× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাঁদ অভিযানে নেমেছে দুদক

তোফাজ্জল হোসেন কামাল

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১১:০৭ এএম

দুদকের লোগো।

দুদকের লোগো।

ফের সক্রিয় হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদ অভিযান। ঘুষ নেওয়ার সময় ফাঁদ পেতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হাতেনাতে আটক করতে তৎপর হয়েছে দুর্নীতিবিরোধী রাষ্ট্রীয় সংস্থাটি।

সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাবÑরেজিস্ট্রার, হেড ক্লার্ক ও উমেদারকে হাতেনাতে আটক করেছে ফাঁদ অভিযান পরিচালনাকারী দল।

এর আগে গত ফেব্রুয়ারিতে ফেনীতে এক লাখ টাকা ঘুষসহ আটক করা হয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও কার্যসহকারীকে। 

এদিকে রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সহ বিভিন্ন সরকারি দপ্তরেও দুর্নীতিবিরোধী এনফোর্সমেন্ট অভিযান জোরদার করা হয়েছে। প্রায় সাত মাস কমিশনবিহীন থাকার পর নতুন কমিশন দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে এই ফাঁদ অভিযান শুরু হয়েছে।

চট্টগ্রামের পাহাড়তলী সাবÑরেজিস্ট্রি কার্যালয়ের ঘটনায় সূত্র জানায়, এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারী চুক্তিপত্র নিবন্ধনের জন্য ওই কার্যালয়ে যান। কোনো ত্রুটি না থাকলেও তার দলিল নিবন্ধন আটকে রাখা হয়। পরে নিবন্ধনের বিনিময়ে তার কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করা হয়। বিষয়টি জানিয়ে আইনজীবী প্রথমে দুদকের হটলাইন ১০৬-এ এবং পরে লিখিত অভিযোগ দেন। অভিযোগ যাচাই করে প্রাথমিক সত্যতা পাওয়ার পর কমিশনের অনুমোদনে ফাঁদ অভিযান পরিচালনা করা হয়। নির্ধারিত দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে আটক করা হয়।

গত ফেব্রুয়ারিতে এক লাখ টাকা ঘুষসহ হাতেনাতে আটক করা হয় ফেনীর সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আল-সাঈদ ও কার্যসহকারী আবু নাছেরকে। অভিযোগ, পাঁচটি প্রকল্পের বিল পরিশোধের বিনিময়ে পিআইও ১২ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন। অভিযোগকারীর আবেদনের পর কমিশনের অনুমোদনে ফাঁদ অভিযান চালিয়ে ২৬ ফেব্রুয়ারি তাদের আটক করে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।

ফাঁদ অভিযান কোনো সাধারণ অভিযান নয়। দুদক সচিব মো. সাইদুর রহমান খান বলেন, ‘আমরা ফাঁদ অভিযান শুরু করেছি। অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের মধ্যে যারা ঘুষ লেনদেন করে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সক্ষম হব।’ তিনি বলেন, আগামীতে এসব অভিযান আরও জোরদার করা হবে। এজন্য দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ জানাতে ভুক্তভোগীদের প্রতি আহ্বান জানিয়েছেন দুদক সচিব।

দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের তথ্য অনুযায়ী, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি ফাঁদ অভিযানও পুনরায় জোরদার করা হচ্ছে। একসময় দুদকের দুর্নীতিবিরোধী কার্যক্রমের অন্যতম দৃশ্যমান কৌশল ছিল ফাঁদ পেতে ঘুষখোরদের হাতেনাতে গ্রেপ্তার করা। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালে ২৪টি ফাঁদ মামলা হয়। পরের বছর ২০১৮ সালে ১৫টি এবং ২০১৯ সালে ১৬টি ফাঁদ মামলা পরিচালিত হয়। ২০২০ সালে ১৮টি এবং ২০২১ সালে ছয়টি ফাঁদ মামলা হয়। সূত্রমতে, ২০১৭ থেকে ২০২১Ñ এই পাঁচ বছরে ৭৯টি ফাঁদ মামলা পরিচালনা করে দুদক। এর মধ্যে ২০১৭ সালেই সর্বোচ্চ ২৪টি ফাঁদ মামলা হয়। পরবর্তী সময় এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে কমতে থাকে।

দুদকের ফাঁদ অভিযানের অন্যতম উৎস সাধারণ মানুষের অভিযোগ। দুর্নীতির তথ্য সরাসরি জানাতে ২০১৭ সালের ২৭ জুলাই ১০৬ নম্বর হটলাইন চালু করে দুদক। পরবর্তী সময়ে এ হটলাইন দুর্নীতির অভিযোগ গ্রহণের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। 

চলতি বছরের ৩ মার্চ তৎকালীন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করার পর সংস্থাটি কমিশনবিহীন ছিল। পরে ১৭ আগস্ট নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগ দেওয়া হয়। গত ১৯ আগস্ট নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরপরই ফাঁদ অভিযান ও এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদারের বার্তা দেওয়া হয়।

দুদক কর্মকর্তারা বলছেন, অভিযোগ যাচাই করে ফাঁদ অভিযান পরিচালনার পাশাপাশি সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোয়ও এনফোর্সমেন্ট অভিযান অব্যাহত থাকবে। 


দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বাড়াতে গণশুনানি : দুর্নীতি দমনের পাশাপাশি প্রতিরোধ কার্যক্রম সক্রিয় করতে গণশুনানি কার্যক্রম সচল করেছে দুদক। এ কার্যক্রমের আওতায় দুদকের আয়োজনে প্রতিবছর জেলায় জেলায় গণশুনানি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি অর্থবছরে জুলাই থেকে জুন মাস পর্যন্ত বার্ষিক কর্মসূচিও প্রকাশ করা হচ্ছে। সে হিসেবে প্রতি জুন মাসে পরবর্তী ১২ মাসের গণশুনানির তালিকা প্রণয়ন করা হয়ে থাকে। তবে গত মার্চ থেকে কমিশন শূন্য থাকায় তালিকা প্রণয়ন করতে পারেনি দুদক।

গত ১৯ আগস্ট নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর ২৯ আগস্ট এক সমন্বয় সভায় গণশুনানি কার্যক্রম সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বার্ষিক গণশুনানির তালিকা এখনও প্রণয়ন করা হয়নি। তবে এরই মধ্যে আগামী ১৫ অক্টোবর ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বর্তমান কমিশনের অধীন রাজউকের কার্যক্রমের ওপর গণশুনানি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন দুদক চেয়ারম্যান। বিশেষ অতিথি থাকবেন কমিশনার (তদন্ত) ও কমিশনার (অনুসন্ধান)।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে জানান, দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে দুদকের সার্বিক তত্ত্বাবধানে জেলা-উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতিবিরোধী আলোচনা সভা, সেমিনার, মানববন্ধন, র‌্যালি, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতাসহ জনসচেতনতামূলক কার্যক্রম হয়ে থাকে। এর বাইরেও দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বাড়াতে দুদকের অন্যতম কার্যকর একটি আয়োজন ‘গণশুনানি।’

দুদকের পরিসংখ্যান অনুযায়ী, শুরুতে বছরে দু-তিনটি জেলায় গণশুনানি হলেও গত বছর ২০২৫ সালে সর্বোচ্চ ২৩টি গণশুনানি অনুষ্ঠিত হয়। এর আগে ২০২৪ সালে ৬টি, ২০২৩ সালে ১৩টি, ২০২২ সালে ৩টি, ২০২১ সালে ১টি এবং ২০২০ সালে ৫টি গণশুনানি হয়েছে।

২০২৪ ও ২০২৫ সালের গণশুনানিতে উঠে আসা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাবেক মন্ত্রী, সাবেক এমপি, প্রভাবশালী রাজনীতিবিদ, শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও আমলাসহ ১ হাজার ৭৪৩ জনের বিরুদ্ধে ৪৫২টি মামলা হয়েছে। এই সংখ্যা আগের বছরগুলোর তুলনায় সর্বোচ্চ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা