× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম বক্ষব্যাধি হাসপাতাল

পরিত্যক্ত ভবনেই চলছে চিকিৎসাসেবা

মনির ফয়সাল, চট্টগ্রাম

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৫:২১ পিএম

চট্টগ্রামের ফৌজদারি বিভাগীয় বক্ষব্যাধি হাসপাতালের পরিত্যাক্ত ভবন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের ফৌজদারি বিভাগীয় বক্ষব্যাধি হাসপাতালের পরিত্যাক্ত ভবন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কমিটির অনুমোদন ও আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২০১৮ সালে ব্যবহার অনুপযোগী ঘোষণা করা হয় চট্টগ্রামের ফৌজদারহাট বিভাগীয় বক্ষব্যাধি হাসপাতালের একটি ভবন।

ভবনটি পরিত্যক্ত ঘোষণার প্রাতিষ্ঠানিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠলেও রোগীদের জন্য বিকল্প চিকিৎসাস্থল কিংবা নতুন ভবন নির্মাণে দৃশ্যমান উদ্যোগ নেই।

ফলে প্রাতিষ্ঠানিক অস্বচ্ছতার মধ্যেই সেই ‘পরিত্যক্ত’ ভবনেই প্রতিদিন চিকিৎসা নিচ্ছে শত শত ছোঁয়াচে যক্ষ্মা রোগী, বাড়ছে সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কাও।

চট্টগ্রাম বক্ষব্যাধি হাসপাতাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সম্প্রতি সরেজমিন হাসপাতাল ঘুরে দেখা যায়, দ্বিতল ভবনটির আন্তর্বিভাগে বর্তমানে ভর্তি ২৯ জন রোগী। নিচতলায় পুরুষ ও দ্বিতীয় তলায় নারী রোগীদের আলাদাভাবে চিকিৎসা চলছে। এ ছাড়া বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ৪০ থেকে ৫০ জন রোগী। 

চিকিৎসকরা জানান, যক্ষ্মা রোগীদের প্রাথমিক পর্যায়ে ওষুধ দিয়ে ঘরে রেখেই চিকিৎসা চললেও এমডিআরে আক্রান্ত রোগীকে ভর্তি করে অন্তত ৮ সপ্তাহ থেকে দীর্ঘমেয়াদি চিকিৎসা দিতে হয়। এ সময়ে সব ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। ভর্তীকৃত প্রতি রোগীর পেছনে সরকারের ব্যয় হয় ৩০ থেকে ৬০ হাজার টাকা।

হাটহাজারীর আসমা আক্তারের (২৭) বছরখানেক আগে ঘাড়ে লিম্ফনোড ফুলে ওঠার পর টিস্যু পরীক্ষায় ধরা পড়ে লিম্ফনোডের যক্ষ্মা। বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি হয়ে দীর্ঘ ৯ মাস চিকিৎসা নিয়ে এখন সুস্থ। ব্যয়বহুল এই চিকিৎসা সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় সম্পূর্ণ বিনামূল্যে পেয়েছি। প্রতি মাসে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণ পরীক্ষাও হয়েছে ফ্রি।

হাসপাতালে ভর্তি রিপন মিয়ার ছেলে মোহাম্মদ তানভীর বলেন, গত মাসে বাবাকে ভর্তি করলেও এখন পর্যন্ত কোনো ওষুধ বাইরে থেকে কিনতে হয়নি, হাসপাতালেই সব ফ্রি দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছর ২৬ আগস্ট পর্যন্ত মোট ১০১ জন ডিআর-টিবি রোগী শনাক্ত হয়েছে। ২০২৩ সালে ছিল ২২৮ জন। ডিআর-টিবির স্বল্পমেয়াদি চিকিৎসায় সফলতার হার ৮৬ শতাংশ হলেও দীর্ঘমেয়াদিতে তা ৭৪ শতাংশ।

হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. এস এম নুরুল করিম বলেন, ভবন পরিত্যক্ত ঘোষণার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম থাকে এবং কমিটি ও প্রতিষ্ঠানের মাধ্যমে তা করার কথা থাকলেও এখানে তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লোকজন ও পিডব্লিউডির ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্টদের নিয়ে ভবনটিকে পরিত্যক্ত দেখিয়ে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণার আগে কোনো আনুষ্ঠানিক অনুমোদন নেওয়া হয়নি, দেওয়া হয়নি কোনো চিঠিও। রোগীদের পুনর্বাসন বা বিকল্প চিকিৎসাস্থল নিশ্চিত না করেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। 

এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বক্ষব্যাধি হাসপাতালের ভবন পরিত্যক্ত ঘোষণার বিষয়ে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাবনা বা সিদ্ধান্তই আসেনি। মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কারণে হাসপাতালটি কোথাও স্থানান্তর হবে কি না, সে বিষয়েও স্বাস্থ্য অধিদপ্তরের কাছে কোনো দাপ্তরিক তথ্য পৌঁছায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা