× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপরাধ-অনিয়মের ঘটনা

ভাইরাল হলে টনক নড়ে পুলিশের

নুর মোহাম্মদ মিঠু

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ০৮:০৯ এএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৬ ০৮:১০ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

অপরাধের শিকার হয়ে থানায় গিয়েও অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক আইনি সহায়তা পাচ্ছেন না ভুক্তভোগী। অভিযোগ নিতে, তদন্তে কিংবা আসামি গ্রেপ্তারে গড়িমসি করছে সংশ্লিষ্ট থানা ও কর্মকর্তারা।

অথচ একই ঘটনা ফেসবুক, ভিডিও বা গণমাধ্যমে ছড়িয়ে পড়লেই দ্রুত বদলে যায় পরিস্থিতি। শুরু হয় অভিযান, গ্রেপ্তার ও প্রশাসনিক তৎপরতা।

এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, ভাইরাল না হলে কি অপরাধ গুরুত্ব পায় না? পুলিশ অবশ্য এমন অভিযোগ অস্বীকার করছে। 

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র আক্তার হোসেন বলেন, ‘পুলিশ তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয়। তবে অনেক ক্ষেত্রে কোনো ঘটনার বিষয়ে পুলিশ আগে থেকে জানে না। পরে সেটি ভাইরাল বা আলোচিত হলে পুলিশ জানতে পারে এবং ব্যবস্থা নেয়।’ তিনি বলেন, ‘পুলিশের অ্যাকশন নেওয়া ১০০টা ঘটনার মধ্যে একটি হয়তো ভাইরাল ঘটনা। তার মানে ভাইরাল হওয়া একটা-দুইটা ঘটনাকে উদাহরণ হিসেবে টানা হচ্ছে। অথচ ভাইরাল হওয়ার আগে পুলিশ যে ১০০টা মামলা নিচ্ছে, সেগুলো নিয়ে কাজ করছে সেটি উদাহরণ হিসেবে আনা হচ্ছে না।’

তবে পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক কয়েকটি ঘটনা ভাইরাল হওয়ার পর পুলিশের তৎপরতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। যেমনÑ গত ২৩ সেপ্টেম্বর গুলশানে প্রাইভেটকারের চাপায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, দুর্ঘটনার পর পাইলটের ছেলেকে ছেড়ে দিয়ে পরিবারের চালককে মামলায় আসামি করা হয়। পরে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। এরপর পুলিশ পাইলটপুত্রকে গ্রেপ্তার ও মামলায় আসামি করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এ ঘটনায় প্রভাবশালী পরিবারের কেউ ঘটনায় জড়ালে তদন্ত ও মামলা পরিচালনায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত ৩০ সেপ্টেম্বর পল্লবীর মিরপুর-১১ এলাকায় একটি ফার্মেসিতে ঢুকে দোকানদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ ওঠে ১০ থেকে ১২ জনের একটি দলের বিরুদ্ধে। হামলার সময় তাকে ‘আশিক বাহিনীর ইনফরমার’ আখ্যা দিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। অভিযোগ অনুযায়ী ঘটনার ৬ দিন পর ভাইরাল হওয়া ভিডিও দেখে থানার ওসি বিষয়টি জানতে পারেন। পল্লবী থানার ওসি হাসান বাসির জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ভুক্তভোগীকে মামলা করতে বলা হয়েছে। কয়েকজনের নামও পুলিশ জানতে পেরেছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।

স্থানীয়দের অভিযোগ, পল্লবী-মিরপুর এলাকায় চাঁদাবাজি, মাদক, ঝুট ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক গ্রুপ সক্রিয়। এমন এলাকায় সংঘবদ্ধ হামলার ঘটনাও যদি ভাইরাল হওয়ার আগে পুলিশের নজরে না আসে, তাহলে এটা বলা কঠিন যে, মাঠপর্যায়ে পুলিশের নজরদারি রয়েছে।

