× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদ উপনেতার পদ পূরণ হয়নি এখনও

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ০৮:২৩ এএম

জাতীয় সংসদ। ছবি: বাসস

জাতীয় সংসদ। ছবি: বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ ও সরকার গঠনের পর প্রায় আট মাস পার হতে চললেও এখনও সংসদ উপনেতা নির্বাচন করেনি ক্ষমতাসীন বিএনপি। গত ১৭ ফেব্রুয়ারি সরকারি সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে সর্বসম্মতভাবে সংসদ নেতা নির্বাচন করা হয়। কিন্তু সংসদের গুরুত্বপূর্ণ এই পদটি শূন্যই রয়েছে।

সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে সংসদ সদস্যপদ ছাড়ার পর আসনবিন্যাসে পরিবর্তন ঘটে। তাতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সংসদ নেতার পাশের আসনে দেখা যায়। এ থেকে অনেকেই ধারণা করেন, তাকে হয়তো উপনেতা করা হবে। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

অবশ্য বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সংসদ উপনেতার পদটি বাধ্যতামূলকভাবে পূরণ করার কোনো সাংবিধানিক রীতি নেই। সংবিধানের ৭৪ অনুচ্ছেদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বাধ্যবাধকতা স্পষ্টভাবে উল্লেখ থাকলেও সংসদ উপনেতার বিষয়ে এমন কোনো বিধান নেই। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২(১)(ট) অনুযায়ী সংসদ উপনেতার কাজ হলো সংসদ নেতাকে সংসদীয় কার্যক্রম ও আইন প্রণয়নসংক্রান্ত কাজে সহায়তা করা। একইভাবে বিরোধীদলীয় উপনেতা বিরোধীদলীয় নেতাকে সংসদীয় কার্যক্রম ও কৌশল সমন্বয়ে সহায়তা করেন।

বিএনপির সংসদীয় রাজনীতির ইতিহাসে উপনেতার পদ দীর্ঘ সময় শূন্য রাখার নজির রয়েছে। ২০০১ সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠনের পর একিউএম বদরুদ্দোজা চৌধুরী সংসদ উপনেতা হন। তবে একই বছরের ১৪ নভেম্বর তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে পদটি শূন্য হয়ে যায়। এরপর খালেদা জিয়ার সরকারের পুরো মেয়াদের বাকি সময় অন্য কাউকে সংসদ উপনেতা করা হয়নি। সেই সময় সংসদ উপনেতা হিসেবে আবদুল মান্নান ভূঁইয়া ও এম সাইফুর রহমানের নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত ওই পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। একইভাবে ২০০৮ সালের নির্বাচনের পর বিএনপি বিরোধী দলে গেলে মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার ও সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম আলোচনায় এলেও কাউকে বিরোধীদলীয় উপনেতা করা হয়নি।

অন্যদিকে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে সংসদ উপনেতার পদটি তুলনামূলক ধারাবাহিকভাবে পূরণ হয়েছে। ১৯৯৬ সালের সপ্তম সংসদে জিল্লুর রহমান সংসদ উপনেতা ছিলেন। ২০০১ সালের অষ্টম সংসদে বিএনপির বদরুদ্দোজা চৌধুরী স্বল্প সময়ের জন্য আবার ওই পদে আসেন। নবম সংসদে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রথমে জিল্লুর রহমান সংসদ উপনেতা হন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি সৈয়দা সাজেদা চৌধুরী তার স্থলাভিষিক্ত হন। দশম ও একাদশ সংসদেও সাজেদা চৌধুরী এ পদে ছিলেন। তার মৃত্যুর পর ২০২৩ সালের জানুয়ারিতে মতিয়া চৌধুরী সংসদ উপনেতা হন।

স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদে সৈয়দ নজরুল ইসলাম এবং বিএনপি নেতৃত্বাধীন দ্বিতীয় সংসদে মওদুদ আহমদ সংসদ উপনেতার দায়িত্ব পালন করেন। জাতীয় পার্টির শাসনামলে তৃতীয় সংসদে কাজী জাফর আহমদ এবং চতুর্থ সংসদে শাহ মোয়াজ্জেম হোসেন সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। হুসেইন মুহম্মদ এরশাদের পতন-পরবর্তী পঞ্চম সংসদে বিএনপির একিউএম বদরুদ্দোজা চৌধুরী সংসদ উপনেতার দায়িত্ব পালন করেন। সপ্তম জাতীয় সংসদে জিল্লুর রহমান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর পাশাপাশি সংসদ উপনেতা ছিলেন।

বিরোধীদলীয় উপনেতার পদও সব সংসদে একইভাবে ব্যবহৃত হয়নি। পঞ্চম সংসদে আবদুস সামাদ আজাদ বিরোধীদলীয় উপনেতা ছিলেন। অষ্টম সংসদে ছিলেন আবদুল হামিদ। নবম সংসদে বিএনপি বিরোধী দলে যাওয়ার পর এ পদ আর পূরণ করেনি। ২০০৯ সালের শুরুতে দলটির পক্ষ থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম সম্ভাব্য উপনেতা হিসেবে আলোচনায় এলেও শেষ পর্যন্ত কোনো মনোনয়ন দেওয়া হয়নি। বর্তমান ত্রয়োদশ সংসদে অবশ্য বিরোধীদলীয় উপনেতার পদটি পূরণ হয়েছে। কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। 

সংসদ সদস্যদের পারিতোষিক ও ভাতা সংক্রান্ত আইনেও ‘ডেপুটি লিডার অব দ্য হাউস’ বা সংসদ উপনেতার পদকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সাধারণত ক্ষমতাসীন দলের উপনেতা পূর্ণ মন্ত্রী এবং বিরোধী দলের উপনেতা প্রতিমন্ত্রীর সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। সংসদীয় কাঠামোর মধ্যে প্রাতিষ্ঠানিক স্বীকৃত এই পদটি পূরণ নিয়ে বিএনপির মধ্যেই ভিন্নমত রয়েছে। সালাহউদ্দিন আহমেদ ছাড়াও কোনো দায়িত্ব না পাওয়া গয়েশ্বর চন্দ্র রায় এই পদে আসছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে গয়েশ্বর রায় নিজেই বলেছেন, তিনি কিছুই জানেন না। তিনি এ পদ পাবেনÑ এমনটাও আশা করছেন না; কেননা তিনি মনে করছেন, দলের ভেতরেই তার বিরোধিতা করার লোক আছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা