে হয়েছে নানা আর্থিক ও বাস্তব চ্যালেঞ্জ। তার এই পথচলায় পরিবারের পাশাপাশি যারা প্রার্থনা, ভালোবাসা, উৎসাহ এবং আর্থিকসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
গাছবানের মাটিতে যে শিক্ষার বীজ একদিন অঙ্কুরিত হয়েছিল, দীর্ঘ অধ্যবসায় ও সাধনায় তা আজ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক উচ্চশিক্ষার পরিসরে। তাই তার এই অর্জনকে শুধু একটি ডিগ্রির অর্জন নয়, এটি একজন মানুষের স্বপ্ন, সংগ্রাম, প্রার্থনা, অধ্যবসায় ও মানুষের প্রতি দায়বদ্ধতার গল্প। আর সেই গল্পের সবচেয়ে শক্তিশালী বার্তাটি হয়তো খুব সরল। শেকড় যতই প্রত্যন্তে হোক, স্বপ্নের কোনো সীমানা নেই।