মোহাম্মদপুরে সাংবাদিক আহমাদ ওয়াদুদ রাতে চাপাতির আঘাত ও ছিনতাইয়ের শিকার হন। থানায় গেলেও তিনি সহযোগিতা পেতে ব্যর্থ হন। পরে পুরো ঘটনা ফেসবুকে তুলে ধরলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। তখন দায়িত্বে অবহেলার অভিযোগে মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্য ও কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। একই ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের পোশাক ও চেকপোস্ট ব্যবহার করে গাড়ি থামিয়ে ডাকাতির অভিযোগ ওঠে। ভুক্তভোগীরা ঘটনাটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিলে সেটি দ্রুত ভাইরাল হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে ভুয়া পুলিশ সেজে ডাকাতির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে। এটি নিশ্চয়ই পুলিশের সাফল্য। তবে পর্যবেক্ষকদের প্রশ্ন, ভিডিও প্রকাশ্যে না এলে অভিযান হতো কি?

ঢাকায় বসে ভুয়া ফেসবুক পেজ খুলে কম দামে আইফোন ও বিভিন্ন গ্যাজেট বিক্রির বিজ্ঞাপন দিয়ে শত শত মানুষের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীরা ফেসবুকে একের পর এক পোস্ট করলে বিষয়টি আলোচনায় আসে। পরে ডিবি প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

অবশ্য সব ক্ষেত্রে ভাইরালের অপেক্ষা করতে হয় না। গত ৬ অক্টোবর যাত্রাবাড়ীতে একটি অটোরিকশা গ্যারেজে পুলিশ পরিচয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা গ্যারেজে চোরাই অটোরিকশা রাখা হয়েছে দাবি করে মালিককে ভয়ভীতি দেখাচ্ছিল। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় দেখা যাচ্ছে, তথ্য দ্রুত পুলিশের কাছে গেলে ভাইরাল ছাড়াই ব্যবস্থা নেওয়া সম্ভব।

অভিযোগের মাপকাঠি ভাইরাল নয় : যে ভুক্তভোগীর স্মার্টফোন নেই, ভিডিও করার সুযোগ নেই কিংবা সামাজিক মাধ্যমে নিজের কথা তুলে ধরার সক্ষমতা নেই, তার অভিযোগও সমান গুরুত্ব পাওয়ার কথা। একজন নাগরিক থানায় গিয়ে অভিযোগ করলে তার গুরুত্ব নির্ধারিত হওয়ার কথা আইনি ভিত্তিতে; কত লাখ মানুষ ভিডিওটি দেখেছে, তার ভিত্তিতে নয়। এ বিষয়ে বিভিন্ন সময় উচ্চ আদালতের পর্যবেক্ষণেও সামাজিক মাধ্যমে কোনো ঘটনা ভাইরাল হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২০ সালের ৫ অক্টোবর এই পর্যবেক্ষণ দেন উচ্চ আদালত। ফলে বিষয়টি শুধু নাগরিকের ক্ষোভ নয়, প্রাতিষ্ঠানিক জবাবদিহিরও প্রশ্ন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল‍্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ‘কোনো ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রশাসনের জোরালো তৎপরতা ইতিবাচক হতে পারে; তবে এটি নিয়মিত আইনশৃঙ্খলা ব্যবস্থার বিকল্প নয়। নাগরিক থানায় অভিযোগ করার পরই সেটি গুরুত্ব দিয়ে যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া পুলিশের দায়িত্ব। ভাইরাল হওয়ার পর ব্যবস্থা নেওয়ার প্রবণতা তৈরি হলে মানুষের মধ্যে ধারণা তৈরি হতে পারে যে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার ছাড়া অভিযোগের যথাযথ মূল্যায়ন হয় না।’

এ প্রসঙ্গে ডিএমপির মুখপাত্র আক্তার হোসেন বলেন, ‘পুলিশ প্রতিটি ঘটনার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। অনেক ক্ষেত্রে পুলিশ আগে থেকে অবগত থাকে না। পরে ঘটনা ভাইরাল বা আলোচিত হলে পুলিশ জানতে পারে। ভাইরাল হওয়ার আগে কোনো তথ্য না থাকলে পরে ব্যবস্থা নেওয়া হয়।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা