সরেজমিন
আজিজুল ইসলাম
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ০৮:৫৯ এএম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিরপুর ১০ এলাকার ফুটপাত উচ্ছেদ করায় এলাকাবাসীর চলাচল নির্বিঘ্ন হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর মিরপুর-১০। একসময় ব্যস্ত এই এলাকার ফুটপাত দিয়ে হাঁটা মানেই পথচারীদের জন্য ছিল বড় ধরনের ভোগান্তি। ফুটপাতজুড়ে সারি সারি দোকান, ভ্যানে বিভিন্ন পণ্যের পসরা আর ক্রেতাদের ভিড়ে হাঁটার পথ খুঁজে পাওয়া যেত না।
বাধ্য হয়ে পথচারীরা নামতেন মূল সড়কে। এতে তৈরি হতো যানজট, বাড়ত দুর্ঘটনার ঝুঁকি। বিশেষ করে, স্কুল-কলেজ, হাসপাতাল, ফায়ার সার্ভিস স্টেশন ও শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়ামের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে পরিস্থিতি ছিল আরও ভয়াবহ।
তবে সাম্প্রতিক হকার উচ্ছেদ অভিযানের পর বদলে গেছে সেই চিত্র। মিরপুর-১০, সেনপাড়া, হোপ মার্কেট, মিরপুর-১, মিরপুর-১৩ ও ১৪ নম্বর এলাকা ঘুরে দেখা গেছে, অনেক ফুটপাত এখন প্রায় পুরোপুরি ফাঁকা। নির্বিঘ্নে হাঁটছেন পথচারী। সড়কেও আগের তুলনায় বিশৃঙ্খলা কমেছে। কোথাও কোথাও চলছে রাস্তার দুই পাশে সবুজায়নের কাজ। বৃহস্পতিবার এসব এলাকা ঘুরে দেখা যায়, মিরপুর-১০ নম্বর থেকে সেনপাড়া ও হোপ মার্কেট পর্যন্ত ফুটপাতের বড় একটি অংশ দখলমুক্ত। ফুটপাতের ওপর নেই আগের মতো দোকানের সারি। রাস্তার পাশে মালামাল নিয়ে বসে থাকা ভ্যানও তুলনামূলক কম। ফলে পথচারীরা অনেকটা স্বস্তিতেই চলাচল করছে। মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী মাসুমা আক্তার বলে, ‘স্কুলের পাশের ফুটপাতজুড়ে আগে দোকান ছিল। স্কুলে ঢুকতে গিয়ে প্রতিদিন যানজটে পড়তে হতো।’
‘প্রতিদিন মনে হতো সাঁতরিয়ে স্কুলে ঢুকছি। এখন ফুটপাতে কোনো দোকান নেই, রাস্তাও ফাঁকা। খুবই ভালো লাগে,’ বলে সে। একই এলাকায় আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের বিপরীতে আদর্শ উচ্চ বিদ্যালয়। সকাল ১১টার পর সেখানে সন্তানকে নিয়ে আসা অভিভাবক আঞ্জুয়ারা বেগমের সঙ্গে কথা হয়। তিনি বলেন, আগে রাস্তার দুই পাশ দিয়ে হাঁটার উপায় ছিল না। ফুটপাতের ওপর দোকান, তার ওপর রাস্তার অর্ধেকজুড়ে ভ্যান রেখে মালামাল বিক্রি করা হতো। এমন অবস্থা হয়েছিল, যেন আমরা অসহায়। এখন আলহামদুলিল্লাহ, মিরপুরজুড়েই স্বস্তির খবর। সরকারের এই উদ্যোগের জন্য ধন্যবাদ।’
ফুটপাত ফাঁকা, কিন্তু নতুন উৎপাত ব্যাটারিচালিত অটোরিকশার
হকার উচ্ছেদের পর মিরপুরের ফুটপাতের চিত্র বদলালেও নতুন সমস্যা চোখে পড়েছেÑ ব্যাটারিচালিত অটোরিকশা। স্থানীয়ভাবে যেগুলোকে ‘টেসলা’ বলা হয়, সেগুলোর চলাচল ও অবস্থান কিছু এলাকায় বেড়েছে। ফুটপাত দখলমুক্ত হওয়ার পর যেখানে পথচারী স্বচ্ছন্দে হাঁটার সুযোগ পাচ্ছে, সেখানে এসব ব্যাটারিচালিত যান কোথাও কোথাও সড়কের পাশে দাঁড়িয়ে থাকায় নতুন করে বিশৃঙ্খলা তৈরি করছে। ফলে হকারমুক্ত ফুটপাতের পাশাপাশি যানবাহন নিয়ন্ত্রণেও নজর দেওয়ার দাবি উঠেছে। এদিকে মিরপুর-১ থেকে মিরপুর-১৪ নম্বর পর্যন্ত সড়কের দুই পাশে সবুজায়নের কাজও দেখা গেছে। রাস্তার পাশে গাছ লাগানোর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি এই পরিবেশও যেন দীর্ঘস্থায়ী হয়।
শাহ আলী মার্কেটের চিত্র পুরোপুরি বদলায়নি
মিরপুর-১ নম্বরে অবশ্য চিত্র কিছুটা ভিন্ন। শাহ আলী মার্কেটের সামনে এখনও ফুটপাতের ওপর হকারদের ব্যবসা করতে দেখা গেছে। কেউ টেবিল পেতে পণ্য বিক্রি করছে, কেউ ছাউনি টানিয়ে বসেছে। তবে স্থানীয়দের দাবি, আগের তুলনায় হকারের সংখ্যা কমেছে অনেক। অর্থাৎ উচ্ছেদ অভিযান মিরপুরের সব এলাকায় একইভাবে কার্যকর হয়নি। কোথাও পুরোপুরি দখলমুক্ত হয়েছে ফুটপাত, আবার কোথাও পুরনো চিত্র কিছুটা ফিরে এসেছে।
মিরপুর-১০ নম্বর এলাকায় উচ্ছেদের পরও কয়েকজন ভ্রাম্যমাণ হকারকে দেখা যায়। কেউ গলায় কফির জগ ও কাপ ঝুলিয়ে কফি বিক্রি করছেন, কেউ পান-সিগারেট বিক্রি করছেন। কেউ আবার আখ মাড়াইয়ের ছোট মেশিন নিয়ে বসেছেন। তাদেরই একজন রহমত আলী। বয়স ৫০-এর বেশি। ফুটপাতের পাশে দাঁড়িয়ে কথা বলার সময় তিনি নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন। ‘বাবা, আমার ওপর সংসার চলে। ঘরে স্বামী পরিত্যক্তা এক মেয়ে ও নাতি আছে। আমরা স্বামী-স্ত্রী। আমাদের তো করে খেতে হবে। বসে থাকলে তো চলবে না। আছে এনজিওর লোনও। কিস্তির লোক তো আমাদের ব্যবসা দেখে না। তাই ঝুঁকি হলেও আসতে হয়,’ বলেন তিনি।
ফুটপাতে ব্যবসা করা অন্যায় ও বেআইনিÑ এ কথা জানেন কি না, জানতে চাইলে রহমত আলী বলেন, ‘বাবা, সবই বুঝি। এভাবেই তো জীবনটা চলে গেল। এখন সরকার যদি আমাদের তুলে দেয়, তাহলে কর্মের ব্যবস্থা করুক।’
‘আগে বেচাকেনা ছিল, এখন কাস্টমার কম’
হোপ মার্কেটের একটি গলিতে কথা হয় বন্ধু টেইলার্সের কাটিংম্যান আজিজুর রহমানের সঙ্গে। তার দোকানের সামনেও আগে ছিল অনেক হকারের দোকান। আজিজুর রহমান বলেন, বেশি দোকান থাকলে সমস্যা যেমন ছিল, তেমনি ব্যবসার দিক থেকেও কিছু সুবিধা ছিল। মানুষের আনাগোনা বেশি থাকায় বেচাকেনাও হতো। তবে প্রতিদিনই ছিনতাই, চাঁদাবাজি ও পকেটমারের ঘটনা ঘটত। এখন কিছুটা স্বস্তি এসেছে। তবে কাস্টমার কম।’ একই ধরনের কথা বলেন আল বারাকা বেডিং অ্যান্ড থান কাপড় স্টোরের সেলসম্যান মো. জাহিদ।
উচ্ছেদ নিয়ে প্রশ্ন হকারদের
ফুটপাত দখলমুক্ত করার অভিযানে বাধা দেওয়ার ঘটনায় করা মামলার এক আসামি, যিনি নিজেও ফুটপাতের ব্যবসায়ী, নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন। ‘আমাদেরও তো পেট আছে। আমরা প্রশাসক মহোদয়ের সঙ্গে বসার চেষ্টা করছি। যদি সমাধান না হয়, হয়তো আন্দোলনে যেতে হবে,’ বলেন তিনি।
বিকল্প না দিয়ে উচ্ছেদ করা হয়েছেÑ এমন অভিযোগ তুলে তিনি বলেন, ‘এই ফুটপাতের ব্যবসা তো এক দিনের না। বিনা নোটিসে উচ্ছেদে আসা ঠিক হয়নি। আমাদের বিকল্প দিয়ে উচ্ছেদ করা যেত। তারপরও আমরা দুঃখপ্রকাশ করেছি। এখন তো পালিয়ে বেড়াচ্ছি। আমাদের অনুরোধ, মামলা তুলে নিয়ে ব্যবসার ব্যবস্থা করা হোক।’ তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, উচ্ছেদ হওয়া ব্যক্তিদের সঙ্গে আলোচনা চলছে এবং বিকল্প মার্কেটের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে মো. জাকির হোসেন বলেন, প্রশাসক ইতোমধ্যে উচ্ছেদের শিকার ব্যক্তিদের সঙ্গে বসেছেন এবং তাদের দাবিদাওয়া শুনছেন। তাদের জন্য বিকল্প মার্কেটের ব্যবস্থার কথাও আলোচনা হচ্ছে।
তবে তিনি স্পষ্ট করে বলেন, উচ্ছেদ হওয়া জায়গায় কোনোভাবেই আবার দোকান বসানোর সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, মিরপুর-১০ ও ১৩ নম্বর এলাকার দীর্ঘদিনের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এখন ফুটপাত পরিষ্কার রাখা এবং আগের অবস্থায় ফিরে না যাওয়ার বিষয়টি তদারক করা হচ্ছে। তিনি বলেন, যেকোনো মূল্যে ফুটপাত পরিষ্কার রাখা হবে। উচ্ছেদের দিন থেকেই পুলিশ মাঠে ছিল, এখনও আছে এবং পরবর্তী দিনগুলোতেও থাকবে।
শুধু উচ্ছেদ নয়, দরকার স্থায়ী সমাধান
ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন বলেন, হকারদের শুধু উচ্ছেদ করলেই হবে না। তাদের যথেষ্ট সময় দিয়ে উচ্ছেদ করা এবং বিকল্প কর্মসংস্থান অথবা মার্কেটের ব্যবস্থা করা প্রয়োজন। তিনি বলেন, ‘আমরা সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে যা করলে ভালো হয়, সেটার চেষ্টা করছি।’